odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 17th September 2026, ১৭th September ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে ক্যাম্পাসে দখল ও রুম দখলের রাজনীতি বন্ধের কথা বললেন ছাত্রদল সভাপতি

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম: কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না

odhikarpatra | প্রকাশিত: ১৭ September ২০২৬ ০৫:৪০

odhikarpatra
প্রকাশিত: ১৭ September ২০২৬ ০৫:৪০

অধিকার পত্র ডটকম,জবি প্রতিনিধি,

শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বাদ দিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেছেন, দেশের কোনো ক্যাম্পাসে আর সন্ত্রাসী ছাত্ররাজনীতি চলবে না এবং কোনো শিক্ষার্থীকে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হবে না।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্রদল সভাপতি বলেন, ছাত্ররাজনীতির কারণে কোনো সাধারণ শিক্ষার্থীকে কোনো কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হবে না। একই সঙ্গে দখল ও রুম দখলের রাজনীতিরও বিরোধিতা করেন তিনি।

রাকিবুল ইসলাম শিক্ষার্থীদের পড়াশোনা ও ক্যারিয়ার গঠনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তাঁর ভাষ্য অনুযায়ী, লাখ লাখ শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সময়ের প্রতিটি মুহূর্ত কাজে লাগানো উচিত।

তিনি শুধু বিসিএস বা সরকারি চাকরিকে ক্যারিয়ারের একমাত্র লক্ষ্য না ধরে বেসরকারি খাত, তথ্যপ্রযুক্তি, তৈরি পোশাকশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ খোঁজার আহ্বান জানান।

ছাত্রদলের আগের আন্দোলনের প্রসঙ্গ তুলে রাকিবুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়ন এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গত কয়েক বছর ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনটির নেতা-কর্মীরা প্রতিবাদ করে আসছেন। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডে অনেক নেতা-কর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন এবং অনেকে শিক্ষাজীবন শেষ করতে পারেননি।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকারও প্রশংসা করেন ছাত্রদল সভাপতি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্যসচিব শামসুল আরেফিন। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মোফাজ্জল হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম মাওলা, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সুমন সরদার ও মোস্তাফিজুর রহমানসহ অনেকে।



আপনার মূল্যবান মতামত দিন: