অধিকারপত্র ডটকম / নগর প্রতিবেদক :
৪১ শতাংশ জমি সম্প্রসারণে ভূমিকার কথা তুলে ধরে সদস্যদের সমর্থন চাইলেন বিজনেস টাইমসের বিশেষ প্রতিনিধি গাজী আনোয়ার
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আগামী নভেম্বরের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিজনেস টাইমসের বিশেষ প্রতিনিধি গাযী আনোয়ার।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি এ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে ডিআরইউর সদস্যদের দোয়া, ভালোবাসা, মতামত ও সমর্থন প্রত্যাশা করেছেন তিনি।
ফেসবুক পোস্টে গাযী আনোয়ার বলেন, গত বছর ডিআরইউর নির্বাচনে সদস্যদের সমর্থনে সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছিলেন। দায়িত্ব পালনকালে নিজের সামর্থ্য, মেধা ও শ্রম দিয়ে সংগঠনের উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন।
তিনি জানান, কমিটি ও কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের সহযোগিতায় ডিআরইউর জায়গার পরিধি ৪১ শতাংশ সম্প্রসারণের উদ্যোগ বাস্তবায়নে সম্মুখসারিতে থেকে ভূমিকা রাখতে পেরেছেন। এটিকে নিজের জন্য আনন্দ ও গর্বের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
গাযী আনোয়ারের ভাষ্য অনুযায়ী, বর্তমানে ডিআরইউর নিয়ন্ত্রণে মোট ৭৩ শতাংশ জায়গা রয়েছে। এই জায়গার যথাযথ নিবন্ধন সম্পন্ন করা এবং সেখানে একটি স্থায়ী ও আধুনিক অবকাঠামো গড়ে তোলাকে তিনি সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে দেখছেন।
তার পরিকল্পনায় রয়েছে—সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা, পেশাগত প্রশিক্ষণ, জ্ঞানচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং পারস্পরিক মতবিনিময়ের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।
ডিআরইউকে প্রায় দুই হাজার সাংবাদিকের ঐক্য, পেশাগত মর্যাদা, অধিকার ও সম্প্রীতির গুরুত্বপূর্ণ ঠিকানা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত ও সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং কল্যাণমূলক উদ্যোগ সম্প্রসারণের প্রত্যয় নিয়েই সভাপতি পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।
নির্বাচনী পথচলায় পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য, স্বচ্ছতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন গাযী আনোয়ার। তিনি বলেন, সবার সহযোগিতায় ডিআরইউকে আরও সমৃদ্ধ, আধুনিক ও মর্যাদাপূর্ণ সংগঠন হিসেবে গড়ে তুলতে চান।
পোস্টের শেষাংশে ডিআরইউর সদস্যদের কাছে নিজের প্রার্থিতার পক্ষে দোয়া, ভালোবাসা, মূল্যবান মতামত ও সমর্থন কামনা করেন তিনি।
গাযী আনোয়ার
বিশেষ প্রতিনিধি, বিজনেস টাইমস।

