odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd October 2026, ২৩rd October ২০২৬
ভোটে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে, নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কারের ওপর গুরুত্বারোপ

আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে, সাধারণ মানুষের অংশগ্রহণ চান স্পিকার

odhikarpatra | প্রকাশিত: ২২ October ২০২৬ ২১:৩৯

odhikarpatra
প্রকাশিত: ২২ October ২০২৬ ২১:৩৯

ভোলা প্রতিনিধি | অধিকারপত্র ডটকম

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেছেন, নির্বাচনে অর্থশালী বা বিত্তবান হওয়ার চেয়ে জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিয়ে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, গত ১৭ বছরে নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা প্রয়োজন। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে আর্থিকভাবে সচ্ছল না হলেও জনপ্রিয় ও সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারেন।

তিনি বলেন, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা অনুযায়ী, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই। আওয়ামী লীগের শাসনামলে এমন পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ ব্যক্তিদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া কঠিন ছিল বলে মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কারের ওপর গুরুত্ব দেন স্পিকার।

ভোলার গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার

ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনার কথা তুলে ধরে স্পিকার বলেন, জেলায় উল্লেখযোগ্য পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ভোলার গ্যাসের মজুত দেশের বর্তমান গ্যাসের মজুতের সমপরিমাণ বলে ধারণা করা হচ্ছে। জেলায় আরও গ্যাসের ভান্ডার থাকার সম্ভাবনাও রয়েছে।

তিনি বলেন, ভোলার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে গ্যাসের জন্য কষ্ট করছেন। স্থানীয় বাসিন্দাদের গ্যাসের চাহিদা পূরণ করা তাঁদের ন্যায্য অধিকার এবং এটি দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান।

নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনে তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করেন স্পিকার।

 

 

 

‘আগামী স্থানীয় সরকার নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ’—ভোলায় স্পিকার

: #স্থানীয়সরকারনির্বাচন #হাফিজউদ্দিনআহমেদ #ভোলা #নির্বাচন #প্রাকৃতিকগ্যাস #অধিকারপত্রডটকম