অধিকার পত্র ডেস্ক:
চট্টগ্রাম বন্দর থেকে সাভারের একটি রপ্তানিমুখী পোশাক কারখানার আমদানি করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের কাপড়ের রোলভর্তি কন্টেইনার গায়েবের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের উত্তর কৈয়গ্রামের মো. মোর্শেদ আলম (৩১) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার মো. সাইদুর রহমান (৫১)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের জেটি সরকার হিসেবে দায়িত্ব পালন করতেন।
মামলার তথ্য ও পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ১১ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ম্যানেজারের দপ্তরের এফসিএল সেকশনে অবস্থানকালে তারা সহযোগীদের সঙ্গে যোগসাজশ করে প্রতারণার আশ্রয় নেন।
এ সময় বিভিন্ন নথি ও স্বাক্ষর জাল করে অন-ডেট ও অন-চেসিস অ্যাসাইনমেন্টের কপি আসল কাগজপত্র হিসেবে ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ওই জাল নথি ব্যবহার করে কাপড়ের রোলভর্তি কন্টেইনারটি চট্টগ্রাম বন্দরের ১ নম্বর গেট দিয়ে বের করে নেওয়া হয়।
গায়েব হওয়া কন্টেইনারটিতে সাভারের রপ্তানিমুখী পোশাক শিল্পপ্রতিষ্ঠান গোল্ড স্টার গার্মেন্টস লিমিটেডের আমদানি করা কাপড়ের রোল ছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় চট্টগ্রাম বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, কন্টেইনার গায়েবের ঘটনায় আরও যারা জড়িত থাকতে পারেন, তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: