প্রকাশের সময়: ২২ মে ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, ২২ মে : রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এ দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ জহির চন্দন। তিনি বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। সামাজিক অবক্ষয় ও আইনের দুর্বল প্রয়োগ অপরাধীদের আরও উৎসাহিত করছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, পল্লবীর ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন। তিনি বলেন, সমাজে নারীকে মানুষ হিসেবে না দেখে ভোগ্যপণ্য হিসেবে দেখার প্রবণতা অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ।
তিনি দ্রুত বিচার দাবি করে বলেন, সরকারকে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে।
এছাড়া সমাবেশে বক্তব্য দেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লূনা নূর, সাবেক সভাপতি সাজেদুল হক, সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার এবং নারী শাখার সদস্য মনোয়ারা বেগম।
সমাবেশ সঞ্চালনা করেন সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন।
নেতারা বলেন, শুধু শাস্তি নয়, সমাজে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আপনার মূল্যবান মতামত দিন: