odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 18th September 2026, ১৮th September ২০২৬

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করতে চায় ইসি: সানাউল্লাহ

odhikarpatra | প্রকাশিত: ১৭ September ২০২৬ ২৩:৩৮

odhikarpatra
প্রকাশিত: ১৭ September ২০২৬ ২৩:৩৮

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করতে চায় ইসি: সানাউল্লাহ

অধিকার সংযুক্ত নিউজ

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬: আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে ইসির প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য নির্বাচন কমিশনার এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভা শেষে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন এইচএসসি পরীক্ষার আগে অর্থাৎ ৬ জুনের মধ্যেই সম্পন্ন করার বিষয়ে সভায় সবাই সম্মত হয়েছেন।

তিনি বলেন, সভায় নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে শিক্ষাব্যবস্থার বিষয়টি গুরুত্ব পেয়েছে। বন্যার কারণে মাধ্যমিক শিক্ষার বিভিন্ন স্তরে যে প্রভাব পড়েছিল, তা এখন কাটিয়ে ওঠা হচ্ছে। এ অবস্থায় নির্বাচন আয়োজনের কারণে যাতে পরীক্ষাগুলো ব্যাহত না হয়, সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনী প্রশিক্ষণ ও দায়িত্ব পালনের জন্য একজন শিক্ষকের অন্তত এক সপ্তাহ সময় প্রয়োজন হয়। একই সঙ্গে তাঁদের মূল্যায়ন ও পরীক্ষাসংক্রান্ত প্রস্তুতির কাজও রয়েছে। তাই পরীক্ষা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়টি কমিশন বিবেচনায় নেবে।

তিনি জানান, নির্বাচন আয়োজনের আগে আরও কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হবে। পাশাপাশি বাজেট পরিকল্পনার কাজও দ্রুত সম্পন্ন করা হবে। এসব কাজ শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হবে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সভায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে।

তিনি জানান, ওই উপনির্বাচনে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।