odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 29th August 2026, ২৯th August ২০২৬

নেপালে দ্বিতীয় দফায় বন্যার আশঙ্কা, ভূমিধসে তৈরি হ্রদ নিয়ে চীনের সতর্কতা

odhikarpatra | প্রকাশিত: ২৮ August ২০২৬ ২৩:২১

odhikarpatra
প্রকাশিত: ২৮ August ২০২৬ ২৩:২১

অধিকার পত্র ডটকম/আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা, ২৮ আগস্ট ২০২৬: নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের পর দ্বিতীয় দফায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সাম্প্রতিক ভূমিধসের ফলে সৃষ্ট একটি হ্রদের বাঁধ ভেঙে ভাটির দিকে ভয়াবহ বন্যা হতে পারে বলে সতর্ক করেছে চীন।

চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিধসের কারণে তৈরি হওয়া হ্রদটির পানি উপচে পড়ার ‘উচ্চ ঝুঁকি’ রয়েছে। এতে ভাটির বিস্তীর্ণ এলাকায় নতুন করে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে নেপালের রাসুয়া এলাকায় ভয়াবহ বন্যার পর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৫৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৯২৪ জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়া কয়েকশ মানুষের তথ্য নতুন করে হিসাবে যুক্ত হওয়ায় নিখোঁজ বা যোগাযোগ বিচ্ছিন্ন মানুষের সংখ্যা দ্রুত বেড়েছে।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, দেশটিতে ৫৭৫ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন। তারা ৩৬টি দেশের নাগরিক। নিখোঁজদের মধ্যে ১৮৩ জন ভারতীয়, ৬৫ জন মার্কিন, ৬২ জন ইউক্রেনীয় এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন। এছাড়া নেপালের ১৪৯ জন নাগরিকও নিখোঁজ রয়েছেন।

বুধবারের আকস্মিক বন্যায় প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)।

বন্যার স্রোতে অনেক মরদেহ দূরের বিভিন্ন জেলায় ভেসে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করা এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা নিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

ভয়াবহ এই দুর্যোগের পর নেপালকে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মাত্রার দুর্যোগ “এর আগে কখনও দেখা যায়নি”

এদিকে নেপালের বন্যা পরিস্থিতি ও উদ্ধার তৎপরতা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: