odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th June 2026, ৭th June ২০২৬
বর্জ্য সংগ্রহে অনিয়ম বন্ধে কঠোর অবস্থানে ডিএসসিসি, প্রতিদিন ময়লা অপসারণের নির্দেশ

ঢাকায় ময়লার বিল ১০০ টাকার বেশি নিলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি

odhikarpatra | প্রকাশিত: ১১ May ২০২৬ ২১:২৪

odhikarpatra
প্রকাশিত: ১১ May ২০২৬ ২১:২৪

অধিকারপত্র ডটকম, নিজস্ব প্রতিবেদক, 

রাজধানীর বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের নির্ধারিত বিল নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এখন থেকে আওতাভুক্ত এলাকায় বাড়িপ্রতি মাসিক ১০০ টাকার বেশি ময়লার বিল আদায় করা হলে সংশ্লিষ্ট বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার নগর ভবনের অডিটরিয়ামে প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর (পিসিএসপি) সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সভায় তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে—কিছু প্রতিষ্ঠান নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা আদায় করছে এবং প্রতিদিন নিয়মিত বর্জ্য সংগ্রহ করছে না। এসব অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ডিএসসিসি প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ফ্ল্যাট বা বাসাবাড়ি থেকে মাসিক সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত বিল নেওয়া যাবে এবং তা অবশ্যই নির্ধারিত রশিদের মাধ্যমে আদায় করতে হবে।

এ ছাড়া প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো এলাকায় ময়লা জমে থাকতে দেওয়া যাবে না বলেও সভায় জানানো হয়।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশেষ প্রস্তুতির কথাও তুলে ধরা হয়। ঈদের পরবর্তী তিন দিন কোনো পরিচ্ছন্নতা কর্মী বা সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে থাকতে পারবেন না। প্রতিটি ওয়ার্ড পুরোপুরি বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের মাঠে কাজ চালিয়ে যেতে হবে।

পিসিএসপি ঠিকাদারদের সরাসরি মাঠে উপস্থিত থেকে কার্যক্রম তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত ভ্যান ও জনবল নিশ্চিত করার কথাও বলা হয়।

সভায় নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পরিচ্ছন্নতাকর্মীদের পরিষ্কার পোশাক পরে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। রাস্তা বা খালে ময়লা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো বাসা থেকে নির্ধারিত স্থানে ময়লা না রেখে খাল বা সড়কে ফেলা হলে সংশ্লিষ্ট বাসার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

ডিএসসিসি প্রশাসক বলেন, বর্জ্য ব্যবস্থাপনা শুধু একটি সেবা নয়, এটি সামাজিক ও মানবিক দায়িত্বেরও অংশ। চুক্তির শর্ত ভঙ্গ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: