odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 10th September 2026, ১০th September ২০২৬
পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় বাবা-মায়ের মৃত্যু। বিয়ের দুই দিন আগে পরিবারে নেমেছে শোক।

ছেলের বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না, ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-মায়ের

odhikarpatra | প্রকাশিত: ৯ September ২০২৬ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ৯ September ২০২৬ ২৩:৫৭

ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা

 অধিকারপত্র পত্র ডেস্ক:/

পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন এক দম্পতি। শুক্রবার ছেলের বিয়ে হওয়ার কথা থাকলেও বিয়ের মাত্র দুই দিন আগে বুধবার সন্ধ্যায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-মাকে হারিয়ে শোকের মাতম নেমে এসেছে পরিবারটিতে।

নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।

স্থানীয়রা জানান, আগামী শুক্রবার আনোয়ার মালিথার ছেলে সিয়ামের বিয়ে হওয়ার কথা। এ উপলক্ষে বুধবার স্ত্রী স্বপ্না খাতুনকে সঙ্গে নিয়ে ছেলের বিয়ের কেনাকাটা করতে ঈশ্বরদী পৌর শহরে যান আনোয়ার। কেনাকাটা শেষে সন্ধ্যায় তারা মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন।

পথে পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে স্বপ্না খাতুন ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহত হন আনোয়ার মালিথা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ছেলের বিয়ের আনন্দের প্রস্তুতির মধ্যেই বাবা-মায়ের এমন মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। বিয়ের আয়োজন মুহূর্তেই পরিণত হয়েছে শোকের আবহে। স্বজন ও স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে গভীর শোক।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: