odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 15th May 2026, ১৫th May ২০২৬
আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে বিশেষ সম্পাদকীয় ফিচার—বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েদের অদম্য ধৈর্য, অশ্রু, সামাজিক লড়াই ও নিঃশর্ত ভালোবাসার এক হৃদয়স্পর্শী দলিল।

অমৃতময়ী নীরবতার ভাষা যেনো অকূল সমুদ্রের বাতিঘর: বিশেষ শিশুদের মায়েদের জীবনসংগ্রাম, নীরব কান্না, অনন্ত লড়াই আর ভালোবাসার অদেখা মহাকাব্যে নিরব আগামীর গল্প

Dr Mahbub | প্রকাশিত: ১৫ May ২০২৬ ০৩:৩৫

Dr Mahbub
প্রকাশিত: ১৫ May ২০২৬ ০৩:৩৫

অধিকারপত্র বিশেষ সম্পাদকীয় কলাম

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েদের জীবন কেবল দায়িত্বের নয়, এটি এক নীরব সংগ্রাম, গভীর ভালোবাসা ও অবিরাম আত্মত্যাগের গল্প। আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে প্রকাশিত এই বিশেষ ফিচারে উঠে এসেছে অটিজম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল প্যালসি ও অন্যান্য প্রতিবন্ধিতার সঙ্গে লড়াই করা পরিবারগুলোর বাস্তব অভিজ্ঞতা, সামাজিক বৈষম্য, মানসিক চাপ, অর্থনৈতিক সংকট এবং আশার আলো।  “অমৃতময়ী নীরবতার ভাষা যেনো অকূল সমুদ্রের বাতিঘর” ফিচার নিবন্ধে জানুন বিশেষ শিশুদের মায়েদের অদেখা জীবনসংগ্রাম, মাতৃত্বের গভীর মানবিকতা, সামাজিক বাস্তবতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রয়োজনীয়তা। আরো জানুন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েরা কীভাবে প্রতিদিন সমাজ, অর্থনৈতিক সংকট, মানসিক চাপ ও ভবিষ্যতের অনিশ্চয়তার সঙ্গে লড়াই করেন, সেই বাস্তবতা উঠে এসেছে এই হৃদয়ছোঁয়া ফিচারে।

প্রস্তাবনা: মাতৃত্বের বাণী

মাতৃত্ব নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে পুরনো, সবচেয়ে পবিত্র ও শ্রেষ্ঠ বন্ধন। এটি শুধু সন্তান জন্মদানের নাম নয়; বরং এক অপার্থিব ত্যাগ, এক অনন্ত প্রদীপশিখা যা অনবরত নিজের অস্তিত্বের তেল ঢেলে জ্বলে ওঠে। যখনই ‘মা’ শব্দটি উচ্চারিত হয়, চোখের সামনে ভেসে ওঠে এক স্নেহময়ী মূর্তি—যার হাতের স্পর্শে ঘুচে যায় সব ক্লেশ, যার কোলে শিশুটি পায় নিরাপদ আশ্রয়। কিন্তু মাতৃত্বের এই পরম্পরা একই সূত্রে গাঁথা নয়। কিছু মায়ের জীবনের গল্প পাল্টে যায় সন্তানের জন্মের মুহূর্তেই—একটু ভিন্ন, একটু ব্যথিত, তবু কম সুন্দর নয় এমন। তারা সেই শিশুদের মা, যারা ‘বিশেষ’ নামক এক অলংকৃত মুকুট মাথায় ধারণ করে। তাদের জন্য দিন-রাত্রির হিসাব নেই, আরাম-আয়েশের সংজ্ঞা নেই। তারা যেন নীরবতার ভাষায় সাজানো এক মহাকাব্যের নায়িকা—যাদের কাহিনি পত্রিকার পাতায় ছাপা হলে কথায় ফুটে ওঠে না; বরং ছাপা যেন নিস্তব্ধ চিৎকারে পরিণত হয়।

আজ আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষ্যে আমরা সেই মায়েদের গল্প বলতে চাই, যারা সন্তানের প্রতি টানটান মনোযোগ, অপরিসীম মমতা আর কঠিন বাস্তবতার মাঝে দুলতে দুলতে এক অমর লড়াই করে যাচ্ছেন। তাদের পদচারণা যেন হাসপাতালের হোয়াইটওয়াশ করা করিডোর, থেরাপি সেন্টারের ঘ্রাণমাখা কক্ষ, আর নিঃশব্দ বিষণ্ণতায় আচ্ছন্ন দীর্ঘ রাত—সেখান থেকেই জন্ম নেয় অদ্ভুত এক অলৌকিক ভালোবাসা।

প্রথম আচল: নীরব নদীর মতো মায়েরাশক্তি, চ্যালেঞ্জ না বলা কথা

বিশেষ শিশুদের মায়েরা যেন পাহাড়ি নদীর মতো—বাইরে শান্ত, অথচ ভেতরে অবিরাম স্রোতের সংঘর্ষ। সমাজ যখন সন্তানের “স্বাভাবিকতা”র মাপকাঠি হাতে দাঁড়িয়ে থাকে, তখন এই মায়েরা প্রতিদিন নিজেদের বুকের ভেতর নতুন এক অভিধান লিখে যান। সেখানে “অপেক্ষা” মানে শুধু সময় পার হওয়া নয়; সেখানে অপেক্ষা মানে প্রথম একটি শব্দ, প্রথম চোখে চোখ রাখা, কিংবা প্রথমবার সন্তানের হাত শক্ত করে ধরা। পৃথিবী যাকে বিলম্ব বলে, মা তাকে অলৌকিকতা বলে মনে রাখেন।

  • ঝড়ের ভিতর দীপশিখা: একজন বিশেষ শিশুর মা যেন ঝড়ের রাতে জ্বলে থাকা প্রদীপ। বাতাস তাকে নিভিয়ে দিতে চায়, অথচ সে আরো দৃঢ় হয়ে জ্বলে ওঠে। তার প্রতিটি সকাল যুদ্ধের মতো—থেরাপি, চিকিৎসা, সামাজিক প্রশ্ন, আত্মীয়দের অনাহূত উপদেশ—সবকিছুর মাঝেও তিনি সন্তানের হাসিটুকু বাঁচিয়ে রাখেন। অনেক সময় এই শক্তির কোনো শব্দ নেই; এটি দেখা যায় তার ক্লান্ত চোখের নিচের কালো দাগে, গভীর রাতে সন্তানের জ্বর মাপতে থাকা কাঁপা হাতে, কিংবা সকল অপমান গিলে ফেলে সন্তানের জন্য নতুন আশার দরজা খোঁজার দৃঢ়তায়। তিনি যেন বটগাছ—নিজে রোদে পুড়ে থেকেও ছায়া দেন। পৃথিবী সন্তানের সীমাবদ্ধতা দেখে, আর মা দেখেন সম্ভাবনার ক্ষুদ্রতম আলোটুকু।
  • অদৃশ্য যুদ্ধক্ষেত্র: বিশেষ শিশুদের মায়েদের জীবন অনেকটা এমন এক যুদ্ধক্ষেত্র, যেখানে যুদ্ধের শব্দ বাইরে শোনা যায় না। প্রতিদিনের লড়াইগুলো এত নীরব যে সমাজ সেগুলোকে প্রায়ই “অতিরঞ্জন” ভেবে ভুল করে। স্কুলে ভর্তির সময় অনাগ্রহ, আত্মীয়দের কৌতূহলী দৃষ্টি, রাস্তায় অপরিচিত মানুষের করুণা—সব মিলিয়ে মা যেন এক অদৃশ্য কাঁটার মুকুট পরে চলেন। অনেক সময় তিনি নিজেকে ভাঙা নৌকার মাঝি মনে করেন। চারপাশে সমুদ্র, সামনে ঝড়, তবু বৈঠা থামানোর উপায় নেই। কারণ তার নৌকায় যে তার সন্তানের স্বপ্ন ঘুমিয়ে আছে। অর্থনৈতিক চাপ, মানসিক ক্লান্তি, দাম্পত্য দূরত্ব—এসব চ্যালেঞ্জ তাকে প্রতিদিন একটু একটু করে ক্ষয় করে। তবু তিনি থামেন না, কারণ মাতৃত্ব অনেক সময় যুক্তির চেয়ে বড় এক বিশ্বাসের নাম।
  • বুকের ভেতর জমে থাকা সমুদ্র: এই মায়েদের কিছু কথা কখনো উচ্চারণ করা হয় না। তারা কাউকে বলেন না, কতবার একা ঘরে বসে কান্না চেপে রাখতে হয়েছে। তারা বলেন না, অন্য শিশুদের সহজ স্বাভাবিক বেড়ে ওঠা দেখে বুকের ভেতর কেমন অদ্ভুত হাহাকার জন্ম নেয়। সমাজ তাদের শেখায় শক্ত হতে, কিন্তু কেউ জিজ্ঞেস করে না—“তুমি কেমন আছ?” তাদের নীরবতা অনেকটা বরফঢাকা আগ্নেয়গিরির মতো। বাইরে স্থির, অথচ ভেতরে গলিত লাভার মতো জমে থাকে ভয়, অপরাধবোধ, ক্লান্তি আর অনিশ্চয়তা। তারা অনেক সময় নিজের স্বপ্নগুলো ধীরে ধীরে আলমারির পুরোনো কাপড়ের মতো ভাঁজ করে তুলে রাখেন। কারণ তাদের জীবনের কেন্দ্র হয়ে ওঠে সন্তানের প্রতিটি ছোট অগ্রগতি।

দ্বিতীয় আচল: প্রতিবন্ধী শিশুর মায়েদের জীবন: নীরব পরিবর্তনের বহুমাত্রিক বাস্তবতা

বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী একটি শিশুর জন্ম শুধু একটি পরিবারের দৈনন্দিন জীবনযাত্রাকেই বদলে দেয় না; এটি গভীরভাবে রূপান্তরিত করে একজন মায়ের অনুভূতি, আত্মপরিচয়, সম্পর্কের জগৎ এবং ভবিষ্যৎকে দেখার দৃষ্টিভঙ্গিকেও। শিশুটির শারীরিক বা মানসিক অবস্থা যেন ধীরে ধীরে পুরো পরিবারের আবেগিক ও সামাজিক বাস্তবতার অংশ হয়ে ওঠে। গবেষকেরা এই অভিজ্ঞতাকে ব্যাখ্যা করতে গিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ মাত্রার কথা উল্লেখ করেছেন—আবেগগত প্রতিক্রিয়ার বিভিন্ন ধাপ, ধারাবাহিক দায়িত্ব ও চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, জীবনদর্শন ও মূল্যবোধের পুনর্মূল্যায়ন, এবং শোকের অনুভূতির পুনরাবৃত্তি। প্রতিটি মাত্রাই একেকটি দীর্ঘ অভ্যন্তরীণ যাত্রার প্রতিচ্ছবি।

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের বিষয়ে প্রথম জানার মুহূর্তটি অনেক মায়ের জন্য প্রবল মানসিক অভিঘাতের মতো আসে। আকস্মিক সেই বাস্তবতা তাদের এক ধরনের স্তব্ধতা ও অবিশ্বাসের মধ্যে ফেলে দেয়। অনেকেই প্রথমে পরিস্থিতিকে অস্বীকার করতে চান—যেন এ সত্য মেনে নিলে জীবনের পরিচিত কাঠামো ভেঙে পড়বে। কিন্তু ধীরে ধীরে বাস্তবতা সামনে এগিয়ে এলে জন্ম নিতে পারে রাগ, ক্ষোভ কিংবা অসহায়তার অনুভূতি। কখনও সেই রাগ ভাগ্যের প্রতি, কখনও চিকিৎসাব্যবস্থার প্রতি, কখনও আবার নিজের প্রতিও ফিরে আসে। এরপর দীর্ঘ অনিশ্চয়তা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এবং সামাজিক বাস্তবতার মুখোমুখি হয়ে অনেক মা গভীর বিষণ্নতার অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। কেউ কেউ আবেগগতভাবে নিজেকে গুটিয়ে নেন, সামাজিক সম্পর্ক থেকেও দূরত্ব তৈরি করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই নতুন বাস্তবতাকে কেন্দ্র করে জীবনকে পুনর্গঠনের চেষ্টা শুরু করেন। ধীরে ধীরে তারা শিখে নেন কীভাবে এই নতুন জীবনের সঙ্গে সহাবস্থান করা যায়, কীভাবে প্রতিদিনের সংকটের মধ্যেও টিকে থাকার অর্থ খুঁজে নিতে হয়। এই অভিযোজন কোনো সহজ আত্মসমর্পণ নয়; বরং এটি এক গভীর মানবিক পুনর্গঠনের প্রক্রিয়া।

তবে এই পথচলায় শোক কখনো পুরোপুরি শেষ হয়ে যায় না। বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের মা–বাবার জীবনে বেদনা অনেক সময় স্তিমিত হয়, কিন্তু বিলীন হয় না। সন্তানের বিকাশের নতুন ধাপ, স্কুলজীবনের অভিজ্ঞতা, সামাজিক বৈষম্য কিংবা ভবিষ্যৎ নিয়ে নতুন কোনো আশঙ্কা সেই পুরোনো শোককে আবারও জাগিয়ে তুলতে পারে। গবেষকেরা এ কারণেই একে “চিরস্থায়ী শোক” বা *chronic sorrow* হিসেবে অভিহিত করেছেন। এটি এমন এক অনুভূতি, যা সময়ের ব্যবধানে নতুন রূপে ফিরে আসে—কখনও নীরবে, কখনও তীব্র আবেগের ঢেউ হয়ে। ফলে এই পরিবারগুলোর মানসিক বাস্তবতাকে কেবল ক্ষণস্থায়ী সংকট হিসেবে দেখলে তার গভীরতা বোঝা যায় না।

একই সঙ্গে এই অভিজ্ঞতা মানুষের জীবনদর্শন ও মূল্যবোধকেও নতুনভাবে প্রশ্নের মুখে দাঁড় করায়। অনেক মা অনুভব করেন, জীবন সম্পর্কে তাদের পূর্বের বিশ্বাস ও প্রত্যাশা যেন ভেঙে গেছে। একসময় যে ভবিষ্যৎকে তারা স্বাভাবিক ও নিশ্চিন্ত বলে কল্পনা করেছিলেন, তা হঠাৎ অনিশ্চয়তায় আচ্ছন্ন হয়ে পড়ে। এই অভিজ্ঞতা থেকে জন্ম নিতে পারে গভীর নিঃসঙ্গতা—যেখানে একজন মা নিজেকে অন্যদের থেকে আলাদা, বিচ্ছিন্ন কিংবা ভুলে যাওয়া মনে করতে পারেন। পাশাপাশি তীব্র হয়ে ওঠে জীবনের ভঙ্গুরতার অনুভূতি; মানুষ উপলব্ধি করতে শুরু করে, নিরাপত্তা ও স্থায়িত্ব আসলে কতটা অনিশ্চিত। সমাজে সহমর্মিতা ও সমান সুযোগের অভাবও তখন আরও স্পষ্ট হয়ে ওঠে, যা বৈষম্যের অনুভূতিকে তীব্র করে। অনেক সময় নিজের স্বপ্ন, ব্যক্তিগত পরিচয় কিংবা দীর্ঘদিনের পরিকল্পনাকেও অর্থহীন বলে মনে হতে পারে। কেউ কেউ ফিরে যেতে চান অতীতের সেই জীবনে, যেখানে অনিশ্চয়তার এই ভার ছিল না। এমনকি ভবিষ্যৎ সম্পর্কে স্থায়ী নিরাপত্তাবোধ—যা মানুষকে জীবনের প্রতি আস্থাশীল করে তোলে—তাও ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে।

তবু এই দীর্ঘ ও জটিল অভিজ্ঞতার মধ্যেও অনেক মা নতুন ধরনের মানসিক শক্তি, সহনশীলতা এবং মানবিক গভীরতা অর্জন করেন। প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে তারা শুধু সন্তানের জন্য লড়াই করেন না; বরং জীবনের অর্থ, সম্পর্কের মূল্য এবং মানুষের প্রতি সহমর্মিতাকেও নতুনভাবে আবিষ্কার করেন। বিশেষ চাহিদাসম্পন্ন একটি শিশুর উপস্থিতি তাই শুধু সংকটের গল্প নয়; এটি একই সঙ্গে এক নীরব রূপান্তরের ইতিহাস, যেখানে বেদনা, সংগ্রাম, ভালোবাসা এবং পুনর্গঠনের অভিজ্ঞতা একসূত্রে গাঁথা হয়ে থাকে।

তৃতীয় আচল: স্বপ্নভঙ্গের সকাল

বর্ণময় এক প্রভাতে যখন কুলমুখর পাখির ডাকে ঘুম ভাঙে এক বিশেষ শিশুর মায়ের, চোখ খোলা মাত্রই শরীর থেকে ঝরে যায় ক্লান্তি। কিন্তু সেই প্রভাত কেবল স্বাভাবিক সন্তানের মায়ের জন্য। মধুমিতা, যার কোলজুড়ে আছে সাত বছরের রবি—অটিজম স্পেকট্রামের এক ফুটফুটে ছেলে, তার সকাল মানেই যেন এক অনবরত সতর্কতার ঘণ্টাধ্বনি। রাত পোহালেই শুরু হয় অগোছালো সময়ের পাহাড় টপকানো। রবির শরীরে কখনও জ্বরের স্পর্শ, কখনও অকারণে চিৎকার, কখনও বা কোনও গোলমণ্ডলের ধাতব অনুভূতি তাকে অস্থির করে তোলে। মধুমিতা বলেন, “প্রতিদিন সকালে আমি যেন যুদ্ধক্ষেত্রে পা রাখি। আমার সন্তান যুদ্ধ নয়, সে আমার শান্তির প্রতীক। কিন্তু তাকে বাঁচিয়ে রাখতে, তাকে পৃথিবীর মূলস্রোতে টেনে আনতে আমাকে প্রতিনিয়ত যোদ্ধা হয়ে উঠতে হয়।”

বর্ণমালার মতো সোজা এক জীবনটাকে যেন কে যেন আঁকাবাঁকা করে দিয়েছে। সে মা জানান, তিনি এক সময় পেশাদার নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন। সন্তান হওয়ার পর তার সমস্ত স্বপ্ন যেন জমাট বেঁধে যায় রবির চিকিৎসার পেছনে। এখন তিনি প্রতিদিন সকালে রবিকে ঘিরে বিভিন্ন থেরাপির টাইম টেবিল মেলান। তার হাতে আর নূপুর নেই, বরং একটি ডায়েরি—যাতে লেখা আছে ওসিডির রুটিন, খাবারের অ্যালার্জির তালিকা আর স্পিচ থেরাপির নোট। এ যেন মাতৃত্বের এক ভিন্ন রূপ—যেখানে ‘আমি’ বলার কোনো জায়গা নেই, শুধু ‘আমার সন্তান’।

তিনি যখন বলেন, “আমার সন্তানকে মানুষ বলতে ওই দুটো অক্ষর শেখাতে পাঁচ বছর লেগেছে, ওই শব্দটা যখন মুখ দিয়ে বেরোয়, সেদিন আমার সংসারের সমস্ত আঁধার দূর হয়ে যায়,” তখন বুঝতে পারি—সুখের মাপকাঠি এদের কাছে অন্য রকম। জন্মের সময় চিকিৎসক যখন জানিয়েছিলেন রবির বিকাশগত নানা বাধা থাকবে, অনিন্দিতা ভেবেছিলেন পৃথিবী থেমে গেল। কিন্তু এখন তিনি নিজেই এক দুর্বার শক্তি—তিনি শিখেছেন কী করে নীরবতায় কথা বলা যায়, কী করে স্পর্শের ভাষায় সন্তানের মন জয় করা যায়।

চতুর্থ আচল: সমাজের আয়না আর নির্মম দৃষ্টি

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘বিশেষ শিশু’ বললে এখনও অনেকের চোখে উদাসীনতা কিংবা কৌতুহল। কখনও কখনও করুণার দৃষ্টি, কখনও অবজ্ঞার হাসি। এই মায়েরা শুধু সন্তানের শারীরিক ও মানসিক চাহিদা পূরণের লড়াইয়ে ব্যস্ত নন, তাদের প্রতিনিয়ত দাপাতে হয় সমাজের রূঢ় আয়নাকেও। আরেক মা, আলেয়া বেগম (ছদ্মনাম), যার চার বছরের মেয়ে সোনামণি ডাউন সিনড্রোম নিয়ে বেঁচে আছে, একদিন স্থানীয় ম্যাজিক পার্কে বেড়াতে গিয়েছিলেন। সেখানে অন্যান্য বাচ্চারা যেমন ছুটোছুটি করছিল, সোনামণি একটু আলাদা—ভয়ে আর অনভ্যস্ততায় কোথাও যেতে চাইছিল না, কাঁধের কাছে মাথা গুঁজে রেখেছিল। একজন প্রতিবেশী মহিলা মন্তব্য করেছিলেন, “এই বাচ্চা তো স্বাভাবিক না, এদের বাইরে আনা উচিত না, অন্য বাচ্চারা ভয় পায়।” রূপা বেগম সে রাতে বাড়ি ফিরে অনেক কেঁদেছিলেন। তার কান্নার শেষ ছিল না—তখন তিনি সিদ্ধান্ত নেন আর কখনও নিজের সন্তানকে লুকিয়ে রাখবেন না।

বইমেলায় একদিন নিজের সন্তানকে ঘিরে মানুষের দিকে তাকিয়ে থাকা বিস্ময় আর ঘৃণার মিশ্রণ যেন তাকে নিংড়ে দিয়েছিল। কিন্তু তিনি বলেন, “আমার মেয়ের কোনো অপরাধ নেই। পৃথিবীর এত রং, এত মানুষ, তার কাছে সব অচেনা—আমিই তাকে চিনিয়ে দেব। যখন কেউ তাকে বোকা বা অযোগ্য বলে, আমি বুঝি, ওদের অজ্ঞতাই বড়।” আলেয়া এখন একটি সচেতনতা গোষ্ঠীর সঙ্গে যুক্ত, তিনি স্কুলে স্কুলে গিয়ে বাচ্চাদের শেখান—‘অটিজম কিংবা ডাউন সিনড্রোম কোনো রোগ নয়, এটি শুধু এক ভিন্ন ভাবনা’। অন্য বাবা-মায়েরা যেন তাদের বাচ্চাদের ‘আমাদের থেকে আলাদা’ ভাবতে না শেখায়, সে চেষ্টায় তিনি মেতে ওঠেন।

এদিকে শহরের অলিগলিতে ঘুরে বেড়ানো কিছু সংগঠন আছে, যারা বিশেষ শিশুদের মায়েদের পাশে দাঁড়ানোর নাম করে বাণিজ্যিক সদ্ব্যবহার করে। তবুও সত্যিকারের সংগঠনের পক্ষ থেকে যে উষ্ণতা মেলে, তাতেই বাঁচেন এসব নারী। আরেক মা, মনীষা রায় (ছদ্মনাম), যার ছেলে সেরিব্রাল প্যালসিতে আক্রান্ত, সংগঠন ‘প্রান্তিকের’ সাহায্যে একটি ছোট দোকান দিয়েছেন। এখন তিনি স্বাবলম্বী হতে শিখেছেন। তিনি স্বীকার করেন, “সমাজ আমাকে দয়া করতে চেয়েছিল, কিন্তু আমি চাইলাম অধিকার। আমার সন্তানকে মানুষ ‘অভিশপ্ত’ বলেছিল, আমি প্রমাণ করে দিয়েছি, এই অভিশাপটাই আমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ।”

পঞ্চম আচল: অন্তরাত্মার দোলাচলনিজের অস্তিত্বের সন্ধানে

এক বিশেষ শিশুর মা হওয়া শুধু কর্তব্যের ফাঁসি নয়; এটি নিজের অস্তিত্বের এক চরম পরীক্ষাও। দিনের পর দিন যখন একজন মা নিজের সব ইচ্ছা-আকাঙ্ক্ষা চাপা দিয়ে শুধু সন্তানের চাহিদার দাস হয়ে ওঠেন, তখন একসময় নিঃশেষ হয়ে যেতে থাকেন। রাত্রিতে ঘুম ভাঙে আতঙ্কে; দিনের বেলা শরীরে থাকে ব্যথা, মাথায় থাকে ক্লান্তি। ফাহমিদা খাতুনের বয়ত্রিশ বছরের কন্যা মায়া স্পিচ অ্যাপ্রাক্সিয়ায় ভোগে—কথা বলতে পারে না, তার খাওয়া-দাওয়া, গোসল, স্কুলের ব্যাগ গোছানো সবটাই রাশিদা (ছদ্মনাম) একা করেন। স্বামী সকাল থেকে রাত অবধি চাকরি করেন, তাদের আর কোনো সন্তান নেই। রাশিদা ভীষণ একা।

তিনি বলেন, “অনেক রাতে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়ি। তারপর হঠাৎ চমকে ওঠা—মনে হয় আমি কারও কিছুই করতে পারছি না, আমি অযোগ্য। একবার ভেবেছিলাম, জানলা দিয়ে লাফিয়ে পড়ি। কিন্তু মায়ার হাতটা আমার গায়ে পড়তেই সব অন্ধকার কেটে যায়। ওর স্পর্শে আমি আবার বাঁচি।” মানসিক অবসাদ, ডিপ্রেশন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার—এসব বিষয়ে কখনও কখনও তারা চিকিৎসকের কাছেও যেতে পারেন না, কারণ ‘লোকে কী বলবে’ কিংবা ‘আমার সন্তানের দেখাশোনা কে করবে’—এইসব প্রশ্ন ছেয়ে থাকে।

রাশিদা এখন নিয়মিত কাউন্সেলিং নেন, তিনি একটি সাপোর্ট গ্রুপের নেত্রী। ওই গ্রুপে মায়েরা সপ্তাহে একদিন জড়ো হন, কাঁদতে শেখেন, হাসতে শেখেন, নিজেদের দুর্বলতা প্রকাশ করতে শেখেন। রাশিদার ভাষায়, “নিজেকে ভালোবাসতে না জানলে সন্তানকে সঠিক ভালোবাসা দেওয়া যায় না। তাই নিজের জন্যও সময় নেওয়া দরকার। এক কাপ চা, এক পাতা কবিতা, কিংবা পাড়ার এক পাশে হাঁটা—এগুলো ছোট জিনিস, কিন্তু এগুলোই আমাদের পাথেয়।” এটি এক সুন্দর শিক্ষা যে, মাতৃত্বের আবরণ খুলে একজন মা নিজেও একজন পূর্ণ মানুষ; তারও স্বপ্ন আছে, ক্লান্তি আছে, ব্যর্থতা আছে।

ষষ্ঠ আচল: অকৃত্রিম ভালোবাসার ক্ষুদ্র মুহূর্ত

এই মায়েদের হৃদয়ে জমা থাকে এক অবিনাশী ভাণ্ডার—সেইসব মুহূর্ত যখন সন্তান একটু অগ্রগতি করে, যখন সে নতুন কিছু শেখে, যখন মাকে চিনতে পারে। অবন্থী গোমেজের (ছদ্মনাম) ছেলে আদৃতের বয়স আট বছর, সে গুরুতর মাল্টিপল ডিসঅ্যাবিলিটিতে ভোগে। আদৃত কখনও মাকে জড়িয়ে ধরতে পারেনি, বলতে পারেনি ‘মা’। কিন্তু একদিন মিসেস গোমেজ ঘর ঝাড়তে ঝাড়তে হঠাৎ শুনলেন আদৃত অদ্ভুত এক আওয়াজ করে ডাকছে—‘মা’ না হলেও সেটা যেন তার কণ্ঠের চেনা সুর। রিতু দৌড়ে গিয়ে দেখেন আদৃতের চোখের কোনায় জল। ওই একটুকু আওয়াজ রিতুর জন্য অনেক বড় পাওয়া। তিনি বলেন, “সেদিন আমি বুঝতে পেরেছিলাম, আমার আদৃত আমাকে চিনতে পারে, তার ভেতরের প্রদীপটা জ্বলছে, শুধু একটু সময় লাগছে।”

এই মায়েরা কোনো বিশেষ দিনে ফুলের তোড়া কিংবা কার্ড পান না। তাদের সামাজিক উদযাপন নেই, পার্টির আমন্ত্রণ নেই। কিন্তু যখন তাদের সন্তান প্রথমবার চামচ হাতে ধরে, প্রথমবার পায়খানার প্রশিক্ষণে সাড়া দেয়, প্রথমবার কোনো ছবি আঁকে—সেই ঘটনাগুলো যেন তাদের জীবনের উজ্জ্বলতম উৎসব। একটি মা বলেছিলেন, “আমি অন্য মায়েদের হিংসা করি না, যাদের সন্তান প্রথম শ্রেণিতে এসেছে, কবিতা আবৃত্তি করেছে। আমার সন্তান যখন আজ সকালে এক লাইন সোজা আঁকল, সেটাই আমার কাছে পুরো পৃথিবী জয়ের সমান।”

লেখাপড়ার পাশাপাশি এই মায়েরা তাদের সন্তানদের কর্মক্ষম করে গড়ে তোলার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যান। কেউ গান শেখান, কেউ হস্তশিল্প, কেউ কৃষিকাজ। বাংলাদেশের কিছু বেসরকারি উদ্যোগ বর্তমানে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে। সেখানকার এক মা, লাকী সুলতানা (চদ্মনাম), তার পুত্র সাগরকে নিয়ে গর্বিত, কারণ সাগর বাঁশের তৈরি ছোট ছোট ঝুড়ি বিক্রি করে সংসারে সাহায্য করে। লাকী জানালেন, “আমি তাকে কখনও ‘বোঝা’ হতে দিইনি। বরং তাকে শিখিয়েছি, সেও পারে। আজ সমাজের চোখে সে ছোট, কিন্তু আমার চোখে সে বীর।”

সপ্তম আচল: অর্থনৈতিক সঙ্কট পারিবারিক টানাপড়েন

বাংলাদেশের মতো দেশে একটি বিশেষ সন্তান লালন-পালন করা অর্থের দিক থেকেও এক অবর্ণনীয় চ্যালেঞ্জ। থেরাপি, ওষুধ, বিশেষ স্কুলের ফি, ডায়েট চার্ট, কখনও প্রয়োজনীয় যন্ত্রপাতি—সব মিলিয়ে মাসিক ব্যয় অনেক গুণ বেড়ে যায়। বেশিরভাগ মা কর্মহীন বা আধা-শিক্ষিত, ফলে আয়ের পথ সঙ্কুচিত। স্বামী একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলেও অনেক ক্ষেত্রে স্বামীরাও দায় এড়িয়ে চলেন, বিশেষত যখন সন্তানের সমস্যা দীর্ঘমেয়াদি। খোয়াই দেবী চাকমা (ছদ্মনাম) নামে এক মা জানান, “সন্তানের জন্মের পর যখন জানতে পারি ওর বুদ্ধি প্রতিবন্ধিতা আছে, আমার স্বামী ওই শিশুকে দেখতেই চাইতেন না। বলেছিলেন, ‘একে কোনও আশ্রমে দিয়ে দাও, আমরা নতুন সন্তান নেব।’ আমি রাতে বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসি। এখন একা সংগ্রাম করি। কিন্তু সেটা মেনে নিতে পারি, কিন্তু সন্তানকে ছাড়তে পারি না।”

এছাড়াও পারিবারিক আত্মীয়স্বজনের কাছ থেকে প্রায়ই শুনতে হয় “এটাতো ঈশ্বরের আজাব”, “তোমাদের কোনো পুণ্য ছিল না”, ইত্যাদি কুসংস্কারাচ্ছন্ন কথা। কিছু মা এতটাই মানসিক যন্ত্রণায় ভোগেন যে শারীরিক অসুস্থতাও বরণ করে নেন। সরকারি সহায়তা এখনও সীমিত, তবে বর্তমান সরকারের কিছু ভাতা এবং বিশেষায়িত স্কুলের মাধ্যমে স্বস্তির হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তথাপি, অধিকাংশ মায়ের কাছে সেটা যথেষ্ট নয়।

গণমাধ্যমে এই প্রসঙ্গ এলে অনেকেই একটু সহানুভূতি জানান, কিন্তু বাস্তবের সুরক্ষা ব্যবস্থা কত দুর্বল, তা আমরা খুব কমই উপলব্ধি করি। এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় ১৫ লক্ষ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রয়েছে, যাদের বেশিরভাগের মা কোনো না কোনোভাবে সঠিক স্বাস্থ্যসেবা ও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান অসাধারণ কাজ করলেও, দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো এখনও অন্ধকারে।

অষ্টম আচল: ভবিষ্যতের শঙ্কা নিরন্তর আশা

সবচেয়ে বেদনার প্রশ্নটি এই মায়েদের বারবার তাড়া করে—‘আমার পর আমার সন্তান কী করবে?’ কে তাকে স্নান করাবে? কে তাকে খেতে দেবে? কে তাকে বোঝাবে রাগের সময়? এমন হাজার প্রশ্নের জবাব দেয় না কেউ। বৃদ্ধ বয়সে যখন একজন মা নিজেই দুর্বল, সন্তানের দেখাশোনার দায়িত্ব তখন কার ওপর? অনেক মা তাই আজ থেকেই ছোট ছোট সম্পদ গড়ে তোলেন, নিজের স্বাস্থ্য রক্ষার চেষ্টা করেন, কাউকে না কাউকে প্রশিক্ষণ দিয়ে যেতে চান। ফুলজান বানুর (ছদ্মনাম) বয়স পঞ্চাশের ওপর। তার ত্রিশ বছরের পুত্র ইউনুস মানসিক ভারসাম্যহীনতায় ভোগে। সাজেদা প্রতিদিন স্থানীয় প্রতিবন্ধী বিদ্যালয়ে গিয়ে এক স্বেচ্ছাসেবককে ইউনুসের রুটিন শেখান। তিনি বলেন, “আমি হয়তো আর পাঁচ বছর বাঁচব। আমার মৃত্যুর পর যেন শাওন না খেয়ে না থাকে, যে কেউ তাকে যেন একটু আদর করে। এটি আমার শেষ বাসনা।”

হাজারো প্রতারণার মাঝেও, তাদের জন্য কাজ করে যাওয়া কিছু সংগঠন রয়েছে। এর মধ্যে কেই সচেতনতা তৈরি করছে, কেউবা শিক্ষা, বা থেরাপি সার্ভিস, আবার কেউবা বিশেষ শিশুদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এরকম প্রতিবন্ধিতা বিষয়ক পেশাজীবীদের সংগঠন বিএনএডিপি সার্ভিস উপসিম্থতি নিশ্চিতে কাজ করছে। সেখানকার একজন ফিজিও থেরাপিস্ট বলেন, “এ মায়েরা চান না সন্তানের জন্য সমাজের বোঝা হোক; তারা চান তাদের সন্তানেরাও যেন মর্যাদার সাথে বাঁচে। সরকারি-বেসরকারি উদ্যোগে যদি ডে-কেয়ার সেন্টার, ভোকেশনাল ট্রেনিং ও পেনশনের ব্যবস্থা করা যায়, তবে এই মায়েদের স্বস্তির নিশ্বাস ফেলতে সময় লাগবে না।”

সপ্তাহ দুয়েক আগে উদযাপিত আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে বলতে পারি, আমাদের কর্তব্য, শুধু ফুল ও উপহারের বিনিময়ে এই মায়েদের ‘শক্তিময়ী’ উপাধিতে ভূষিত না করা; বরং তাদের পাশে দাঁড়ানোর, তাদের কণ্ঠস্বর হওয়ার অঙ্গীকার করা। আমরা, যারা স্বাভাবিক সন্তানের মা কিংবা বাবা হয়েছি, হয়তো কখনও তাদের যন্ত্রণা পুরোপুরি অনুভব করতে পারব না, কিন্তু অন্তত দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারি—‘ভিন্নতা’কে ‘বৈচিত্র্য’ হিসেবে দেখতে শিখতে পারি।

নবম আচল: অকূল সমুদ্রের বাতিঘরবিশেষ শিশুদের মায়েদের সংগ্রাম নিরব আগামীর গল্প

আন্তর্জাতিক মা দিবস মানে কেবল ক্যালেন্ডারের পাতায় একটি বিশেষ দিন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ রঙিন শুভেচ্ছাবার্তা নয়। এটি মূলত সেইসব অদম্য যোদ্ধাদের মূল্যায়নের দিন, যারা জীবনের ক্যানভাসে প্রতিনিয়ত ধৈর্যের তুলি দিয়ে সংগ্রাম আর মমতার এক অনন্য ছবি এঁকে চলেন। বিশেষ করে সেই মায়েরা, যাদের যাপন সাধারণের চেয়ে আলাদা, কিন্তু যাদের হৃদয়ের গভীরতা নীলিমার চেয়েও বিশাল। তারা এমন এক পৃথিবীর বাসিন্দা, যেখানে প্রতিটি ছোট জয়ই একেকটি বড় ইতিহাস।

একজন বিশেষ শিশুর মা যেন এক উত্তাল সমুদ্রের অকুতোভয় নাবিক। তার জীবনতরী এমন এক মানচিত্র ধরে চলে, যেখানে কোনো পূর্বনির্ধারিত পথরেখা নেই। ঝোড়ো হাওয়া আর প্রতিকূলতার ঢেউ সেখানে নিত্যসঙ্গী। সমাজ যখন কোনো শিশুকে তার ‘অক্ষমতা’ দিয়ে সংজ্ঞায়িত করতে চায়, এই মায়েরা তখন সেই সংজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে সন্তানের ভেতরে লুকিয়ে থাকা ‘স্বকীয়তা’ খুঁজে বের করেন। তারা জানেন, তাদের বাগানের ফুলটি হয়তো সবার মতো একই সময়ে ফুটবে না, কিন্তু যখন ফুটবে, তার সুবাস হবে অমলিন ও স্বতন্ত্র। এই মায়েদের নীরব আত্মত্যাগ কোনো রূপকথার চেয়ে কম নয়; তারা নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের প্রতিটি ছোট অর্জনের মাঝে খুঁজে পান বেঁচে থাকার নতুন সার্থকতা।

আন্তর্জাতিক মা দিবস তাই আজ আর কেবল কুশল বিনিময়ের গণ্ডিতে সীমাবদ্ধ নেই; এটি মায়েদের মানবিক শক্তি ও সামাজিক অবদানকে নতুন করে চেনার এক মহতী উপলক্ষ। আমাদের সমাজ ব্যবস্থায় একজন বিশেষ শিশুর মায়ের অবদানকে অনেক সময় অবমূল্যায়ন করা হয়, কিন্তু তারা আসলে এক একজন দক্ষ সমাজ সংস্কারক। তাদের জীবনদর্শন আমাদের শেখায় যে, পূর্ণতা মানে কেবল শারীরিক বা মানসিক সক্ষমতা নয়, বরং সীমাহীন ভালোবাসা আর ধৈর্যই হলো মানুষের শ্রেষ্ঠ সম্পদ। এই মায়েদের প্রতি শ্রদ্ধা জানানো মানেই হলো মানবিকতার সেই স্তম্ভকে সম্মান জানানো, যার ওপর দাঁড়িয়ে আছে আমাদের সংহতি ও ভ্রাতৃত্ব।

বিশেষজ্ঞ ও সচেতন মহল আশা প্রকাশ করেন যে, মা দিবসের এই চেতনা কেবল একদিনের আনুষ্ঠানিকতায় থেমে থাকবে না। এটি যেন পরিবারে ও সমাজে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ার কারিগর হিসেবে কাজ করে। বিশেষ শিশুদের পরিবারগুলোর প্রতি সমাজের বাঁকা চোখ নয়, বরং সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া আজ সময়ের দাবি। প্রতিটি মা যেন অনুভব করেন যে, তিনি এই দুর্গম পথে একা নন; বরং সমাজ তার পাশে দাঁড়িয়েছে পরম মমতায়।

সত্যিকার অর্থে বলতে গেলে বলতেই হয়, বিশেষ শিশুদের মায়েরা হলেন সেই অদৃশ্য কারিগর, যারা ভাঙাচোরা পৃথিবীর মাঝেও ভালোবাসার আলোকবর্তিকা জ্বেলে রাখেন। এবারের মা দিবস হোক সেই অদম্য শক্তিকে কুর্নিশ জানানোর দিন। পরিবার, অন্তর্ভুক্তি ও সহমর্মিতার বার্তা যেন মানুষের হৃদয়ে গেঁথে যায় এবং বিশেষ শিশুদের প্রতি গড়ে ওঠে এক ইতিবাচক ও মানবিক দৃষ্টিভঙ্গি। কারণ, প্রতিটি মা-ই একটি পৃথিবীর জন্ম দেন, আর বিশেষ শিশুদের মায়েরা জন্ম দেন এক অজেয় সাহসের জপ পৃথিবী।

দশম আচল: মায়েদের কণ্টকাকীর্ণ রাস্তাধারাবাহিক দায়, অনবরত অভিযোজন

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের পরিবারে অভিযোজন কোনো এককালীন মানিয়ে নেওয়ার প্রক্রিয়া নয়; বরং এটি দীর্ঘস্থায়ী এক জীবনযাত্রা, যেখানে প্রতিটি দিন নতুন দায়িত্ব, নতুন বাস্তবতা এবং নীরব মানসিক পরীক্ষার মুখোমুখি দাঁড় করায় বাবা–মাকে—বিশেষত মায়েদের। সাধারণ পারিবারিক অভিজ্ঞতার তুলনায় এই পথ অনেক বেশি জটিল, কারণ এখানে সন্তানের শারীরিক বা মানসিক অবস্থাকে ঘিরে শুধু দৈনন্দিন যত্নের প্রশ্নই নয়, বরং জড়িয়ে থাকে আত্মপরিচয়, সামাজিক প্রতিক্রিয়া, ভবিষ্যতের অনিশ্চয়তা এবং অবিরাম মানসিক অভিযোজনের বিষয়ও। সন্তানের প্রতিবন্ধিতা বা দীর্ঘমেয়াদি শারীরিক অবস্থার বাস্তবতা মেনে নেওয়ার মধ্য দিয়েই শুরু হয় এই যাত্রা। সেই স্বীকৃতি কেবল সন্তানের অবস্থাকেই ধারণ করে না; এর সঙ্গে জড়িয়ে থাকে নিজের ভেতরের শোক, হতাশা, অপরাধবোধ কিংবা আশঙ্কাকে সামলে নেওয়ার কঠিন প্রয়াস, পাশাপাশি পরিবার, আত্মীয়স্বজন ও সমাজের দৃষ্টিভঙ্গির সঙ্গেও এক ধরনের অব্যক্ত সমঝোতা গড়ে তোলার প্রয়োজন।

এই অভিযোজনের পরবর্তী ধাপগুলোও কম কঠিন নয়। বাবা–মাকে সন্তানের বিশেষ চাহিদার প্রকৃতি বুঝতে হয়, তার বিকাশে সহায়ক প্রয়োজনীয় দক্ষতা আয়ত্ত করতে হয় এবং স্বাস্থ্য, শিক্ষা কিংবা সমাজকল্যাণসংশ্লিষ্ট সেবাগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করতে হয়। একই সঙ্গে চিকিৎসা, শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন, ভবিষ্যৎ প্রশিক্ষণ কিংবা কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও সক্রিয় ও সচেতন ভূমিকা নিতে হয়। ধীরে ধীরে তারা উপলব্ধি করেন, এই দীর্ঘ পথ একা অতিক্রম করা সম্ভব নয়; ফলে সহমর্মী মানুষ, আত্মীয়স্বজন, সহায়তাকারী গোষ্ঠী কিংবা পেশাজীবীদের নিয়ে একটি নির্ভরযোগ্য সহায়তা-নেটওয়ার্ক গড়ে তোলাও হয়ে ওঠে টিকে থাকার অপরিহার্য শর্ত।

তবে দায়িত্বের সবচেয়ে সূক্ষ্ম এবং গভীর অংশটি লুকিয়ে থাকে পারিবারিক সম্পর্কের ভেতরে। সন্তানের সঙ্গে ইতিবাচক, স্নেহময় এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাবা–মাকে নিজেদের আত্মমর্যাদা, দাম্পত্যের ভারসাম্য এবং ব্যক্তিজীবনের স্থিতিও রক্ষা করতে হয়। বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের পরিচর্যা যেন পুরো পরিবারকে গ্রাস না করে ফেলে, সে ভারসাম্য রক্ষা করাও এক ধরনের নীরব সংগ্রাম। সময়ের সঙ্গে আরও কঠিন হয়ে ওঠে আরেকটি সত্য মেনে নেওয়া—সন্তান একদিন নিজের স্বাধীন সত্তা নিয়ে বাঁচতে চাইবে; তার নিজস্ব অনুভূতি, ব্যক্তিগত চাওয়া, এমনকি পরিবারের বাইরে স্বাধীনভাবে বসবাসের অধিকারও থাকবে। এই উপলব্ধিকে গ্রহণ করা অনেক বাবা–মায়ের জন্য আবেগগতভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও সন্তানের পূর্ণাঙ্গ বিকাশের জন্য তা অপরিহার্য।

একই সঙ্গে ভবিষ্যতের অনিশ্চয়তাও তাদের ভাবনায় ক্রমাগত উপস্থিত থাকে। বাবা–মা অসুস্থ হয়ে পড়লে বা মৃত্যুবরণ করলে সন্তানের নিরাপত্তা, সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তা কীভাবে নিশ্চিত হবে—এই প্রশ্ন তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কেন্দ্রে স্থান পায়। আর সন্তানের ক্ষেত্রেও জরুরি হয়ে ওঠে তাকে নিজের শারীরিক বা মানসিক অবস্থার বাস্তবতা বুঝতে সহায়তা করা, যাতে সে সমাজের ভেতরে আত্মমর্যাদা বজায় রেখে নিজের অবস্থান তৈরি করতে পারে।

এই প্রেক্ষাপটে পারিবারিক ব্যবস্থাপনা দৃষ্টিভঙ্গি একটি গুরুত্বপূর্ণ উপলব্ধির দিকে আমাদের নিয়ে যায়। এখানে পরিবারকে কেবল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর কারণে প্রভাবিত একটি কাঠামো হিসেবে দেখা হয় না; বরং পরিবার নিজেও শিশুর বিকাশ, আচরণ এবং মানসিক গঠনের সক্রিয় অংশীদার। শিশুর অসুস্থতা বা প্রতিবন্ধিতার ধরন যেমন বাবা–মায়ের জীবনযাত্রা ও মানসিক অবস্থাকে প্রভাবিত করে, তেমনি বাবা–মায়ের ব্যক্তিত্ব, মানসিক দৃঢ়তা, সংকট মোকাবিলার কৌশল এবং পারিবারিক পরিবেশও শিশুর বিকাশে গভীর ছাপ ফেলে। বিশেষত মায়ের মানসিক ও শারীরিক সুস্থতা, তার আবেগ নিয়ন্ত্রণের সক্ষমতা এবং প্রতিকূলতার মুখে টিকে থাকার শক্তি শিশুর জীবনবোধ ও আচরণ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে বিশেষ চাহিদাসম্পন্ন একটি শিশুকে বোঝার জন্য শুধু তার চিকিৎসাগত অবস্থাই নয়, বরং তার পরিবার, সম্পর্ক এবং প্রতিদিনের আবেগময় বাস্তবতাকেও সমান গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

একাদশ আচল: সামাজিক কুসংস্কার মাতৃত্বের কাঠগড়াএক অন্তহীন লড়াই

আমাদের সমাজব্যবস্থায় আজও অটিজম বা প্রতিবন্ধিতাকে দেখা হয় অলৌকিক কোনো অভিশাপ কিংবা বাবা-মায়ের পূর্বজন্মের পাপের ফসল হিসেবে। বিজ্ঞানের জয়যাত্রার এই যুগেও যখন একটি বিশেষ শিশুর জন্ম হয়, তখন পরিবার ও সমাজের আঙুল সবার আগে ওঠে মায়ের দিকে। বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান জন্ম দেওয়ার অপরাধে (!) মাকে সইতে হয় সীমাহীন নিগ্রহ, তুচ্ছতাচ্ছিল্য আর মানসিক নির্যাতন। সচেতনতার অভাব এতটাই প্রকট যে, শিশুর বিকাশের অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর যখন তার বিশেষ চাহিদার বিষয়টি স্পষ্ট হয়, ততদিনে মায়ের পিঠ দেওয়ালে ঠেকে যায়। এই মায়েরা যেন নিজ সমাজেই এক নির্বাসিত দ্বীপের বাসিন্দা, যেখানে ভালোবাসা আছে কিন্তু সহমর্মিতা নেই, দায়িত্ব আছে কিন্তু সহযোগিতার হাত নেই।

অনেকসময় বাবার নিষ্ঠুরতা দেখা যায়, কিন্তু মাতো মা-ই। সেতো তার সন্তানকে ফেলাতে পারে না। এইরূপ মায়ের অদম্য সংকল্প গাথা দেখতে পাওয়া যায় লিজার গল্পে। সম্প্রতি পিরোজপুরের স্বরূপকাঠিতে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের মানবিকতার দেউলিয়া রূপকে নগ্নভাবে প্রকাশ করেছে। সিজারিয়ান অপারেশনের পর লিজা যখন তার তৃতীয় সন্তানকে কোলে নিলেন, দেখলেন শিশুটির দুটি পা এবং একটি হাত নেই। অথচ এই অবুঝ শিশুর পিতা আলামিন সন্তানের মুখ দেখা তো দূরের কথা, তাকে হাসপাতালে রেখেই চলে যাওয়ার নির্দেশ দেন। পিতৃত্বের মায়া যেখানে হার মেনেছে নিষ্ঠুরতার কাছে, সেখানে মাতৃত্ব দাঁড়িয়েছে হিমালয়ের মতো অটল হয়ে। অসুস্থ শরীর নিয়েও লিজা তার প্রতিবন্ধী সন্তানকে বুক দিয়ে আগলে রেখেছেন। স্বামীর ত্যাগের হুমকির মুখেও তিনি দৃঢ়কণ্ঠে জানিয়েছেন—"স্বামী না নিলেও আমি সন্তানকে ফেলব না, ওকে আমি মানুষ করব।" লিজার এই লড়াই কেবল এক মায়ের জেদ নয়, বরং পিতৃতান্ত্রিক নিষ্ঠুরতার বিরুদ্ধে এক মহাকাব্যিক প্রতিবাদ।

এতা সংগ্রামে মা প্রায়ই মানসিকভাবে থাকে বিধ্বস্থ। কিন্তু রাষ্ট্রীয় কাঠামোতে এই মাদের মানসিক স্বাস্থ্য যেনো থাকে অবহেলার চাদরে ঢাকা। উন্নত বিশ্বে বিশেষ শিশুদের জন্য সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা বলয় থাকলেও আমাদের দেশে তা এখনও স্বপ্নাতীত। একজন বিশেষ শিশুর মা যখন তীব্র মানসিক চাপে ভোগেন, তখন তার একটু অবসরের বা নিজেকে সময় দেওয়ার কোনো জায়গা নেই। শিশুকে নিরাপদ কোনো কেয়ার-সেন্টারে রেখে মা যে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন, সেই পরিকাঠামো আমাদের নেই বললেই চলে। ফলে উদ্বেগ, বিষণ্নতা আর সামাজিক বিচ্ছিন্নতা এই মায়েদের নিত্যসঙ্গী। যেমনটি শোনা যায় জিয়াসমিন বেগমের কণ্ঠে—সন্তান যখন অপ্রকৃতিস্থ আচরণ করে, তখন মায়ের ভয় হয় সমাজ বুঝি তাকে পাগল ভেবে মেরে ফেলবে। এই নিরাপত্তাহীনতা কেবল ব্যক্তিকেন্দ্রিক নয়, এটি একটি রাষ্ট্রীয় ও সামাজিক ব্যর্থতা।

মায়ের এক সমংগ্রামী জীবনের এক উদাহরণ হরেত পারে তিন প্রতিবন্ধী সন্তানের জননী ফাতেমা বেগম। লোহাগাড়ার ফাতেমা বেগমের জীবন যেন এক চলন্ত সংগ্রামচিত্র। তিন সন্তান—আবিদ, হুজায়েত ও মাহফুজ—জন্মের সময় সুস্থ থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পঙ্গুত্ব বরণ করে। আজ তারা কেউ হাঁটতে পারে না। অভাবের সংসারে স্বামী শাহাদাতের সামান্য আয়ে যেখানে দুবেলা অন্ন জোটে না, সেখানে তিন সন্তানের চিকিৎসার খরচ যেন এক দুঃসাধ্য পাহাড়। এক সময়ের সেলাই করা হাত দুটি এখন সন্তানদের পরিচর্যায় ক্লান্ত। সরকারি নামমাত্র ভাতা আর সমাজের উদাসীনতার মাঝে ফাতেমা বেগম আজও লড়াই করে যাচ্ছেন কেবল মা হওয়ার অসীম দায়বদ্ধতা থেকে। তাঁর এই লড়াই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, অটিজম বা প্রতিবন্ধিতা কেবল একটি শব্দ নয়, এটি এক একটি পরিবারের আজীবনের অশ্রুভেজা আখ্যান।

দ্বাদশ আচল: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মায়েদের সহায়তায় পেশাজীবীদের ভূমিকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মা ও পরিবারের জীবন কেবল চিকিৎসা বা শিক্ষাগত সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি এক গভীর আবেগিক, সামাজিক ও পারিবারিক অভিজ্ঞতা। তাই এ ধরনের পরিবারের সঙ্গে কাজ করার ক্ষেত্রে পেশাজীবীদের দায়িত্বও বহুমাত্রিক। একজন মা শুধু সন্তানের পরিচর্যাকারী নন, তিনি একই সঙ্গে মানসিক চাপ, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, সামাজিক প্রতিক্রিয়া এবং পারিবারিক ভারসাম্য রক্ষার সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলা একজন মানুষ। ফলে সহায়তার ক্ষেত্রে কেবল শিশুর প্রয়োজন নয়, পুরো পরিবারের আবেগিক ও সামাজিক প্রয়োজনকেও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা জরুরি।

এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো দ্বিমুখী যোগাযোগ প্রতিষ্ঠা করা। পেশাজীবী ও পরিবারের সম্পর্ক যেন একতরফা নির্দেশনার মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং পারস্পরিক শ্রবণ, বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে গড়ে ওঠে। শিশুর মূল্যায়ন, অগ্রগতি কিংবা পর্যালোচনার ফলাফল জানাতে সংবেদনশীল ও সহমর্মিতাপূর্ণ ভাষা ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এসব তথ্য অনেক সময় মায়ের মানসিক অবস্থার ওপর গভীর প্রভাব ফেলে। একই সঙ্গে শিশুর অবস্থা, প্রয়োজনীয় সেবা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সহায়ক সুযোগ-সুবিধা সম্পর্কে স্পষ্ট ও নির্ভরযোগ্য তথ্য প্রদান পরিবারকে বাস্তবতার সঙ্গে প্রস্তুত হতে সহায়তা করে।

পেশাজীবীদের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো পরিবারকে মানসিক ও সামাজিক সহায়তা প্রদান করা। অনেক মা নিজেদের বিচ্ছিন্ন ও একাকী অনুভব করেন; তাই একই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া অন্য পরিবারগুলোর সঙ্গে তাদের সংযুক্ত করা সহমর্মিতা ও আত্মবিশ্বাস তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি পরিবার ও বিভিন্ন স্বাস্থ্যসেবা, শিক্ষা বা সমাজকল্যাণসংক্রান্ত প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও যোগাযোগ স্থাপন করাও অত্যন্ত প্রয়োজনীয়। এতে পরিবার প্রয়োজনীয় সেবাগুলো সহজে গ্রহণ করতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও অধিক সক্ষম হয়ে ওঠে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মায়েদের বাস্তব জীবনকে বুঝতে হলে অনেক সময় ঘনিষ্ঠ পর্যবেক্ষণ ও মানবিক সংযোগের প্রয়োজন হয়। এ কারণে বাড়ি পরিদর্শন, মায়ের অভিজ্ঞতা ও মতামত মনোযোগ দিয়ে শোনা, এবং তার কাছ থেকে সন্তানের আচরণ ও প্রয়োজন সম্পর্কে তথ্য সংগ্রহ করা অত্যন্ত মূল্যবান। এর মাধ্যমে পেশাজীবীরা শুধু শিশুর অবস্থাই নয়, পরিবারের সামগ্রিক বাস্তবতাও গভীরভাবে অনুধাবন করতে পারেন। একই সঙ্গে ভবিষ্যতের সম্ভাব্য সংকট মোকাবিলার জন্য বিকল্প পরিকল্পনা বা contingency plan তৈরি করাও জরুরি, যাতে পরিবার হঠাৎ উদ্ভূত পরিস্থিতিতে সম্পূর্ণ অসহায় হয়ে না পড়ে।

শিক্ষাক্ষেত্রেও পেশাজীবীদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর জন্য ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পরিকল্পনা প্রণয়ন, বিদ্যালয়ে সহপাঠীদের ইতিবাচক গ্রহণযোগ্যতা তৈরি করা এবং প্রয়োজনীয় সহায়ক ব্যবস্থার প্রাপ্যতা নিশ্চিত করা শিশুর আত্মবিশ্বাস ও সামাজিক বিকাশে বড় ভূমিকা রাখে। একই সঙ্গে পরিবারকে সবসময় এই অনুভূতি দেওয়া প্রয়োজন যে তারা একা নয়; বরং একটি সহযোগিতামূলক সহায়তা-ব্যবস্থা তাদের পাশে রয়েছে।

সবশেষে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ঘিরে কাজ করার সময় পেশাজীবীদের মনে রাখতে হবে যে শিশুটি কোনো বিচ্ছিন্ন সত্তা নয়; সে একটি পরিবারের অংশ। তাই কার্যকর সহায়তার জন্য শিশুর পাশাপাশি পুরো পরিবারের আবেগ, সম্পর্ক, সীমাবদ্ধতা এবং সম্ভাবনাকেও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন। এই মানবিক ও সমন্বিত দৃষ্টিভঙ্গিই একটি পরিবারকে দীর্ঘমেয়াদে স্থিতি, সাহস এবং আশার শক্তি জোগাতে পারে।

শেষ আচল: সমাজ, সংবেদনশীলতা অসমাপ্ত মাতৃত্বের আলোকরেখা

আমাদের সমাজ এখনো অনেক সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েদের দিকে করুণার দৃষ্টিতে তাকায়। অথচ তাদের প্রয়োজন করুণা নয়, প্রয়োজন সহমর্মিতা—এমন এক মানবিক সংবেদনশীলতা, যা তাদের বিচ্ছিন্ন না করে বরং শক্তি জোগায়, পাশে দাঁড়ানোর সাহস দেয়। কারণ একটি বিশেষ শিশুকে বোঝা বা সামাজিক সমস্যার প্রতীক হিসেবে দেখার মানসিকতা শুধু শিশুটিকেই নয়, তার পরিবারকেও নিঃশব্দে আঘাত করে। বাস্তবে প্রতিটি শিশুর ভেতরেই লুকিয়ে থাকে সম্ভাবনার নিজস্ব এক জগৎ, যা বিকশিত হওয়ার জন্য প্রয়োজন ভালোবাসা, সম্মান এবং গ্রহণযোগ্যতার পরিবেশ। একটি বীজ যেমন সঠিক মাটি, জল ও আলোর স্পর্শে ধীরে ধীরে মহীরুহ হয়ে ওঠে, তেমনি বিশেষ শিশুরাও সহমর্মিতাপূর্ণ পরিবেশে নিজেদের স্বতন্ত্র সৌন্দর্য ও সক্ষমতা নিয়ে বিকশিত হতে পারে। আর সেই দীর্ঘ, ক্লান্তিকর কিন্তু অবিচল যাত্রাপথে প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং প্রথম আলোকবর্তিকা হয়ে থাকেন তাদের মায়েরা।

এই মায়েদের জীবন যেন এক অসমাপ্ত কবিতা—যার প্রতিটি পংক্তিতে বেদনা আছে, আছে অপূর্ণতার দীর্ঘশ্বাস; তবু সেই বেদনাতেই লুকিয়ে থাকে গভীর মানবিক সৌন্দর্য। তারা প্রতিদিন সমাজকে নতুন করে শেখান যে ভালোবাসা নিখুঁততার ওপর দাঁড়িয়ে থাকে না; বরং দাঁড়িয়ে থাকে গ্রহণ করার ক্ষমতা, ধৈর্য এবং নিঃশর্ত মমতার ওপর। তাদের জীবন হয়তো সহজ নয়, কিন্তু তাদের অন্তর্গত শক্তি ও আলোর দীপ্তি অনেক সময় পুরো সমাজের অন্ধকার চিন্তাকে ভেদ করার ক্ষমতা রাখে। কারণ একজন বিশেষ শিশুর মা শুধু একজন মা নন; তিনি একই সঙ্গে আশ্রয়, সংগ্রাম, সহনশীলতা, অবিচল প্রত্যয় এবং অনন্ত ভালোবাসার এক জীবন্ত প্রতিমূর্তি।

লেখক: অধ্যাপক ড. মাহবুব লিটু, উপদেষ্টা সম্পাদক, অধিকারপত্র (odhikarpatranews@gmail.com)

#বিশেষ_শিশু #মাতৃদিবস #বিশেষ_শিশুর_মা #অটিজম #ডাউন_সিনড্রোম #প্রতিবন্ধিতা_সচেতনতা #InclusiveSociety #SpecialNeeds #AutismAwareness #Motherhood #Bangladesh #DisabilityRights #MentalHealth #Parenting #Humanity #InclusiveEducation #SpecialChild #মায়ের_সংগ্রাম #ভালোবাসার_গল্প #InternationalMothersDay

SEO Keywords: বিশেষ শিশু, বিশেষ শিশুর মা, অটিজম, ডাউন সিনড্রোম, প্রতিবন্ধী শিশু, আন্তর্জাতিক মাতৃদিবস, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, মায়েদের সংগ্রাম, autism Bangladesh, disability awareness, inclusive society, প্রতিবন্ধিতা সচেতনতা, special needs child, parenting special child, বাংলাদেশের বিশেষ শিশু, special child mother story, maternal sacrifice, mental health of mothers, disability rights Bangladesh, inclusive education Bangladesh



আপনার মূল্যবান মতামত দিন: