odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 15th September 2026, ১৫th September ২০২৬
টোকিওর ফ্ল্যাটে ২৫ বছর বয়সী অভিনেত্রীর মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

সাবেক প্রেমিকের ভাড়া বাসা থেকে মডেল-অভিনেত্রী হানা কুরাকির মরদেহ উদ্ধার

odhikarpatra | প্রকাশিত: ১৫ September ২০২৬ ০৩:৪৭

odhikarpatra
প্রকাশিত: ১৫ September ২০২৬ ০৩:৪৭

অধিকারপত্র ডটকম  | বিনোদন ডেক্স

জাপানের টোকিওতে সাবেক প্রেমিকের ভাড়া নেওয়া একটি ফ্ল্যাট থেকে মডেল-অভিনেত্রী হানা কুরাকির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদমাধ্যম দ্য উইকের প্রতিবেদনে বলা হয়েছে, হানা কুরাকির মৃত্যুর ঘটনায় পুলিশ কিংবা তার ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এসওয়ান এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর সম্ভাব্য কারণ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

হানা কুরাকির মরদেহ যে ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়, সেটির মালিক বার ব্যবসায়ী সাকিতো। তিনি ফ্ল্যাটটি হানা কুরাকির সাবেক প্রেমিক শোতা তাইরাকে ভাড়া দিয়েছিলেন। ২৯ বছর বয়সী শোতা তাইরা একজন পরিচিত তারকা উপস্থাপক ও সাবেক আইডল।

প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর আগে হানা কুরাকি একটি চিরকুট রেখে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ওই চিরকুটে শোতা তাইরার বিরুদ্ধে গত বছরের নভেম্বরে চাবি ব্যবহার করে তার ঘরে প্রবেশ এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগের কথা উল্লেখ রয়েছে।

এর এক মাস পর হামলা ও চুরির সন্দেহে শোতা তাইরাকে গ্রেপ্তার করা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর হানা কুরাকিকে শোতা তাইরার বাবা হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও মীমাংসার শর্তগুলো যথাযথভাবে মানা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে, ফ্ল্যাটের মালিক সাকিতো জানিয়েছেন, হানা কুরাকির মরদেহ তিনিই প্রথম উদ্ধার করেছেন—এমন দাবি সঠিক নয়। তার ভাষ্য অনুযায়ী, হানা কুরাকির এক বন্ধু প্রথম তাকে ফ্ল্যাটের ভেতরে মৃত অবস্থায় দেখতে পান এবং পরে বিষয়টি তাকে জানান।

এরপর পরিস্থিতি সামাল দিতে এবং টোকিও পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য সাকিতো সেখানে যান। একই সময়ে হানা কুরাকির সাবেক প্রেমিক শোতা তাইরাকেও ফোনে বিষয়টি জানানো হয়। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর তিনি ঘটনাস্থলে পৌঁছান বলে প্রতিবেদনে বলা হয়েছে।

হানা কুরাকি বিউটিশিয়ান হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। ক্যারিয়ারের শুরুতে তিনি হেয়ার ও মেকআপ সহকারী হিসেবে কাজ করেন। ২০২৪ সালে এসওয়ান লেবেলের মডেল হিসেবে আত্মপ্রকাশ করেন এবং একই বছর একটি ফটোবুক প্রকাশ করেন। ওই বছরই অভিনেত্রী হিসেবেও তার অভিষেক হয়।

তার মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনাটির সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে এখনো তদন্ত ও আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা রয়েছে।

সূত্র: দ্য উইক

 



আপনার মূল্যবান মতামত দিন: