odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 3rd November 2026, ৩rd November ২০২৬
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ; টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত শিল্প পুলিশের এএসপি, অধিকাংশ কারখানায় ছুটি।

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন

odhikarpatra | প্রকাশিত: ২ November ২০২৬ ২১:৪০

odhikarpatra
প্রকাশিত: ২ November ২০২৬ ২১:৪০

 

অধিকার পত্র ডটকম | ২ নভেম্বর ২০২৬

সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি পোশাক কারখানার কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়েছে। সংঘর্ষে শিল্প পুলিশের এক সহকারী পুলিশ সুপার আহত হয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার পর ঢাকা-আশুলিয়া শিল্পাঞ্চলের আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে নরসিংহপুরের নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি শেষে কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন বিষয়।

পরে বিক্ষোভ আশপাশের কারখানায় ছড়িয়ে পড়ে। শ্রমিকরা প্রথমে অনন্ত এবং পরে হা-মীম কারখানার সামনে জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে সংঘর্ষের সময় ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার শোয়েব আহমেদ আহত হন।

এদিকে সকাল ১১টা ১০ মিনিটের দিকে নরসিংহপুরের নদী ফিলিং স্টেশনের সামনে একটি পোশাক কারখানার কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। এ ঘটনার পর শিল্পাঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যায়। নিরাপত্তার কারণে সড়কের পাশের অধিকাংশ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) শোয়েব আহম্মেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

প্রতিবেদন লেখার সময় বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থানে ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি।

 

 

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন! ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল পোশাকশিল্প এলাকা

#আশুলিয়া #শ্রমিকবিক্ষোভ #পোশাকশিল্প #শ্রমিকআন্দোলন #ন্যূনতমমজুরি #সাভার #অধিকারপত্রডটকম