অধিকারপত্র ডটকম
ঢাকা, ২৯ আগস্ট ২০২৬: রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সাতটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে রাজধানীর যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল, পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের সিদ্ধান্তগুলো জানান।
বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য একটি অ্যাপ তৈরি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের দীর্ঘদিনের যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগের প্রতিবেদন পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনীয় সুপারিশসহ নতুন প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে জমা দিতে বুয়েটকে বলা হয়েছে। এ কার্যক্রম সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে বাস্তবায়ন করা হবে।
এ ছাড়া রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
স্থায়ী টার্মিনাল নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় আগামী চার মাসের মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সচিবালয়ের আশপাশের যানজট কমাতে পার্কিং ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়। এ জন্য ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিং সুবিধা করা যায় কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিকল্প পার্কিংয়ের স্থান খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানীতে অটোরিকশা চলাচল আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে অনুমোদনহীন ডাবল ডেকার ও স্লিপার বাসের চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: