odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 2nd July 2026, ২nd July ২০২৬
বিআরটিএ ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের ড্রাইভিং লাইসেন্স থেকে ডিমেরিট পয়েন্ট কাটছে। ১২ পয়েন্ট শেষ হলে লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হবে

ড্রাইভিং লাইসেন্সে ডিমেরিট পয়েন্ট কাটছে বিআরটিএ, জুনে ৭৫ চালকের বিরুদ্ধে ব্যবস্থা

Special Correspondent | প্রকাশিত: ২ July ২০২৬ ২০:৪০

Special Correspondent
প্রকাশিত: ২ July ২০২৬ ২০:৪০

নিউজ ডেস্ক | অধিকারপত্রর

সড়ক পরিবহন আইন ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ড্রাইভিং লাইসেন্স থেকে দোষসূচক (ডিমেরিট) পয়েন্ট কাটার কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির দেওয়া তথ্যমতে, গত জুন মাসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭৫ জন চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে মোট ৭৮টি ডিমেরিট পয়েন্ট কর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিআরটিএ-এর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিয়মিত এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

যেভাবে কাজ করছে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’

বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি মোটরযান চালকের ড্রাইভিং লাইসেন্সে সর্বোচ্চ ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। ট্রাফিক আইন ভঙ্গ করলে জরিমান বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট কাটা হয়।

এই কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নের জন্য বিআরটিএ ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) নামক একটি বিশেষ অ্যাপ ব্যবহার করছে। বিআরটিএর উপপরিচালক (প্রশাসন) মো. সামিউল মাসুদ জানান, এই অ্যাপের মাধ্যমেই অপরাধী চালকদের লাইসেন্স থেকে পয়েন্ট কর্তন করা হচ্ছে।

কেন কাটা হচ্ছে পয়েন্ট?

প্রকাশিত নীতিমালা অনুযায়ী, যে সকল অপরাধের জন্য পয়েন্ট কাটা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো:

ট্রাফিক সংকেত অমান্য করা।

অনুমোদন ছাড়া বাণিজ্যিকভাবে যানবাহন ব্যবহার।

অতিরিক্ত ভাড়া আদায় ও মিটার কারসাজি।

অতিরিক্ত বোঝাই (ওভারলোডিং) ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো।

অবৈধ হর্ন ব্যবহার ও দূষণকারী বা অনিরাপদ যানবাহন চালানো।         

যান চলাচলে বাধা সৃষ্টি করা।

লাইসেন্স বাতিলের সতর্কতা

বিআরটিএর পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কোনো চালকের লাইসেন্স থেকে ১২টি পয়েন্টই কাটা পড়ে গেলে সেই লাইসেন্সটি স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে। একবার পয়েন্ট কাটা গেলে তা পুনরুদ্ধারের আর কোনো সুযোগ থাকবে না। অকার্যকর হয়ে যাওয়া লাইসেন্স দিয়ে পুনরায় গাড়ি চালানো যাবে না এবং ওই চালক নবায়ন বা নতুন লাইসেন্সের জন্য আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না। সড়ক পরিবহন আইন ও ট্রাফিক বিধিমালা যথাযথভাবে মেনে চলে যানবাহন চালানোর জন্য সকল চালকের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: