odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 16th October 2026, ১৬th October ২০২৬
সৌদি আরবে ওমরাহ শেষে আটকে পড়া ঈশ্বরদীর ৫০ যাত্রী কাতার হয়ে দেশে ফিরেছেন। জনপ্রতি অতিরিক্ত ২০ হাজার টাকা বিমানভাড়া দিতে হয়েছে তাঁদের।

সৌদি আরবে আটকে পড়া ঈশ্বরদীর ৫০ ওমরাযাত্রী দেশে ফিরলেন

odhikarpatra | প্রকাশিত: ১৬ October ২০২৬ ১৬:৪৫

odhikarpatra
প্রকাশিত: ১৬ October ২০২৬ ১৬:৪৫

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম

সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন ওমরাযাত্রী বিকল্প পথে বাংলাদেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় কাতার হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা। দেশে ফিরতে প্রত্যেক যাত্রীকে অতিরিক্ত ২০ হাজার টাকা বিমানভাড়া দিতে হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ওমরাযাত্রীদের দলের মোয়াল্লেম মোহাম্মদ রায়হান জানান, মঙ্গলবার তাঁদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। দুই দিন অপেক্ষার পর কাতার এয়ারলাইনসের ফ্লাইটে বিকল্প পথে তাঁদের ফেরার ব্যবস্থা করা হয়।

 আবাসনসংকটে ভোগান্তি, অসুস্থ হয়ে হাসপাতালে কয়েকজন

নির্ধারিত সময়ে দেশে ফিরতে না পারায় সৌদি আরবে থাকার ব্যবস্থা নিয়েও বিপাকে পড়েন ওমরাযাত্রীরা। রায়হান জানান, মঙ্গলবার পর্যন্ত তাঁদের আবাসনের ব্যবস্থা আগে থেকেই চুক্তিবদ্ধ ছিল। এরপর নতুন করে থাকার জায়গা খুঁজতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়। নারী, শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। এ সময় কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর গ্রামের বাসিন্দা সাগর সরদার জানান, মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে ফেরার প্রস্তুতির মধ্যেই বিমানবন্দরে হামলার ঘটনায় তাঁদের ফেরার পরিকল্পনা ব্যাহত হয়। পরে জনপ্রতি অতিরিক্ত ২০ হাজার টাকা খরচ করে দেশে ফেরার ব্যবস্থা করেন তাঁরা।

ওমরাযাত্রী জায়েদ আল-সামি জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় সৌদি আরবের মদিনা বিমানবন্দর থেকে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা যাত্রা শুরু করেন। বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশে পৌঁছান।

দেশে ফেরায় স্বস্তি স্বজনদের

ঈশ্বরদীর সাঁড়া গোপালপুর বকশিরচকের শাহ্ পাড়ার বাসিন্দা ইসমাইল হোসেন শাহ্ জানান, ৫০ জনের ওই দলে ৭০ থেকে ৮০ বছর বয়সী কয়েকজন নারী-পুরুষ ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় দেশে থাকা স্বজনেরা উদ্বিগ্ন ছিলেন। সবাই নিরাপদে দেশে ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরেছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব জানান, সৌদি আরবে আটকে পড়া ওমরাযাত্রীদের বিষয়ে পাবনা জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা নিরাপদে দেশে ফিরেছেন।

 

 

দুই দিন অপেক্ষা, বাড়তি ২০ হাজার টাকা! সৌদি আরবে আটকে পড়া ঈশ্বরদীর ৫০ ওমরাযাত্রী অবশেষে দেশে ফিরলেন

ওমরাহ শেষে দেশে ফেরার কথা ছিল মঙ্গলবার। কিন্তু বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় অনিশ্চয়তায় পড়েন ঈশ্বরদীর ৫০ ওমরাযাত্রী। শেষ পর্যন্ত কাতার হয়ে দেশে ফিরেছেন তাঁরা। তবে প্রত্যেককে গুনতে হয়েছে অতিরিক্ত ২০ হাজার টাকা।

#ওমরাযাত্রী #ঈশ্বরদী #সৌদি_আরব #বাংলাদেশ #অধিকারপত্র