আন্তর্জাতিক ডেস্ক | ৩০ অক্টোবর ২০২৬
হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনে আঘাত লেগে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় একটি নৌপথ দিয়ে চলাচলের সময় তিনটি তেলবাহী জাহাজ সমুদ্র মাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়।
পরে ইরানের সেনাবাহিনী জানায়, প্রণালির পূর্বাঞ্চলে আরেকটি জাহাজও মাইনে আঘাত পেয়ে আগুনের কবলে পড়ে।
আইআরজিসির দাবি, জাহাজগুলো তাদের রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল এবং নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে চলাচল করছিল। তবে জাহাজগুলোর নাম, কোন দেশের পতাকাবাহী ছিল এবং ঘটনার সুনির্দিষ্ট সময় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং জাহাজের নাবিকদের অবস্থা তখনও নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, হরমুজ প্রণালির আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রধান নৌপথগুলো সমুদ্র মাইনমুক্ত করা হয়েছে। তবে ইরান এ দাবির বিরোধিতা করেছে।
উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি। বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে সেখানে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
**সূত্র: আল জাজিরা, এএফপি ও ইউকেএমটিও।**
