অধিকারপত্র ডটকম
ইবি প্রতিনিধি,
ইসলামী বিশ্ববিদ্যালয়-এ ইসলামিক স্টাডিজ ও বাংলাদেশ স্টাডিজ কোর্স সকল ধর্মের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ক্রেডিট কোর্স করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে পূর্বের ন্যায় কোর্স দুটি নন-ক্রেডিট হিসেবে বহাল রাখা, আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ৫০ শতাংশ কোটা বাতিল এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম দ্রুত ডিজিটালাইজড করার দাবি জানানো হয়।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদলের নেতারা বলেন, সাম্প্রতিক একাডেমিক ও ভর্তি সংক্রান্ত সিদ্ধান্তগুলো সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ এবং বৈষম্যের অনুভূতি তৈরি করছে। তারা বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার স্বার্থে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
তাদের দাবির মধ্যে আরও রয়েছে—ভর্তি প্রক্রিয়ায় এনালগ পদ্ধতির কারণে সৃষ্ট জটিলতা দূর করা, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে মূল ও সাময়িক সনদ, ট্রান্সক্রিপ্ট এবং সেমিস্টার বা বার্ষিক নম্বরপত্র উত্তোলনের দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করা।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিও উত্থাপন করেন ছাত্রদল নেতাকর্মীরা।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে আর কোনো নন-ক্রেডিট কোর্স রাখা হবে না। তাই ইসলামিক স্টাডিজ ও বাংলাদেশ স্টাডিজ কোর্স দুটি ক্রেডিট কোর্স হিসেবেই বহাল থাকবে।
তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষার্থীদের ইসলামের নৈতিক ও মানবিক দিক সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ কোর্সে ধর্মীয় আনুষ্ঠানিক বিধিবিধান শেখানো হবে না।
প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশনের বিষয়ে উপাচার্য জানান, এ নিয়ে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। আর আল-ফিকহ বিভাগে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ কোটা বাতিলের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
পোষ্য কোটা বাতিলের দাবির বিষয়ে তিনি বলেন, দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোটা চালু রয়েছে। তবুও বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি ছাত্রদল ইসলামিক স্টাডিজ বাংলাদেশ স্টাডিজ ক্রেডিট কোর্স উপাচার্য কুষ্টিয়া পোষ্য কোটা ডিজিটালাইজেশন

আপনার মূল্যবান মতামত দিন: