odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 16th May 2026, ১৬th May ২০২৬

খেলাধুলার সুযোগ বাড়াতে হবে, মাদক থেকে বাঁচার বিকল্প নেই : জ্বালানিমন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ১৫ May ২০২৬ ২৩:৫৮

odhikarpatra
প্রকাশিত: ১৫ May ২০২৬ ২৩:৫৮

অধিকার পত্র ডটকম, নিজস্ব প্রতিবেদক, 
সিরাজগঞ্জ, ১৫ মে ২০২৬

: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ বাড়াতে হবে। প্রতিটি বিদ্যালয়ে সপ্তাহে অন্তত এক দিন খেলাধুলার ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ-এ আয়োজিত গুণীজন সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, “মাদক থেকে বাঁচতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। অভিভাবকদের সন্তানদের স্বাস্থ্য ও খেলাধুলার বিষয়ে আরও সচেতন হতে হবে। একটি প্রজন্ম নেশার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সঠিক পথে এনে সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে পারলে দেশ আরও সুন্দর হবে।”


তিনি বলেন, খেলার মাঠ কমে যাওয়ায় তরুণদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে। আগে পাড়ায়-মহল্লায় খেলাধুলার পরিবেশ থাকলেও এখন শহরাঞ্চলে বড় বড় ভবন তৈরি হলেও শিশু-কিশোরদের খেলার জায়গা নেই। এতে শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।


ইকবাল হাসান মাহমুদ জানান, প্রতিটি স্কুলে সপ্তাহে এক দিন অন্তত দুই ঘণ্টার গেমস ক্লাস চালুর জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে ফুটবল, বাস্কেটবলসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলাও অন্তর্ভুক্ত থাকবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শিক্ষা এমন একটি সম্পদ, যা কেউ চুরি করতে পারে না। শেখার কোনো বয়স নেই।”


নিজের পারিবারিক অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, তাঁর দাদা কৃষিজীবী হয়েও ১৯২৪ সালে ছেলেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। সেই উদাহরণ দিয়ে তিনি নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

খেলাধুলার সুযোগ বাড়াতে হবে, মাদক থেকে বাঁচার বিকল্প নেই : জ্বালানিমন্ত্রী

খেলাধুলার সুযোগ বাড়াতে হবে, মাদক থেকে বাঁচার বিকল্প নেই : জ্বালানিমন্ত্রী
#সিরাজগঞ্জ #ইকবাল_হাসান_মাহমুদ #খেলাধুলা #মাদকবিরোধী #শিক্ষা


কীওয়ার্ড: ইকবাল হাসান মাহমুদ, সিরাজগঞ্জ, খেলাধুলা, মাদকবিরোধী বক্তব্য, শিক্ষার্থী, গেমস ক্লাস, শিক্ষা, অভিভাবক সমাবেশ



আপনার মূল্যবান মতামত দিন: