odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 14th April 2026, ১৪th April ২০২৬
রাউজানে গুলি করে হত্যা: অলি মিয়া হাট এলাকায় সশস্ত্র হামলা, আতঙ্কে স্থানীয়রা

রাউজানে ইফতারের পর চায়ের দোকানে গুলিবর্ষণ, নিহত ১—১৮ মাসে প্রাণ গেল ১৮ জনের

odhikarpatra | প্রকাশিত: ২৫ February ২০২৬ ২১:১৩

odhikarpatra
প্রকাশিত: ২৫ February ২০২৬ ২১:১৩

ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার

চট্টগ্রামের রাউজান উপজেলায় ইফতারের পর চায়ের দোকানে বসে থাকা অবস্থায় মুজিব ভান্ডারী (৬০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যার দিকে উপজেলার অলি মিয়া হাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ক্রাইম প্রতিনিধি জানায়, স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে—ইফতারের পর অলি মিয়া হাট এলাকার একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি গল্প করছিলেন। এ সময় বাইরে থেকে সশস্ত্র কয়েকজন যুবক এসে মুজিব ভান্ডারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, ইফতারের পর চায়ের দোকানে বসা অবস্থায় গুলির ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এদিকে, সাম্প্রতিক সময়ে রাউজানে সহিংসতার ঘটনা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। পরিসংখ্যান অনুযায়ী, গত ১৮ মাসে এ উপজেলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। সর্বশেষ এই গুলির ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: