odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd October 2026, ২nd October ২০২৬
বঙ্গভবনে বিজেসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ; গণমাধ্যমের গুণগত মান, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব রাষ্ট্রপতির

জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

odhikarpatra | প্রকাশিত: ১ October ২০২৬ ২৩:৫০

odhikarpatra
প্রকাশিত: ১ October ২০২৬ ২৩:৫০

অধিকার পত্র ডেস্ক

জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য টেলিভিশন সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা

রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক উত্তরণ ও পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে গণমাধ্যমের প্রতিনিধিরা সক্রিয় ভূমিকা পালন করেছেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

দেশগঠন ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে দেশের ব্রডকাস্ট সাংবাদিকতা, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।

দীর্ঘ সংগ্রামের সময়ে গণমাধ্যমকর্মীদের পাশে থাকার কথা স্মরণ করে রাষ্ট্রপতি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গণমাধ্যমের মানোন্নয়নের ওপর গুরুত্ব

রাষ্ট্রপতি বলেন, শুধু টেলিভিশন চ্যানেলের সংখ্যা বাড়ালেই হবে না; একই সঙ্গে গণমাধ্যমের গুণগত মানও বজায় রাখতে হবে।

গণমাধ্যমের বিভিন্ন সমস্যা সমাধানে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের গুরুত্ব তুলে ধরেন তিনি। একই সঙ্গে নীতিনির্ধারকদের বৃহৎ পরিসরে, দীর্ঘমেয়াদি ও দূরদৃষ্টিসম্পন্ন পরিকল্পনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের আহ্বান জানান।

ডিজিটালাইজেশন ও স্বনির্ভরতার মাধ্যমে টেলিভিশন চ্যানেলগুলোকে টেকসই করার জন্য সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

রাজনৈতিক স্থিতিশীলতার আহ্বান

রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে গণতন্ত্রচর্চা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা গেলে দেশ আরও উন্নতির পথে এগিয়ে যেতে পারত।

দীর্ঘ সংগ্রাম ও রক্তপাতের পর নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ পরিহারের আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের কল্যাণে বিজেসির কার্যক্রম

সাক্ষাৎকালে বিজেসির নেতারা জানান, সংগঠনটি মূলত সম্প্রচার সাংবাদিকদের কল্যাণে কাজ করে। সাংবাদিকদের পেশাগত গুণগত মান উন্নয়নে প্রশিক্ষণের পাশাপাশি স্বাস্থ্য সহায়তা, বীমাসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয়।

রাষ্ট্রপতি বিজেসির কল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে সাংবাদিকদের আয় বৃদ্ধির জন্য কার্যকর কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন।

সাক্ষাৎকালে বিজেসি প্রতিনিধিদলের সদস্য ফাহিম আহমেদ, ইলিয়াস হোসেন, তালাত মামুন, মাহমুদ হাসান, শরিফুল ইসলাম খান, শাহ আজিজুর রহমান কিরণ, জামানুল ফেরদৌস মানু, বেলায়েত হোসেন, নায়লা পারভীন পিয়া ও সাইফুল শাকিল উপস্থিত ছিলেন।

এ সময় রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব ও সহকারী সামরিক সচিবও উপস্থিত ছিলেন।