*ঝিনাইদহ প্রতিনিধি | অধিকারপত্র ডটকম
ঝিনাইদহে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সার ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে জেলা প্রশাসক মো. নোমান হোসেন প্রিন্সের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। বিতর্কিত ডিলার নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে নিয়োগের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে জেলা প্রশাসকের উদ্দেশে কঠোর বক্তব্য দেন দলটির নেতারা।
রোববার (১৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী আয়োজিত প্রায় দেড় ঘণ্টার কর্মসূচিতে জেলার ছয়টি উপজেলা থেকে আসা শত শত নেতাকর্মী অংশ নেন।
ডিসিকে উদ্দেশ করে কঠোর বক্তব্য
প্রতিবাদ সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই জেলা প্রশাসককে উদ্দেশ করে বলেন, ‘সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে হাতে চুড়ি পরে বসে থাকুন।’
জেলা প্রশাসকের কার্যালয়কে ঘিরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, কার্যালয়টিকে দুর্নীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে জেলা প্রশাসকের পদ ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জেলা প্রশাসকের উদ্দেশে চুড়ি পাঠানোর কথাও বলেন এই জামায়াত নেতা।
জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদকে ঘিরে কথিত অভ্যন্তরীণ সিন্ডিকেটের অভিযোগও তোলেন আব্দুল হাই। তাঁর দাবি, আত্মীয়স্বজনের যোগসাজশে প্রতিষ্ঠান দুটি পরিচালিত হচ্ছে। এসব অভিযোগের সমাধান না হলে দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।
ডিলার নিয়োগ বাতিলের দাবি
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকর অভিযোগ করেন, সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয়েছে। তাঁর দাবি, এর ফলে কৃত্রিম সারসংকট তৈরির মাধ্যমে সাধারণ কৃষকদের ভোগান্তিতে ফেলার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, আগের সরকারের আমলে নিয়োগ পাওয়া ডিলারদের কারণে কৃষকেরা নানা সমস্যায় পড়ছেন। এ পরিস্থিতিতে বিতর্কিত সার-বীজ মনিটরিং কমিটি বাতিল এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া ডিলারশিপগুলো বাতিল করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন করে ডিলার নিয়োগ দিতে হবে।
জামায়াত নেতারা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে কৃষকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা।
সমাবেশে উপস্থিত ছিলেন যাঁরা
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী আব্দুল আলিম, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল এবং সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
সমাবেশ থেকে বিতর্কিত ডিলার নিয়োগ বাতিল, অভিযোগ তদন্ত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে নিয়োগের দাবি জানানো হয়। তবে এসব অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক মো. নোমান হোসেন প্রিন্সের বক্তব্য পাওয়া যায়নি।
‘দায়িত্ব পালন করতে না পারলে হাতে চুড়ি পরে বসে থাকুন’—ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতা: #ঝিনাইদহ #জামায়াতে_ইসলামী #সার_ডিলার_নিয়োগ #জেলা_প্রশাসক #দুর্নীতির_অভিযোগ #অধিকারপত্র
