odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 20th October 2026, ২০th October ২০২৬
নাজিরপুর বাজারের সরকারি জমি উদ্ধার করে প্রকৃত ব্যবসায়ীদের নতুন করে বরাদ্দ দেওয়ার আশ্বাস; আইনবহির্ভূত দখলদারত্ব বন্ধের ঘোষণা

সরকারি জমি দখল করে মাফিয়া ডন হওয়ার সুযোগ নেই: ডেপুটি স্পিকার

odhikarpatra | প্রকাশিত: ১৯ October ২০২৬ ১৯:৫০

odhikarpatra
প্রকাশিত: ১৯ October ২০২৬ ১৯:৫০

নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম

সরকারি জমি দখল করে কেউ যেন প্রভাবশালী হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, ‘আমরা মাফিয়া ডন বানাব না। সরকারি জায়গা কোনো ভাইয়ের হাতে তুলে দেওয়া হবে না। প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দেওয়া হবে।’ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠসংলগ্ন পুকুর পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। কায়সার কামাল বলেন, এক বছরের জন্য ইজারা নিয়ে কেউ যেন আইন অমান্য করে নতুন করে প্রভাবশালী হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করা হবে। সরকারি জায়গায় আইনবহির্ভূতভাবে ভবন নির্মাণ করে দখলদারত্ব প্রতিষ্ঠার সুযোগ আর দেওয়া হবে না। আইনের ঊর্ধ্বে কেউ নন।

নাজিরপুর বাজারে নতুন বরাদ্দের উদ্যোগ

কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারের সরকারি জমি উদ্ধার ও সেখানে ব্যবসায়ীদের নতুন করে বরাদ্দ দেওয়ার বিষয়ে ডেপুটি স্পিকার বলেন, বাজারটিকে জিম্মি করে জনগণের সম্পদের ওপর অট্টালিকা নির্মাণ করা হয়েছিল। সরকার আইনগত প্রক্রিয়ায় সেই সরকারি সম্পদ উদ্ধার করেছে। তিনি জানান, উদ্ধার করা জায়গায় উন্মুক্ত পরিবেশে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। আগে যেসব ব্যবসায়ী সেখানে ব্যবসা করতেন, তাঁদের নাম-ঠিকানার তথ্য রয়েছে। তাঁদের নতুন করে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালিকানা দেওয়ার আশ্বাস

ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি স্বীকার করে কায়সার কামাল বলেন, ‘আমার ব্যবসায়ী ভাইয়েরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি জানি। আমি সেটা অস্বীকার করব না।’ তিনি জানান, আগে ওই ব্যবসায়ীদের অধিকাংশই ভাড়াটিয়া হিসেবে ব্যবসা করতেন। এখন তাঁদের মালিক হওয়ার সুযোগ তৈরি করে দিতে বন্দোবস্তের ব্যবস্থা করা হচ্ছে। ডেপুটি স্পিকার আরও বলেন, ব্যক্তিগত লালসা ও স্বার্থসিদ্ধির জন্য নাজিরপুরকে ব্যবহার করতে দেওয়া হবে না। সরকারি সম্পদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার নিশ্চিত করা হবে। প্রকৃত ব্যবসায়ীরা যাতে সেখানে ব্যবসা করার সুযোগ পান, সেটিকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।