নিউজ ডেস্ক | অধিকারপত্র
দেশে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া হামে বিপুল সংখ্যক শিশুর মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে দায়ী করে তাঁদের বিচার ও শাস্তির দাবি জানানো হয়েছে। রোববার (৩ মে) বিকেলে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনের সামনের সড়কে হিউম্যানিটারিয়ান ইউনিটি উইথ মোরালিটি (এইচইউএম) নামক একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি তোলা হয়।
শোক ও ক্ষোভের মানববন্ধন
কর্মসূচির শুরুতে হামে মৃত শিশুদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মানববন্ধনে অংশ নেন সন্তান হারানো ভুক্তভোগী পরিবার, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় অংশগ্রহণকারীরা স্লোগান দেন হামে কেন মরল আমাদের সন্তান, জবাব দাও ইউনূস, জবাব দাও নূরজাহান।
শিশুদের মৃত্যুর দায় নিয়ে অভিযোগ
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন বাংলাদেশ একসময় উচ্চ টিকাদান কভারেজের জন্য বিশ্বে রোল মডেল ছিল। কিন্তু ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের ভ্রান্ত নীতি ও অবহেলার কারণে টিকা সংগ্রহ ব্যবস্থায় বিপর্যয় নেমে আসে। সংগঠনের আহ্বায়ক হাসান আহমেদ বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ মে পর্যন্ত অন্তত ২৯৪ জন শিশু হাম ও এর উপসর্গে মারা গেছে। ইউনিসেফ বারবার সতর্ক করা সত্ত্বেও সরকার তাদের কাছ থেকে টিকা কেনা বন্ধ করে উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালু করে। আমলাতান্ত্রিক জটিলতা ও এনজিও-নির্ভর নীতির কারণে দেশে টিকার সংকট তৈরি হয়, যার বলি হয়েছে আমাদের নিষ্পাপ শিশুরা।
ভুক্তভোগীদের আর্তনাদ
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আসা সোনিয়া আক্তার তার যমজ নাতনিকে হারানোর বেদনা তুলে ধরে বলেন, টিকাকেন্দ্রে গিয়েও টিকা পাইনি। চিকিৎসা করাতে গিয়ে দুই লাখ টাকা ঋণ করেছি, তাও নাতনিটাকে বাঁচাতে পারলাম না। টিকা থাকলে আজ ফাতেমা বেঁচে থাকত। আরেক অভিভাবক মোহাম্মদ আলাউদ্দিন অভিযোগ করেন, সরকারের গাফিলতিতেই টিকার অভাবে তার সন্তান মারা গেছে।
তিন দফা দাবি
মানববন্ধন থেকে সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়:
ক্ষতিপূরণ: হামে মৃত শিশুদের পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে এবং এই অর্থ দায়ী ব্যক্তি হিসেবে ড. ইউনূস ও নূরজাহান বেগমের কাছ থেকে আদায় করতে হবে।
তদন্ত: টিকা সংগ্রহে ব্যর্থতা ও দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তা দ্রুত তদন্ত করতে হবে।
আইনি শাস্তি: পরিকল্পিতভাবে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অপরাধে ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
পরবর্তী কর্মসূচি
আয়োজকরা জানান দ্রুত দাবি মানা না হলে দেশের আটটি বিভাগে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে পর্যায়ক্রমে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এইচইউএম-এর যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এহসানুল আজিজ বাবু, হাবিবউল্লাহ মেসবাহ এবং এস এম কামরুজ্জামান সাগর। উল্লেখ্য স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী গত ৪৯ দিনে দেশে ৪০ হাজার ৪৯১ জন শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তি হতে হয়েছে ২৭ হাজার ৮১৬ জনকে।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: