odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 4th March 2026, ৪th March ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে নকলের কোনো স্থান থাকবে না : উপাচার্য

odhikarpatra | প্রকাশিত: ১৩ January ২০২৫ ২০:০৭

odhikarpatra
প্রকাশিত: ১৩ January ২০২৫ ২০:০৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নকলের উপর জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে বিগত সময়ে নকলের পরিবেশের কথা তুলে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এখন থেকে আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা নকল করা চলবে না। এ নকলের সুযোগের ফলে বিগত সময়ে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই শিক্ষার মানোন্নয়নের জন্য অবশ্যই নকল প্রতিরোধ করতে হবে।'

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় এর অধিভুক্ত কলেজের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপাচার্য এসময় কলেজে শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘যে কোন মূল্যে ছাত্র-ছাত্রীদের কলেজের উপস্থিতির হার বৃদ্ধি করতে হবে। যদিও নানা সমস্যা রয়েছে, তবুও ছাত্র-ছাত্রীদের ক্লাসে ফেরানোর জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

ছাত্র-ছাত্রীদের ক্লাসে ফেরানোর পাশাপাশি বর্তমান সিলেবাসকে সংস্কার করে যুগোপযোগী করার বিষয়ে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের সঙ্গে স্কিল বেইজড শিক্ষার সংমিশ্রণে অধ্যয়নের ব্যবস্থা করা হচ্ছে, যাতে দেশে বেকারত্বের হার ধীরে ধীরে কমে যায়।

স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফকির রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।



আপনার মূল্যবান মতামত দিন: