odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th June 2026, ৭th June ২০২৬
জেবা জান্নাতের অভিযোগে মুক্তি আটকে গেল সিনেমা, প্রশ্ন উঠেছে শিল্পীর অধিকার নিয়ে

গ্ল্যামারগার্ল জেবা জান্নাতের হুশিয়ার আটকে গেল, হাসান জাহাঙ্গীরের স্বপ্ন! মোহনীয় লাবণ্যের প্রতীক, অনিন্দ্যসুন্দরী মৌসুমীকে নিয়ে শুরু হওয়া ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-বাতিল

odhikarpatra | প্রকাশিত: ১২ May ২০২৬ ১৫:৫৮

odhikarpatra
প্রকাশিত: ১২ May ২০২৬ ১৫:৫৮

অধিকারপত্র ডটকম 

বিনোদন ডেস্ক

ঢাকা: অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের পর নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।

বিএফডিসি সূত্র জানায়, শুরুতে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’কে নাটক হিসেবে উপস্থাপন করা হয়েছিল। সে অনুযায়ী শিল্পীদের সঙ্গে কাজের আলোচনা ও অংশগ্রহণ হয়। পরে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির উদ্যোগ নেওয়া হলে আপত্তি তোলেন অভিনেত্রী জেবা জান্নাত।

জেবা জান্নাত অভিযোগ করেন, তাকে প্রকল্পটির প্রকৃত ধরন সম্পর্কে স্পষ্টভাবে জানানো হয়নি। পাশাপাশি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তিও করা হয়নি। তার এই অভিযোগের পর বিষয়টি পুনর্বিবেচনায় নেয় বিএফডিসি এবং শেষ পর্যন্ত সিনেমাটির সেন্সর সনদ বাতিল করা হয়।

ঘটনাটি নতুন করে শিল্পীদের অধিকার ও সম্মতির বিষয়টি সামনে এনেছে। সংশ্লিষ্টরা বলছেন, কোনো শিল্পীকে এক ধরনের কাজের কথা বলে ভিন্নভাবে তা ব্যবহার করা হলে সেটি শিল্পীর পেশাগত অধিকার ক্ষুণ্নের শামিল। বিশেষ করে লিখিত চুক্তি ছাড়া কোনো প্রজেক্টের ধরন পরিবর্তন করা হলে তা ভবিষ্যতে আরও বড় জটিলতা তৈরি করতে পারে।

এদিকে সিনেমাটিতে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীও এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন। এক অডিও বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রে একটি মেয়ের সংগ্রামের গল্প নিয়ে ছোট পরিসরের নাটক নির্মাণের কথা ছিল। পরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের অনুরোধে সেটিকে টেলিফিল্ম হিসেবে প্রচারের বিষয়েও তিনি সম্মতি দেন। তবে সম্প্রতি এটি সিনেমা হিসেবে মুক্তির খবর দেখে বিস্মিত হয়েছেন বলে জানান তিনি।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, এই ঘটনা শিল্পীদের সৃজনশীল অধিকার, সম্মতি ও পেশাগত নিরাপত্তার বিষয়টিকে আবারও আলোচনায় নিয়ে এসেছে। বিশেষ করে নারী শিল্পীদের ক্ষেত্রে কাজের ধরন, প্রচার ও ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে।

গ্ল্যামারগার্ল জেবা জান্নাত



আপনার মূল্যবান মতামত দিন: