চট্টগ্রাম প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালিয়ে মোট ৫০ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। অভিযানে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা, প্রতিষ্ঠানটির ভবন মালিককে ২৫ লাখ টাকা এবং উৎসব সুপার মার্কেটের পাঁচলাইশ শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণে সন্তোষজনক অগ্রগতি না থাকায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
নির্দেশনা মানতে ব্যর্থ হওয়ায় জরিমানা
চউক সূত্রে জানা গেছে, এর আগে পরিদর্শন ও সংশ্লিষ্ট বৈঠকের মাধ্যমে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল এবং উৎসব সুপার মার্কেট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এ জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়।
তবে নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় স্কুল কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা এবং ভবন মালিককে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে উৎসব সুপার মার্কেটের পাঁচলাইশ শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ফ্রোবেল প্লে স্কুলকে সতর্ক
অভিযানকালে ফ্রোবেল প্লে স্কুলের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে: চউক চেয়ারম্যান
চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, নগরের যানজট নিরসন ও সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে পরিদর্শন, সতর্কীকরণ এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ভবন মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম নগরের যানজট কমানো এবং পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিয়ম মেনে চলা ও প্রয়োজনীয় সংশোধন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে চউক।
