odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 3rd October 2026, ৩rd October ২০২৬
বাগেরহাটের মোরেলগঞ্জে ডাববোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন; শিশুসহ আহত পাঁচজনের মধ্যে দুজনকে খুলনায় পাঠানো হয়েছে

মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, শিশুসহ আহত ৫

odhikarpatra | প্রকাশিত: ৩ October ২০২৬ ২২:১৯

odhikarpatra
প্রকাশিত: ৩ October ২০২৬ ২২:১৯

অধিকার পত্র ডটকম | বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ডাববোঝাই নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ৯ নম্বর বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের কালিকাবাড়ি এলাকায় সাইনবোর্ড-মোরেলগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কালিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল হোসেনের ছেলে সোহেব (১৭), নজরুল খানের ছেলে আমিন (২৩) এবং কালিকাবাড়ি গ্রামের বাবুল মোল্লার ছেলে রিমন মোল্লা (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইনবোর্ডের দিকে দ্রুতগতিতে যাচ্ছিল ডাববোঝাই একটি নসিমন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর আরও দুটি মোটরসাইকেল দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোর সঙ্গে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলে তিনটি মোটরসাইকেল ও একটি নসিমন ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা রিমন ও আমিন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মুহিব নামে আরও একজনের মৃত্যু হয়।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সিফাত খান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনজনের মৃত্যু হয়।

গুরুতর আহত দোনা গ্রামের রিয়াদ হোসেন (১৮) ও নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী গ্রামের রিয়াজুল ইসলামকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ছাড়া দুর্ঘটনায় আহত পিরোজপুরের উজ্জ্বল চন্দ্র দাস, তার স্ত্রী অপর্ণা দাস ও মেয়ে উমা দাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, মোটরসাইকেল ও ডাববোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

মোরেলগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৫

#মোরেলগঞ্জ #বাগেরহাট #সড়কদুর্ঘটনা #নসিমন #মোটরসাইকেল #দুর্ঘটনা #নিহত #অধিকারপত্র