নিউজ ডেস্ক | অধিকারপত্র
নতুন মৌসুম শুরুর আগে এবং দলবদলের বাজার এখনও খোলা থাকায়, বর্তমান ২০টি প্রিমিয়ার লিগ ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি অর্থে বিক্রি হওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছে লিভারপুল, যারা ফিলিপে কৌতিনিয়োকে বার্সেলোনার কাছে ১৪৬ মিলিয়ন পাউন্ডে বিক্রি করে রেকর্ড গড়েছিল।
দ্বিতীয় স্থানে রয়েছে চেলসি। ২০১৯ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কাছে এডেন হ্যাজার্ডকে ১৩০ মিলিয়ন পাউন্ডে বিক্রি করেছিল লন্ডনের ক্লাবটি। তৃতীয় স্থানে রয়েছে নিউক্যাসল ইউনাইটেড। দীর্ঘ আলোচনার পর স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে ১২৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলের কাছে ছেড়ে দেয় ক্লাবটি।
চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে অ্যাস্টন ভিলা এবং নটিংহ্যাম ফরেস্ট। অ্যাস্টন ভিলা মরগান রজার্সকে ১১৭ মিলিয়ন পাউন্ডে বিক্রি করে, আর নটিংহ্যাম ফরেস্ট এলিয়ট অ্যান্ডারসনকে ১১৬ মিলিয়ন পাউন্ডে ছেড়ে দেয়। তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। মোইসেস কাইসেডোকে ১১৫ মিলিয়ন পাউন্ডে বিক্রি করে ক্লাবটি বিশাল মুনাফা অর্জন করে।
অন্যদিকে, টটেনহ্যাম হটস্পারের ইতিহাসে সবচেয়ে দামি বিক্রি গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদ তার জন্য ৮৫ দশমিক ১ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছিল। একইভাবে ম্যানচেস্টার ইউনাইটেড ২০০৯ সালে ক্রিস্টিয়ানো রোনালদোকে ৮০ মিলিয়ন পাউন্ডে রিয়ালের কাছে বিক্রি করে। আর্সেনালের অবস্থান তুলনামূলকভাবে অনেক নিচে। ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি অর্থে বিক্রি হওয়া খেলোয়াড় অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন, যার জন্য লিভারপুল ৪০ মিলিয়ন পাউন্ড পরিশোধ করেছিল।
বর্তমান ২০টি প্রিমিয়ার লিগ ক্লাবের সবচেয়ে দামি বিক্রি
- লিভারপুল — ফিলিপে কৌতিনিয়ো (১৪৬ মিলিয়ন পাউন্ড)
- চেলসি — এডেন হ্যাজার্ড (১৩০ মিলিয়ন পাউন্ড)
- নিউক্যাসল ইউনাইটেড — আলেকজান্ডার ইসাক (১২৫ মিলিয়ন পাউন্ড)
- অ্যাস্টন ভিলা — মরগান রজার্স (১১৭ মিলিয়ন পাউন্ড)
- নটিংহ্যাম ফরেস্ট — এলিয়ট অ্যান্ডারসন (১১৬ মিলিয়ন পাউন্ড)
- ব্রাইটন — মোইসেস কাইসেডো (১১৫ মিলিয়ন পাউন্ড)
- টটেনহ্যাম — গ্যারেথ বেল (৮৫.১ মিলিয়ন পাউন্ড)
- ম্যানচেস্টার সিটি — জুলিয়ান আলভারেজ (৮১.৫ মিলিয়ন পাউন্ড)
- ম্যানচেস্টার ইউনাইটেড — ক্রিস্টিয়ানো রোনালদো (৮০ মিলিয়ন পাউন্ড)
- এভারটন — রোমেলু লুকাকু (৭৫ মিলিয়ন পাউন্ড)
- ব্রেন্টফোর্ড — ব্রায়ান এমবেউমো (৭১ মিলিয়ন পাউন্ড)
- ক্রিস্টাল প্যালেস — এবারেচি এজে (৬৮ মিলিয়ন পাউন্ড)
- বোর্নমাউথ — অ্যান্টোইন সেমেনিও (৬৪ মিলিয়ন পাউন্ড)
- ফুলহ্যাম — আলেকসান্দার মিত্রোভিচ (৫০ মিলিয়ন পাউন্ড)
- লিডস ইউনাইটেড — রাফিনিয়া (৪৯ মিলিয়ন পাউন্ড)
- আর্সেনাল — অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন (৪০ মিলিয়ন পাউন্ড)
- ইপসউইচ টাউন — ওমারি হাচিনসন (৩৭.৫ মিলিয়ন পাউন্ড)
- সান্ডারল্যান্ড — জোব বেলিংহ্যাম (২৭ মিলিয়ন পাউন্ড)
- হাল সিটি — জ্যারড বোয়েন (২২ মিলিয়ন পাউন্ড)
- কোভেন্ট্রি সিটি — ভিক্টর জিওকেরেস (১৭.৫ মিলিয়ন পাউন্ড)
প্রিমিয়ার লিগে দলবদলের বাজার যত বড় হচ্ছে, ততই বাড়ছে খেলোয়াড় বিক্রির অঙ্ক। আগামী কয়েক বছরের মধ্যেই এই তালিকার অনেক রেকর্ড ভেঙে যেতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: