odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 15th July 2026, ১৫th July ২০২৬
ড. ইউনূস, সাবেক উপদেষ্টা ও প্রেস সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

হামের টিকাদান কর্মসূচি বেসরকারি হাতে তুলে দেওয়ার অভিযোগ | ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা!

odhikarpatra | প্রকাশিত: ৬ April ২০২৬ ২২:৫৫

odhikarpatra
প্রকাশিত: ৬ April ২০২৬ ২২:৫৫

অধিকারপত্র ডটকম রিপোর্ট | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬ ১৭:০৮

অধিকারপত্র ডেস্ক: দেশব্যাপী হামের ভয়াবহ প্রাদুর্ভাবে এখন পর্যন্ত শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর উপদেষ্টা পরিষদকে। অভিযোগ, হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে সরিয়ে নেওয়ার মাধ্যমে এক ধরনের ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ সংঘটিত হয়েছে। যার ফলেই ভয়াবহ এই প্রাদুর্ভাব।

এ অবস্থায় ড. ইউনূস ও তাঁর সাবেক উপদেষ্টা পরিষদ এবং প্রেস সচিবের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) নোটিশদাতা আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনি নোটিশে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন:

· ড. মুহাম্মদ ইউনূস
· ড. আসিফ নজরুল
· সৈয়দা রিজওয়ানা হাসান
· আদিলুর রহমান খাঁন
· নূর জাহান বেগম
· ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন
· জাহাঙ্গীর আলম চৌধুরী
· মোস্তফা সরয়ার ফারুকী
· সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ সব বিশেষ সহকারী।

নোটিশে অভিযোগ করা হয়েছে, হামের মতো গুরুত্বপূর্ণ টিকাদান কর্মসূচি বেসরকারি খাতে সরিয়ে নেওয়ার কারণেই বর্তমানে দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর জেরেই শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের ঠিকানায় পাঠানো এই নোটিশে আগামী ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানিয়েছেন, অন্যথায় উচ্চ আদালতে রিটসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: