অধিকারপত্র ডটকম
প্রকাশিত: বুধবার | ২৯ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক
সকল প্রকল্পের সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী
ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি সেগুলোর সর্বোচ্চ ব্যবহার ও কার্যকারিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অন্তর্ভুক্ত চলমান প্রকল্পগুলোর অগ্রগতি ও পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
তথ্যমন্ত্রী বলেন, চলমান প্রকল্পগুলোর সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। প্রকল্প বাস্তবায়নে সময়ক্ষেপণ, অনিয়ম ও জাতীয় অর্থের অপচয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের মূল্যায়নের প্রসঙ্গ তুলে বলেন, অনেক প্রকল্পে ঠিকাদার, প্রকৌশলী ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার একটি অনৈতিক চর্চার বিষয় উঠে এসেছে। জনগণ সবকিছু বোঝে উল্লেখ করে তিনি প্রকল্প বাস্তবায়নে শতভাগ আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, চলমান প্রকল্পগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় উপাদান যুক্ত করতে হবে এবং অবশিষ্ট কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে ভাগ করে শেষ করতে হবে। প্রতিটি সরকারি অর্থ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি।
সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রকল্পগুলোর অগ্রগতি রিয়েল-টাইমে পর্যবেক্ষণের জন্য একটি সমন্বিত ডিজিটাল ড্যাশবোর্ড তৈরির প্রস্তাব দেন। তিনি বলেন, একটি প্রকল্প শেষ হওয়ার পর নতুন কাজের অপেক্ষায় না থেকে সমান্তরালভাবে কার্যক্রম এগিয়ে নিতে হবে, যাতে কোনো অবকাঠামো বা সম্পদ অব্যবহৃত না থাকে।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, জনগণ একটি গণতান্ত্রিক সরকারের কাছ থেকে দ্রুত ও কার্যকর সেবা প্রত্যাশা করে। প্রধানমন্ত্রীর ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও গুরুত্বসহকারে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর ব্যয়, অগ্রগতি ও উপযোগিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) নাসরীন জাহান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ্ আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কী-ওয়ার্ড: তথ্য মন্ত্রণালয়, জহির উদ্দিন স্বপন, এডিপি, উন্নয়ন প্রকল্প, প্রকল্প বাস্তবায়ন, ডিজিটাল ড্যাশবোর্ড, বাংলাদেশ সরকার।
সকল প্রকল্পের সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী
#অধিকারপত্র #তথ্যমন্ত্রণালয় #এডিপি #উন্নয়নপ্রকল্প #বাংলাদেশ #সরকার #ডিজিটালবাংলাদেশ #জাতীয়সংবাদ

আপনার মূল্যবান মতামত দিন: