odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 12th September 2026, ১২th September ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের কর্মসূচি, তরুণদের দেশ গঠনে সক্রিয় হওয়ার আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান: আসুন এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি

odhikarpatra | প্রকাশিত: ১২ September ২০২৬ ১৮:২৭

odhikarpatra
প্রকাশিত: ১২ September ২০২৬ ১৮:২৭

অধিকার পত্র ডটকম, বিশেষ প্রতিনিধি:

ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬: দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে তরুণ সমাজকে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায়, তাহলে তা সম্ভব। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজের পরিবর্তনের সক্ষমতা বিশ্বকে দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি। আগামী তিন মাসে আমাদের ডেঙ্গুর সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করি। হয়তো আমরা শতভাগ পারবো না, কিন্তু অন্তত ৮০ শতাংশ আমরা পারবো।’

প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; জনগণের সচেতনতা ও অংশগ্রহণও প্রয়োজন। এ জন্য স্কাউট, বিএনসিসি, গার্লস গাইড, স্বেচ্ছাসেবক এবং শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান জানান, দেশে প্রায় ২৩ লাখ স্কাউট সদস্য, ২২ হাজার বিএনসিসি সদস্য এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী রয়েছে। এসব তরুণ ও স্বেচ্ছাসেবীকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত করা গেলে দ্রুত পরিবর্তন আনা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

ডেঙ্গু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন স্থানে পড়ে থাকা প্লাস্টিক, মাটির পাত্র, ভাঙারি ও অন্যান্য সামগ্রীতে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার প্রজনন হতে পারে। সবাই মিলে এসব প্রজননস্থল ধ্বংস করলে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব।

তিনি বলেন, প্রত্যেকে যদি নিজের বাসা, স্কুল, কলেজ বা কর্মস্থল সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন, তাহলে দ্রুত পরিবর্তন আনা সম্ভব হবে। একই সঙ্গে যেখানে-সেখানে আবর্জনা ফেলার প্রবণতা বন্ধে সামাজিকভাবে মানুষকে সচেতন ও নিরুৎসাহিত করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘তাই কথা একটাই। কাজ, কাজ, আর কাজ। এবং পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন আর পরিচ্ছন্নতাই হতে হবে আমাদের আগামী দিনের মূল লক্ষ্য।’

১২ সেপ্টেম্বর শুরু হওয়া দেশব্যাপী এই ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। ঢাকা ছাড়াও দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী, পরিচ্ছন্নতাকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: