odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 21st September 2026, ২১st September ২০২৬
জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্টি হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার

জনগণের শক্তিই বিএনপির রাজনীতির মূল ভিত্তি: রিজভী

odhikarpatra | প্রকাশিত: ২১ September ২০২৬ ২২:০৭

odhikarpatra
প্রকাশিত: ২১ September ২০২৬ ২২:০৭

অধিকার সত্র ডটকম, পলিটব্যুরো :

ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬: বিএনপি ক্ষমতার জোরে নয়, জনগণের শক্তির ওপর নির্ভর করেই রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর নয়াপল্টনে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমানে বিএনপি দেশের দায়িত্বে রয়েছে। তবে দলটি ক্ষমতার জোর দেখিয়ে কখনো রাজনীতি করেনি। বিএনপি যে শক্তির ওপর নির্ভর করে, সেটি জনগণের শক্তি।

তিনি বলেন, বিরোধী দলকে গণতান্ত্রিক পরিবেশে কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হচ্ছে। সংসদের ভেতরে-বাইরে কথা বলা এবং রাজনৈতিক কর্মসূচি পালনে তাদের কোনো বাধা নেই।

বিএনপি সরকারের সময় বিরোধী দলের কর্মসূচি পালনের সুযোগ প্রসঙ্গে রিজভী বলেন, অতীতে বিরোধী দলের লং মার্চ বিভিন্ন স্থানে বাধার মুখে পড়লেও তারেক রহমানের সরকারের সময় ঢাকা থেকে রংপুরগামী লং মার্চ টাঙ্গাইল ও বগুড়া হয়ে নির্বিঘ্নে রংপুরে পৌঁছেছে। পথে বিভিন্ন স্থানে সভাও হয়েছে বলে দাবি করেন তিনি।

রিজভী বলেন, দেশে শান্তিময় পরিবেশ বিরাজ করছে এবং বিরোধী দল তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করছে। তবে নতুন নেতৃত্বে আসা বিরোধী দলের কয়েকজন নেতা হুমকি-ধামকি, অশালীন ও মিথ্যা বক্তব্য, অপপ্রচার এবং প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন বলে অভিযোগ করেন তিনি।

বিরোধী দলের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আজ যারা বিরোধী দলে রয়েছেন, তারা আগামীতে সরকারেও যেতে পারেন। সে ক্ষেত্রে সরকার পরিচালনার বিষয়ে তাদের পরিকল্পনা কী—এটি জানতে চান তিনি। একই সঙ্গে বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলের কোনো বিকল্প প্রস্তাব থাকলে তা তুলে ধরার আহ্বান জানান।

জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, বর্তমান সংকট প্রধানমন্ত্রী তারেক রহমান বা বিএনপি সরকারের সৃষ্টি নয়। বৈশ্বিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি জানান, গ্যাস সরবরাহ কমে গেলে শিল্পকারখানা পরিচালনা ও বাসাবাড়িতে রান্নার চুলা জ্বালানো কঠিন হয়ে পড়ে। সংকট মোকাবিলায় সরকার বাজেটের বাইরে আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করে মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো কাছের দেশ থেকে গ্যাস ও এলএনজি আনার উদ্যোগ নিয়েছে।

একটি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সমস্যা হয়েছিল উল্লেখ করে রিজভী বলেন, সেটি ঠিক করা হয়েছে। বর্তমানে গ্যাসের চাপ বেড়েছে এবং বিদ্যুৎ সংকটও ধীরে ধীরে কমছে বলে দাবি করেন তিনি।

বিএনপিকে এক দফার হুমকি দিয়ে ভয় দেখানো যাবে না মন্তব্য করে রিজভী বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর সঙ্গে রাজপথের দীর্ঘ সম্পর্ক রয়েছে।

তারেক রহমান জোর করে ক্ষমতায় আসেননি উল্লেখ করে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে এবং দলের নেতাকর্মীরা আত্মত্যাগ করেছেন। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ সময় ধরে জনগণকে সুসংগঠিত ও প্রস্তুত করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

সরকারের খাল খনন কর্মসূচির প্রসঙ্গে রিজভী বলেন, পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ২৫ হাজার কোটি গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। এর ফলে বরিশালের ঐতিহ্য পুনরুদ্ধার হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, বিএনপি অবলম্বনহীন বা খুঁটিবিহীন রাজনৈতিক দল নয়। বিএনপির শক্তির ভিত্তি জনগণ। জনগণের সেই ভিত্তি অত্যন্ত শক্ত বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: বাসস

 

বিএনপি জনগণের শক্তির ওপর নির্ভর করে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। জ্বালানি সংকট ও বিরোধী দলের কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি।

 

#অধিকার #বিএনপি #রুহুলকবিররিজভী #তারেকরহমান #রাজনীতি #বাংলাদেশ