অধিকারপত্র ডটকম,/নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ১৩ বছর বয়সী সন্তান নিখোঁজ হওয়ার পর মৃত অবস্থায় উদ্ধার হয়েছে। তিনি সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের বিষয়েও প্রশ্ন তোলেন।
অপ্রতিম গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের মুঠোফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ তার সন্ধানে তল্লাশি চালায়।
নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজনদের শনাক্ত ও রহস্য উদঘাটনে একাধিক দল কাজ করছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে একাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন মহলে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে হত্যার কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এদিকে শনিবার ঢাকা থেকে রংপুরের উদ্দেশে ১১ দলীয় ঐক্যের লংমার্চ অনুষ্ঠিত হয়। পথে বিভিন্ন স্থানে দলগুলোর পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত হয়।
