আন্তর্জাতিক ডেস্ক | অধিকারপত্র ডটকম ০৪ আগস্ট ২০২৬।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় সপ্তাহান্তে ইসরায়েলি বিমান হামলা, গোলাবর্ষণ ও গুলিতে ২৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থা (ওসিএইচএ)। একই সঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ইউএনআইএফআইএল) জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত ইসরায়েল লেবাননের আকাশসীমা ১২৫ বার লঙ্ঘন করেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে গাজায় ১৫০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ মাসিক মৃত্যুর সংখ্যা। অধিকাংশ হামলা হয়েছে পশ্চিম গাজায়, যেখানে বর্তমানে উপত্যকার প্রায় ২১ লাখ বাসিন্দার বেশিরভাগই অবস্থান করছেন।
শনিবার আল-আকসা হাসপাতালের কাছাকাছি একটি হামলায় চিকিৎসা সামগ্রীর গুদাম ক্ষতিগ্রস্ত হয়। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সরবরাহ করা জরুরি চিকিৎসা উপকরণও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘ আরও জানায়, গাজায় ইনসুলিন, হৃদরোগের ওষুধ, ডায়ালাইসিস সরঞ্জাম, রোগ নির্ণয়ের যন্ত্রপাতি এবং সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। এসবের অনেক চালান এখনো ইসরায়েলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাকের সংখ্যা কিছুটা বাড়লেও খাদ্যপণ্যের উচ্চমূল্যের কারণে প্রতি ১০টি পরিবারের মধ্যে চারটি প্রয়োজনীয় খাবার কিনতে পারছে না। প্রায় অর্ধেক পরিবার জানিয়েছে, তাদের ঘরে একসময় সম্পূর্ণ খাদ্যশূন্য পরিস্থিতি তৈরি হয়েছিল। রান্নার গ্যাসের সংকটও ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে অনেক পরিবার বাধ্য হয়ে জ্বালানি হিসেবে কাঠ বা ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবহার করছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০ দফা শান্তি পরিকল্পনার আওতায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ ও নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় এগোনোর বিষয়ে একটি প্রস্তাব সম্প্রতি ঘোষণা করা হয়। হামাস এই রোডম্যাপ গ্রহণে সম্মতি জানালেও ইসরায়েল জানিয়েছে, পূর্ণ নিরস্ত্রীকরণ ছাড়া তারা গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না এবং প্রস্তাবটি নিয়ে তাদের গুরুতর নিরাপত্তা উদ্বেগ রয়েছে।
লেবানন প্রসঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী জানায়, আকাশসীমা লঙ্ঘনের পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক সামরিক তৎপরতা, প্রকৌশল কার্যক্রম এবং সেনা চলাচলও পর্যবেক্ষণ করা হয়েছে। ইউএনআইএফআইএলের তথ্য অনুযায়ী, চার দিনের মধ্যে আকাশে মোট ৪১৮ ঘণ্টার বেশি সময় ইসরায়েলি নজরদারি ও সশস্ত্র ড্রোন উড্ডয়ন করেছে।
জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো গাজায় বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করা, মানবিক সহায়তা প্রবেশে বাধা দূর করা এবং যুদ্ধবিরতি কার্যকর রাখার আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

আপনার মূল্যবান মতামত দিন: