odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th October 2026, ১৩th October ২০২৬
চট্টগ্রামের গহিরায় জানাজায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহণ; তিন প্লাটুন পুলিশ ও এক প্লাটুন আনসার মোতায়েনের কথা জানিয়েছে পুলিশ

রাউজানে সাবেক ছাত্রলীগ নেতা রোটনের দাফন, নিরাপত্তায় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীরা

odhikarpatra | প্রকাশিত: ১২ October ২০২৬ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১২ October ২০২৬ ২৩:৫৯

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় নিজ বাড়ির উঠানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে বক্স আলী চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজা ও দাফনকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ছিলেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দাফন সম্পন্ন হয়।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে রোটনের মরদেহবাহী গাড়ি রাউজানের গহিরার বক্স আলী চৌধুরী বাড়িতে পৌঁছায়। এ সময় বিএনপির নেতারা মরদেহ গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করেন। এরপর থেকেই গহিরা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

সোমবার সকাল ১১টার দিকে অনুষ্ঠিত জানাজায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন। বিএনপি ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মীও জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন।

রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে মানবিক উদ্যোগের দাবি

দাফনের কাজ তদারককারী প্রতিবেশী ও গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল চৌধুরী বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মানুষ হিসেবে ভালো ছিলেন। তিনি দেশের বড় মাপের রাজনীতিবিদ ছিলেন বলেও মন্তব্য করেন। রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জানাজায় অংশ নিয়েছেন বলে জানান তিনি।

উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা কাজ করেছেন। মানবিক বিবেচনায় তাঁরা সাবেক ছাত্রলীগ নেতার জানাজা ও দাফন সম্পন্ন করতে সহযোগিতা করেছেন।

রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহাজান সাহিল বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় সাবেক ছাত্রলীগ নেতার জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।

পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তাঁরা ঘরছাড়া ছিলেন এবং তাঁদের কোনো নেতা-কর্মীর মৃত্যু হলে রাউজানে দাফন করতে দেওয়া হয়নি বলে তাঁর দাবি। মানবিক বিবেচনায় রোটনের শেষযাত্রায় নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা নিশ্চিত করতে তাঁরা সহযোগিতা করেছেন বলে জানান তিনি।

 পরিবারের কৃতজ্ঞতা, পুলিশের নিরাপত্তা

রোটনের বড় ভাই নাসিবুল হায়দার চৌধুরী মিল্টন তাঁর ভাইয়ের জানাজা সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘সবাই আমার ভাইকে ক্ষমা করে দিবেন ও দোয়া করবেন।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, জানাজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। তিন প্লাটুন পুলিশ ও এক প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই রোটনের দাফন সম্পন্ন হয়েছে।

রাজনৈতিক পরিচয় ও মতপার্থক্যের মধ্যে রোটনের শেষ বিদায়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের উপস্থিতি এবং নিরাপত্তা নিশ্চিত করার ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।