odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 23rd July 2026, ২৩rd July ২০২৬
ঈদুল আজহা উপলক্ষে পাঠানো বার্তায় বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

odhikarpatra | প্রকাশিত: ২৮ May ২০২৬ ১৯:৪৬

odhikarpatra
প্রকাশিত: ২৮ May ২০২৬ ১৯:৪৬

প্রকাশিত: ২৮ মে ২০২৬ | আন্তর্জাতিক ডেস্ক | অধিকার পত্র ডটকম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী দুই প্রতিবেশী দেশের মধ্যে জনকল্যাণমুখী সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের বরাত দিয়ে জানানো হয়, বার্তায় নরেন্দ্র মোদি বাংলাদেশের “ভাতৃপ্রতিম জনগণকে” ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

বার্তায় মোদি উল্লেখ করেন, পবিত্র ঈদুল আজহা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ভারতের কোটি কোটি মুসলিম অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব উদযাপন করছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ঈদুল আজহার ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের শাশ্বত আদর্শ একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী বলেন, যৌথ আত্মত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পারস্পরিক আকাঙ্ক্ষার ভিত্তিতে ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে।

তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে জনমুখী পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

মোদি আশা প্রকাশ করেন, দুই দেশের অভিন্ন উন্নয়ন লক্ষ্য ও পারস্পরিক সহযোগিতা জনগণের অগ্রগতি ও সমৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এছাড়া তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: