odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 6th May 2026, ৬th May ২০২৬
প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

কুবিতে ৯ দফা দাবিতে ছাত্রদলের সংবাদ সম্মেলন

odhikarpatra | প্রকাশিত: ৬ May ২০২৬ ১৯:৫৭

odhikarpatra
প্রকাশিত: ৬ May ২০২৬ ১৯:৫৭

অধিকারপত্র ডটকম নিজস্ব প্রতিবেদক, 

কুবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে প্রশাসনিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে। এ সময় তারা ৯ দফা দাবি উত্থাপন করে এবং ৪৮ ঘণ্টার মধ্যে এসব দাবির অগ্রগতি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়।

বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার ও সাইদুল ইসলাম শাওনসহ অন্যান্য নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতি চলে আসছে, যা শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

৯ দফা দাবি

ছাত্রদলের পক্ষ থেকে উপস্থাপিত দাবিগুলো হলো—

১) ফৌজদারি মামলার আসামি উপাচার্যের গ্রেফতার
২) ২০০৯ সাল থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সব নিয়োগের তদন্ত প্রতিবেদন ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ
৩) উপাচার্য ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট প্রকাশ
৪) শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির জবাব শিক্ষার্থীদের সামনে প্রকাশ
৫) গত ১৮ মাসের সকল নিয়োগ সংক্রান্ত তথ্য প্রকাশ
৬) উপাচার্য ও কোষাধ্যক্ষসহ সংশ্লিষ্টদের পদত্যাগ
৭) প্রক্টর ও সহকারী প্রক্টরের অপসারণ
৮) আবাসিক হল ও ক্যাফেটেরিয়ায় খাবারের মান উন্নয়ন
৯) তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীদের বহিষ্কারের মতো সিদ্ধান্ত না নেওয়া

সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, বর্তমান উপাচার্যের বিরুদ্ধে তথ্য পাচারের একটি ফৌজদারি মামলা রয়েছে। এ অবস্থায় তার দায়িত্বে থাকা নিয়ে প্রশ্ন তুলেন তিনি এবং ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি জানান।

আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে দুর্ভাগা। বর্তমান উপাচার্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনা জরুরি। অবিলম্বে উপাচার্যকে অপসারণ করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

শাহরিয়ার হোসেন জুবায়ের, কুবি প্রতিনিধি। 

কুবিতে ৯ দফা দাবিতে ছাত্রদলের সংবাদ সম্মেলন

#কুবি #ছাত্রদল #সংবাদ_সম্মেলন #৯দফা_দাবি #শিক্ষা_দুর্নীতি



আপনার মূল্যবান মতামত দিন: