odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 19th May 2026, ১৯th May ২০২৬
ডিজিটাল বিচ্ছিন্নতা, কিশোর গ্যাং আর ‘স্যাড রিয়্যাক্ট’-এর মানবতা; অথচ পাশের মানুষটির খোঁজ নেওয়ার পাঠটাই কেন শিক্ষার সিলেবাসের বাইরে?

‘স্মার্টফোন সমাজ’ থেকে ‘মানবিক পাঠশালা’: শিক্ষাই কি সম্পর্কের ব্যাটারি রিচার্জের চাবি?

Dr Mahbub | প্রকাশিত: ১৮ May ২০২৬ ২১:৫৯

Dr Mahbub
প্রকাশিত: ১৮ May ২০২৬ ২১:৫৯

অধিকারপত্র শিক্ষা সংস্কার ধারাবাহিক  সমাজ, সংস্কৃতি ও শিক্ষা

ডিজিটাল যুগে সম্পর্ক হয়েছে ‘বোতলের মিনারেল ওয়াটার’, মানবতা জিম্মি ‘স্যাড রিয়্যাক্টে’। এই ফিচার বিশ্লেষণ করে, কীভাবে শিক্ষার সংকীর্ণতা ‘কিশোর গ্যাং’, ‘একলা বিল্ডিং মানসিকতা’ ও ‘রক্ষকই ভক্ষক’ পরিস্থিতি তৈরি করেছে—এবং ‘রিয়েল লাইফ আপডেট’ ও মানবিক পাঠ্যক্রমের মাধ্যমে কীভাবে আবার ‘চিঠির যত্ন’ ও ‘পাড়ার ক্লাবঘরের আন্তরিকতা’ ফিরিয়ে আনা সম্ভব। পড়ুন শিক্ষার চোখে ‘স্মার্টফোন সমাজ’ ভাঙার গল্প।সম্পর্ক ‘বোতল’, মানবতা ‘লাইক’-এ বন্দি। শিক্ষাই পারে ‘একলা বিল্ডিং’-এর প্রজন্মকে ‘পাড়ার ক্লাবঘরে’ ফেরাতে। ফিচারটি দেখায় কীভাবে।

বি.দ্র. — এই নিবন্ধটি দুইটি অংশে বিন্যস্ত। প্রথম অংশে বর্তমান সামাজিক বাস্তবতা ও মানবিক সংকটের গভীর পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে; আর দ্বিতীয় অংশে শিক্ষার লেন্সে সম্ভাব্য করণীয়, শিক্ষা সংস্কার ও মানবিক পুনর্গঠনের দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে। প্রত্যাশা করা যায়, নিবন্ধটি পাঠকের চিন্তার জগতে নতুন প্রশ্ন উত্থাপন করবে এবং হয়তো খুলে দিতে পারে আপনার ‘তৃতীয় নয়ন’-এর এক নতুন জানালা।

প্রথম অংশ: মূল নিবন্ধ - সমাজের বর্তমান হালচাল

রূপকথার কলসি থেকে প্লাস্টিকের বোতল: আমাদের সম্পর্কের বদলে যাওয়া সমাজ-গাথা

মানবিক সম্পর্কের অবক্ষয়, ডিজিটাল যুগের বিচ্ছিন্নতা, সামাজিক বৈষম্য, কিশোর গ্যাং সংস্কৃতি ও রাষ্ট্রের দুর্নীতির বাস্তব চিত্র তুলে ধরেছে এই বিশ্লেষণমূলক ফিচার। সমাজে কেন মানবিকতার ‘অ্যান্টিবডি’ দুর্বল হয়ে পড়ছে এবং কীভাবে আমাদের মূল্যবোধ ভেঙে যাচ্ছে—তার গভীর অনুসন্ধান।

সমাজ নামক স্মার্টফোন: যেখানে সম্পর্ক এখন 'অ্যাপ', আর মানবতা 'লো-ব্যাটারি' সংকেত!

বদলে যাওয়ার সমাজের গল্প

বাংলার গল্প শুরু হয়েছিল এক মৃত্তিকার গন্ধমাখা সরল জীবন থেকে—যেখানে রূপকথার নরম আলোয় ভেজা গ্রাম ছিল সবুজ, পথ ছিল শান্ত, আর মানুষ ছিল মাটির মতোই বিনয়ী। সেই সময়ে সম্পর্ক গড়ে উঠত ধীরে, যত্নে, আর দায়িত্বের প্রতিটি শ্বাসে। সম্পর্ক ছিল যেন কুমোরের চাকার ওপর ঘুরতে থাকা পুরোনো মাটির কলসি—যা তৈরি হত মনোযোগে, শক্তি পেত সময়ের আশ্রয়ে, এবং টিকে থাকত ঝড়বাদলের পরেও। আসলে সেই সময় আমাদের সমাজ ছিল অনেকটা মাটির এই 'পুরোনো কলসির' মতো। সেই কলসির জল ছিল ঠান্ডা, পবিত্র, সহজে ফুরোত না। সম্পর্কগুলোও ছিল তাই—অকৃত্রিম, কৃত্রিমতা বিহীন, যা ধীরে তৈরি হতো, যত্ন লাগত, সহজে ‘দ্যা ইন্ড’ তথা কর্পুরের মেতা উড়ে যেত না।

আর এখন? এখন আমাদের সমাজ যেন এক অত্যাধুনিক 'স্মার্টফোন'! চকমকে ডিসপ্লে, মিনিটে মিনিটে আপডেট, শত শত অ্যাপের ভিড়—কিন্তু সামান্য আঘাতেই তা চুরমার! আর সম্পর্কগুলো? সেগুলো এখন 'বোতলের মিনারেল ওয়াটার'-এর মতো—ঝটপট কেনা যায়, দ্রুত পান করে ফেলা যায়, আর ফুরোলেই ফেলে দেওয়া যায়।

কিন্তু এই সমাজের বাসিন্দারা বুঝতেই পারলেন না কখন তাদের সর্বনাশের ঘন্টি বেজে উঠেছির! তাদের অঘোচরেই তাদের সেই কলসি যেন ভেঙে চুড়মার হয়ে গেছে। এখন সম্পর্ক একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতলের মতো—দ্রুত কেনা যায়, তাড়াতাড়ি ব্যবহার করা যায়, তারপর সুবিধামতো আবর্জনার ঢিপিতে ফেলে দেওয়া যায়। কোনো গভীরতা নেই, নেই দীর্ঘস্থায়ী টান। আছে কেবল ক্ষণিকের প্রয়োজন, তড়িঘড়িতে তৈরি আর অনায়াসে ভেঙে পড়া বন্ধন।

বাংলার সমাজে মানুষের মধ্যকার সম্পর্কের এই দ্রুত রূপান্তর, আর এর সঙ্গে পাল্লা দিয়ে মানবতাবোধের ক্ষয়—এ শুধু একটা সাধারণ সামাজিক পরিবর্তন নয়, বরং আমাদের আত্মার গভীর কোথাও জমে থাকা নীরব কষ্টের দীর্ঘশ্বাস। আমরা যেন নিজেদেরই চোখের সামনে দেখতে পাচ্ছি—মানুষ ধীরে ধীরে নিজের চারপাশে অদৃশ্য প্রাচীর তুলছে, হাসির ভাষা আর কান্নার সুর আরেক মানুষকে ছুঁতে পারছে না, আর সম্পর্ক হারাচ্ছে তার সহনশীলতা, তার মরমি পবিত্রতা।

বাংলার সমাজে এই যে দ্রুতগতির মানবিক সম্পর্কগুলোর বদল এবং তার সঙ্গে তাল মিলিয়ে ক্ষয়ে যাওয়া মানবতাবোধ, সেটাই আজকের আমাদের রসাত্মক অথচ গভীর আলোচনার বিষয়। এই পুরো পরিস্থিতিকে আমরা উপমা ও রূপকের মজার চশমা দিয়ে দেখব।

১. যোগাযোগ: 'ঐতিহ্যবাহী চিঠি' বনাম 'ভার্চুয়াল নোটিফিকেশন'

আমাদের যোগাযোগের ধরন বদলানোর সঙ্গে সঙ্গে সম্পর্কের গভীরতাও যেন পাল্টে গেছে।

ক. চিঠির যত্ন VS ইনবক্সের তাড়াহুড়ো

আগেকার দিনে যোগাযোগ ছিল যেন সেই ঐতিহ্যবাহী চিঠির মতো—ধীরে ধীরে লেখা, দীর্ঘ চিন্তার মধ্য দিয়ে বোনা, প্রতিটি শব্দে যত্নের উষ্ণ স্পর্শ লেগে থাকা এক আন্তরিক ভরসা। চিঠির উত্তর পেতে সময় লাগত, সাত দিন বা পনেরো দিন, কখনো কখনো আরও বেশি। কিন্তু সেই অপেক্ষাই ছিল সম্পর্কের মধুরতম অংশ। অপেক্ষার ভেতরেই জন্ম নিত আস্থা, আর আস্থার মধ্যেই সম্পর্ক হয়ে উঠত ধৈর্য আর বিশ্বাসের এক সূক্ষ্ম শিল্পকর্ম। যেন সময় নিজে হাত ধরে বলে দিত—“যে সম্পর্ক অপেক্ষা করতে পারে, তার মেরুদণ্ড কখনো ভাঙে না।” সেই সময়ের সম্পর্কগুলো ছিল শাল কাঠের আসবাবের মতো—সময়ের হাত দিয়ে তৈরি, দৃঢ়, স্থায়ী, আর দশকের পর দশক টিকে থাকার মতো শক্ত।এখন সবই অতীত আর বয়োবৃদ্ধদের দীর্ঘশ্বাস! একসময় এসমাজের মানুষ ভালোবাসত চিঠি লিখতে। এক খামের ভাঁজে জমে থাকত বড় বড় নিশ্বাস, কাগজের অক্ষরে লুকিয়ে থাকত হৃৎস্পন্দনের অনুপম ভাষা। চিঠি ছিল সম্পর্কের ধীর নদী—যেখানে ভাটার সঙ্গেও ছিল জোয়ারের মধুর প্রতীক্ষা। উত্তর আসত সাত দিনে, কখনো পনেরো দিনে, কখনো পুরো মাস গিয়ে। এই অপেক্ষাই ছিল সম্পর্কের মর্মে থাকা সৌন্দর্য। অপেক্ষা শেখাত ধৈর্য, চিঠি শেখাত মূল্য—দুটো মিলেমিশে সম্পর্ককে বানাতো শাল কাঠের আসবাবের মতো মজবুত।

কিন্তু এখন? এখন পৃথিবী বদলে গেছে, আর তার সঙ্গে বদলে গেছে যোগাযোগের রূপ-রঙ।আজ সেই চিঠির নদী শুকিয়ে গেছে।আমরা এখন বাস করি নোটিফিকেশনের ঝড়ে—যেখানে এক মিনিট উত্তর না এলেই মনে হয় সম্পর্কের গেম থেকে সঙ্গীটি লগ আউট হয়ে গেছে। প্রেম, বন্ধুত্ব, মনখারাপ, অভিযোগ—সবই আটকে গেছে ফেসবুক চ্যাটের নীল-বাবলে। সবকিছু এখন গুঁজে আছে ফেসবুক ইনবক্স, হোয়াটসঅ্যাপ চ্যাট আর নকল হাসির ইমোজির ভিড়ে। সম্পর্কের মূল্য যেন মাপা হয় রিপ্লাই স্পিডে—কে কত দ্রুত উত্তর দিল, কে ‘Seen’ করেও চুপ করে রইল, আর কার মেসেজে কেন এত দেরি হলো। একটা মেসেজ ‘Seen’ হলো কিন্তু উত্তর এল না? ব্যস! অভিমান, সন্দেহ, বিশ্লেষণ—সব একসঙ্গে মাথায় চড়ে বসে। আমরা ইমোজির শর্টকাটে অনুভূতি প্রকাশ করি, অথচ থমকে দাঁড়িয়ে মন খুলে কথা বলার সময় পাই না। সম্পর্কের রসায়ন যেন ফাস্টফুডের মতো—দ্রুত তৈরি, দ্রুত শেষ, আর শেষে থাকে অপুষ্টির একটা বিরক্তিকর শূন্যতা।আমরা ভুলে যাই, মানুষের মন মেশিন নয়, প্রতিটি উত্তর সময়মতো আসতেই হবে এমন কোনো নিয়ম নেই। কিন্তু ডিজিটাল যুগের তাড়াহুড়ো আমাদের সেই ধৈর্যের পাঠটাই ভুলিয়ে দিয়েছে।

এখন হৃদয়ের গভীর অনুভূতিগুলোও পরিণত হয়েছে এক-ক্লিক দূরত্বের টেক্সট মেসেজে। একসময় যেসব কথা বলতে কবিতা লিখতে হতো, এখন সেসবকে বদলে দিয়েছে হাততালি ইমোজি আর লাল হার্টের চিহ্ন। ভাষা হয়ে উঠেছে ছবির সংকেত, অনুভূতি হয়ে উঠেছে টাইপিং-এর তিনটা ডট। সম্পর্কের গভীরতা থেকে আমরা সরে এসেছি ‘ইন্সট্যান্ট রিপ্লাই’-এর স্পিডে, আর এই দ্রুততা আমাদের আবেগকে ঠুনকো, ভঙ্গুর আর অস্থির করে তুলেছে।

মাঝে মাঝে তো মনে হয়, আমরা যেন প্রেমপত্র লেখার বদলে এখন কাস্টমার কেয়ার সার্ভিসে মেসেজ পাঠাচ্ছি—সাড়া না পেলেই রাগ, মন খারাপ, অভিযোগ! যেন সম্পর্ক আর মানুষ নয়, বরং কোনো সার্ভিস সেন্টার; যেখানে মেসেজ দিলে “দ্রুত সেবা” পাওয়া বাধ্যতামূলক। অপেক্ষার সৌন্দর্য, ভাবনার গভীরতা আর অনুভূতির ধীরতা—সবকিছুই ডিলিট হয়ে গেছে নোটিফিকেশনের আওয়াজে।

ভার্চুয়াল দুনিয়া আমাদের পাশে শত শত বন্ধু যোগ করেছে, কিন্তু রাতে মন খারাপ হলে আসল কথা শুনে নেওয়ার মতো একজন মানুষের ফোন নম্বরও খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠেছে। চকচকে ইনস্টাগ্রাম প্রোফাইলের ভিড় আমাদের মনে করিয়ে দেয় ঢাকার সেই ফাঁকা ফ্লাইওভারগুলোর কথা—যেখানে উপর দিয়ে গাড়ি ছুটে যায়, কিন্তু নিচে স্তব্ধ হয়ে পড়ে থাকে জনপদ, আসল জীবন। আর এ উপাখ্যান যেন “চিঠির নদী থেকে নোটিফিকেশনের ঝড়: অপেক্ষার শিল্প হারানোর গল্প”

খ. 'অনলাইন উপস্থিতি'ই কি সম্পর্কের মানদণ্ড?

এই নতুন সমাজে 'অনলাইন উপস্থিতি' যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার প্রিয়জন বা বন্ধু যদি ২৪ ঘণ্টা অনলাইনে না থাকে, তবে মনে হয় সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না। মানুষের মূল্য তার 'উপস্থিতি' (Availability) দিয়ে মাপা হচ্ছে, তার 'অস্তিত্ব' (Essence) দিয়ে নয়। পরিবার বা বন্ধুত্বের বন্ধন এখন যেন মোবাইলের 'ওয়াইফাই কানেকশন'—দুর্বল হলে বা কেটে গেলেই মন খারাপ! এই দ্রুত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে আমরা আমাদের ধৈর্য, মনোযোগ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলছি। যেন আমরা কেবল একে অপরের 'প্রোফাইল পিকচার' দেখছি, মানুষটাকে নয়।

এখন আমাদের সমাজে মানবিকতার লো-ব্যাটারি সংকেত দিচ্ছে।‘স্যাড রিয়্যাক্ট’ মানবতার নতুন মুদ্রা হিসেবে সাধারণ মানুষের অবচেতন মনের বিশাল বাজারকে দখল করে ফেলেছে।একসময় পাড়ার চায়ের দোকান, ক্লাব বা মসজিদ ছিল সবার মিল স্থল। স্থানীয় হাটের চা-গন্ধে মাখা কাঠের বেঞ্চে বসে মানুষ মানুষকে জানত, বুঝত, সাহায্য করত। কারও বাড়িতে বিপদ নেমে আসলে পাড়ার সবাই- ছেলে-মেয়েরা ছুটে যেত দল বেঁধে। সেই বাস্তব উপস্থিতির জায়গায় এখন এসেছে ফোনের ডিসপ্লে। কেউ রাস্তায় আহত পড়ে আছে—ছুটে গিয়ে সাহায্য করার আগে আমরা ক্যামেরা অন করি। কোনো শিশুর কান্নার ভিডিও, কোনো বৃদ্ধের দুর্ভাগ্যের ছবি—সবই আমরা শেয়ার করি মানবতার নতুন মুদ্রা হিসেবে। সহানুভূতির পরিমাণ মাপা হয় ‘লাইক’ আর ‘স্যাড রিয়্যাক্ট’-এর সংখ্যায়।

২. মানবতাবোধ: 'পাড়ার ক্লাব' থেকে 'লাইক-কমেন্টের খেলা'

মানবিকতার ক্ষেত্রে যে ক্ষয় ধরেছে, তা সবচেয়ে বেশি বেদনাদায়ক। এটি যেন এখন 'বাস্তব কর্ম' থেকে সরে এসে 'ভার্চুয়াল প্রদর্শনীতে' পরিণত হয়েছে।

ক. বাস্তবের উপস্থিতি বনাম ভার্চুয়াল রিয়্যাক্ট: আগেকার দিনে পাড়ার ক্লাবঘরগুলো ছিল যেন সমাজের মানবতা-রক্ষাকারী হৃদস্পন্দন। কারও বিপদ-আপদ হলে খবর লাগতেই চারদিক থেকে মানুষ জড়ো হতো, কেউ দৌড়ে ডাক্তার আনত, কেউ টাকা জোগাড় করত, কেউ আবার শুধু উপস্থিত থেকে সান্ত্বনার হাত বাড়িয়ে দিত। সেই ক্লাবঘরগুলো ছিল সম্পর্কের উষ্ণতার বাস্তব ঠিকানা—যেখানে মানুষ মানুষকে দেখত, ছুঁত, পাশে দাঁড়াত। যেন পুরো সমাজ এক অদৃশ্য সুতোয় বাঁধা, আর সেই সুতোকেই আরও শক্ত করে বেঁধে রাখত এই মিলন-মেলায় ভরা স্থানগুলো। সেগুলো ছিল সমাজের নীরব যোদ্ধা, এক ধরনের ‘অ্যান্টিভাইরাস সফটওয়্যার’, যা লোভ, ভয়, স্বার্থপরতা—এসব মানবিক ত্রুটি থেকে সমাজকে পরিষ্কার রাখত। সেই সময় মানবিকতা ছিল পুকুরের স্বচ্ছ জলের মতো—যে কেউ তৃষ্ণার্ত হলে সেখানে মুখ ডুবিয়ে নিতে পারত, আর সেই জল সকলকেই সমানভাবে সতেজ করত।

কিন্তু আজ এই দৃশ্য যেন অতীতের কোনো পুরোনো অ্যালবামের বিবর্ণ ছবি। এখন মানবিকতা স্থানান্তরিত হয়ে গেছে মোবাইল স্ক্রিনের ভেতরে, যেখানে আমরা আমাদের সহানুভূতি প্রকাশ করি ‘ভার্চুয়াল লাইক বাটন’-এর মাধ্যমে। কোনো দরিদ্র মানুষের কষ্টের ছবি বা বিপন্ন কারও ভিডিও সামাজিক মাধ্যমে দেখলেই আমরা তড়িঘড়ি একটি ‘স্যাড রিয়্যাক্ট’ দিই, হয়তো দু’লাইন আবেগময় কমেন্টও লিখি।তাতে আমাদের মন একটু শান্ত হয়, মনে হয়—“আমি মানবিকতার দায়িত্ব পালন করলাম।” অথচ বাস্তবে আমরা হয়তো পাশের রাস্তায় একই ধরনের বিপদে পড়া কাউকে সাহায্য করার জন্য হাত বাড়াই না।

আকর্ষণীয় আর একটুখানি আঘাত করা সত্য হলো—মানুষ এখন সাহায্য করার বদলে ভিডিও করতে বেশি আগ্রহী। কেউ রাস্তায় পড়ে গেছে বা দুর্ঘটনা ঘটেছে, আর আমরা দূর থেকে ফোন তুলে ‘টিকটক ভিডিও’ বানাতে ব্যস্ত। সাহায্যের হাত হয়তো পেছনে গুঁজে রাখা, কিন্তু ক্যামেরার শাটার খোলা। যেন আমরা সাহায্য করতে নয়, ‘ভিউস’ পেতে এসেছি! আজকাল মনে হয় আমাদের সহানুভূতি আর মানবতা—সবই পরিণত হয়েছে শেয়ার, কমেন্ট আর রিয়্যাক্টের সংখ্যায় মাপা কোনো ডেটা-স্ট্যাটিস্টিকসে, যেখানে বাস্তব কর্মকাণ্ডের মূল্য দিন দিন কমে যাচ্ছে।

হাস্যকর অথচ করুণ একটি ব্যাপার হলো—আমাদের আচরণ দেখে মাঝে মাঝে মনে হয় আমরা যেন সিরিয়াসলি বিশ্বাস করে ফেলেছি, বেশি লাইক পেলেই স্বয়ংক্রিয়ভাবে সেই বিপদগ্রস্ত মানুষের সমস্যা সমাধান হয়ে যাবে। যেন ফেসবুক নিজেই কোনো দেবতা, যে লাইক-সংখ্যা দেখে সাহায্য পাঠিয়ে দেবে! অথচ সত্য হলো—একটা কমেন্ট, একটা স্যাড ইমোজি, বা একটা লাইক কোনো ক্ষুধার্ত মানুষের পেট ভরাতে পারে না, কোনো আহত মানুষকে হাসপাতালে নিতে পারে না, কোনো নিরাশ মানুষকে আশার হাত বাড়িয়ে দিতে পারে না।

মানবতা যখন ডিজিটাল পর্দার ভেতর আটকে যায়, তখন বাস্তব পৃথিবীর মানুষ রয়ে যায় আরও একা, আরও অসহায়। আর এই বাস্তবতাই আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এক কঠিন প্রশ্নের—আমরা আসলেই যতটা মানবিক ভাবি, ততটা কি আর আছি?

খ. রক্ষকই ভক্ষক: আস্থার দেওয়াল ধসে পড়া: এই ক্ষয়ে যাওয়া মানবতাবোধের পেছনে একটি বড় কারণ হলো রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ স্তরে ‘রক্ষকই ভক্ষক’ হয়ে ওঠার প্রবণতা।সামাজিক শৃঙ্খলার আরেকটি গভীর ক্ষয় লুকিয়ে আছে আস্থার সংকটে। যখন আইন রক্ষার দায়িত্বে থাকা প্রহরীরাই হয়ে ওঠে অনাচারের সহযোগী; যখন দুর্নীতি, স্বজনপ্রীতি আর ক্ষমতার অপব্যবহার সমাজের মূল স্তম্ভগুলোকে কাঁপিয়ে দেয়—তখন সাধারণ মানুষের বিশ্বাস ছিঁড়ে যায় কাপড়ের পুরোনো সেলাইয়ের মতো।—যখন মানুষ দেখে যে যিনি তাকে রক্ষা করার কথা—ক্ষমতাধর ব্যক্তি বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—তিনিই ক্ষমতার অপব্যবহার করছেন, দুর্নীতিতে জড়াচ্ছেন, তখন সাধারণ মানুষও ধীরে ধীরে নিজের দায়িত্ববোধ হারাতে শুরু করে।

এটা অনেকটা সেই ‘বিড়ালের কাছে দুধের পাহারা’ দেওয়ার মতো—যার হাতে দায়িত্ব তুলে দেওয়া হলো, সেই-ই দুধ চুষে খেল। ফলস্বরূপ জনগণের আস্থা এমনভাবে ভেঙে যায় যে তারা আর সমাজ বা রাষ্ট্রের ওপর নির্ভর করতেই চায় না।

যখন বিচার বা সাহায্য পাওয়ার ন্যূনতম আশা থাকে না, তখন মানুষ নিজের সমস্যার সমাধান নিজেই করতে চায়। এতে বেড়ে যায় অস্থিরতা, বাড়ে স্বার্থপরতা। মানবতাবোধ আজ যেন এক ‘আউটডেটেড সফটওয়্যার’, যেটা আমরা আপডেট করা ভুলে গেছি। আর দুর্নীতি সেই শক্তিশালী ‘ভাইরাস’, যা পুরো সিস্টেমকে ধীরে ধীরে অকার্যকর করে দিচ্ছে।

এ যেন সেই চিরন্তন বিড়াল আর দুধের গল্প—আমরা যত্ন করে দুধ রেখে ভাবলাম রক্ষক পাহারা দেবে; রাতে এসে দেখি রক্ষকই দুধ খেয়ে ফেলেছে। এই বিশ্বাসহীনতা মানুষের মনকে শক্ত করে ফেলে, ঠান্ডা করে ফেলে। তখন প্রশ্ন জাগে—আমি কেন সাহায্য করব অন্যকে, যখন আমার নিজের সমস্যারই সুরাহা নেই কোথাও?

৩. স্বার্থপরতা: 'একলা বিল্ডিং' ও 'চাবির গোছার' জীবন

বর্তমানে সমাজে বেড়ে চলা স্বার্থপরতা আমাদের মানবিক কাঠামোকে ভেঙে এক নতুন বিচ্ছিন্নতার জন্ম দিয়েছে। বর্মানের এই পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় ঢাকাসহ মেগা সিটিগুলো হয়ে ওঠছে বিচ্ছিন্নতার শহর হিসেবে, আর এখানে এখন ‘একলা বিল্ডিং’ নির্ারই যেন সমাজের নির্মম বাস্তবতা। এমন সমাজে মানুষ মানুষকে ভুলতে শুরু করে। আমরা এখন বাস করি “একলা বিল্ডিং”-এর শহরে। প্রতিটি ফ্ল্যাটে বদ্ধদরজায় মানুষ বাস করে নিজের জগতে। পাশের ফ্ল্যাটে অসুস্থ কেউ কেমন আছে, তা জানার সময় নেই; কিন্তু তার ফেসবুক প্রোফাইলের ছবি দেখে আমরা ধারণা করি সবই ঠিকঠাক। এ এক অদ্ভুত ঠান্ডা সমাজ—যেখানে মানুষ আছে, সম্পর্ক নেই। গৃহ আছে, পরিবার নেই। কোলাহল আছে, সংযোগ নেই। ব্যক্তিকেন্দ্রিক এই জীবন আমাদের সামাজিক কাঠামোকে ধীরে ধীরে ফাঁপা করে তুলছে। মানুষ যত নিজের সীমানা টেনে নিচ্ছে, তত সমাজের ভিতরে জন্ম নিচ্ছে উদ্বেগ, বিচ্ছিন্নতা, অবিশ্বাস। নিচে এ বিষয়ে বিশদ আলোক রশ্মি ফেলে অনুবীক্ষণ দিয়ে দেখার চেষ্টা করা হলো:

ক. ঢাকা শহরের 'একলা বিল্ডিং'-এর মানসিকতা

আমাদের সমাজ এখন যেন ঢাকার অসংখ্য ‘একলা বিল্ডিং’-এর প্রতিচ্ছবি। প্রতিটি ফ্ল্যাটে বসবাস করে আলাদা আলাদা মানুষ—নিজস্ব জীবন, নিজস্ব ব্যস্ততা আর নিজস্ব সমস্যার ভেতর ডুবে থাকা। এক ফ্ল্যাটের মানুষ অন্য ফ্ল্যাটের খবর রাখে না; পাশের দরজার ওপারে কী ঘটছে, সেদিকে তাদের বিন্দুমাত্র নজর নেই। মনে হয়, সবাই নিজের দরজায় এক ধরনের ‘অদৃশ্য তালা’ ঝুলিয়ে রেখেছে।

আমাদের জীবন যেন এক বিশ্রীভাবে সাজানো ‘চাবির গোছা’—যেখানে নিজের দরজা খোলার অসংখ্য চাবি আছে, কিন্তু অন্যের দরজায় পৌঁছানোর মতো একটি চাবিও নেই। এই ক্রমবর্ধমান ব্যক্তি-কেন্দ্রিকতা আর আত্মমগ্নতা আমাদের সামাজিক বন্ধনকে ভিতর থেকে ফাঁপা করে দিচ্ছে। বিচ্ছিন্নতার এই দেয়াল জন্ম দিচ্ছে অবিশ্বাস, আর অবিশ্বাস ধীরে ধীরে গিলে খাচ্ছে মানবিক সম্পর্কের সৌন্দর্য ও শক্তি।

খ. 'কিশোর গ্যাং'-এর বিস্ফোরণ ও অস্থিরতা

মানবিক সম্পর্কের এই ক্ষয় সমাজের একদম নিচের স্তরেও প্রভাব ফেলছে। কিশোর গ্যাং বা মব সন্ত্রাসের মতো অপরাধগুলো মূলত এই বিচ্ছিন্নতা, মূল্যবোধের অভাব এবং সামাজিক বৈষম্য থেকে জন্ম নেয়। যখন পরিবারের মনোযোগ কমে যায়, আর সমাজে ন্যায় ও কাজের সুযোগ কমে যায়, তখন হতাশাগ্রস্ত যুবকেরা সহজেই এই অন্ধকার পথে পা বাড়ায়। আর সমাজে এই আঘাতের অপঘাতে সৃষ্ট সামাজিক বীষ্ফোরা ‘কিশোর গ্যাং, মব-সন্ত্রাস’ বা এমন ধরনের অপরাধের শিকড় খুঁজলে দেখা যায়— পরিবারের সাথে সম্পর্কের টানাপোড়ন, একক পরিবারে সামার‌্য সুখের জন্য কর্মজীবী পিতা-মাতার সংসারে কাজের বুয়ার কাছে বড় হওয়া, চোখের সামনে গঠতে দেখা সমাজে অন্যায় ও অবিচার, পেশীশক্তির আরাধনা, লাইভে ব্যস্ত জেনারেশন, বাস্তবে জিরো, ইত্যাদি প্রভাব ফেলেছে তাদের মনোজগতে, যার ফলাফল অন্ধকার জগতকেই আপন করে নিয়েছে দুদন্ড শান্তির রিল্যাক্স হওয়ার আশায়।

এই কিশোর গ্যাংগুলো যেন সমাজের ভেতরে জমে থাকা ‘পোড়া তেলের ধোঁয়া’—যেখানে তেল আছে, কিন্তু আলো নেই; আছে উত্তাপ, কিন্তু পথ দেখানোর দীপ্তি নেই।

এই অস্থিরতার বিস্তার প্রমাণ করে, আমাদের ভেতরের মানবিকতার ‘অ্যান্টিবডি’ আজ দুর্বল হয়ে পড়েছে। চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার আর অবিচারের ঘনঘটা সমাজের কাঠামোয় এমন চিড় ধরাচ্ছে, যা মানুষের আস্থা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ—তিনটিকেই প্রতিদিন নতুন করে সন্দেহের মুখে ঠেলে দিচ্ছে।

সময়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন: 'রিয়েল লাইফ আপডেট' ও আসল হাসির খোঁজ কীভাবে

সমাজ যখন পরিবারে শুরু হওয়া মূল্যবোধের ক্ষয়কে দেখতে পান না, তার ফলাফল ফুটে ওঠে রাস্তায়—চাঁদাবাজি, কিশোর গ্যাং, দলবদ্ধ সন্ত্রাসের ঘটনায়। এগুলো বিচ্ছিন্ন সমাজের পোড়া তেলের কালো ধোঁয়া।

আমাদের জীবন যেন এক বিশাল চাবির গোছা—যেখানে নিজের সুবিধার দরজা খোলার জন্য শত শত চাবি আছে, কিন্তু সমাজের সামগ্রিক কষ্টের তালা খোলার মতো কোনো মাস্টার চাবিই নেই। মূল্যবোধ, নৈতিকতা, দায়িত্ববোধ—এসব যখন পরিবারের আলো থেকে হারিয়ে যায়, তখন অন্ধকারে পথ ভুলে যায় শিশু, কিশোর, তরুণ। এরা তখনই বেছে নেয় ভুলপথ, কারণ তারা দেখেছে সঠিক পথে দাঁড়ানোর শক্তি সমাজে কমে যাচ্ছে দিনে দিনে।

আমাদের এই সমাজের ক্ষয়ে যাওয়া মানবিক সম্পর্ক এবং বিলীয়মান মানবতাবোধ ফিরিয়ে আনতে হলে এখন চরমভাবে একটি 'রিয়েল লাইফ আপডেট' দরকার। আমাদের এই 'ভার্চুয়াল ফাঁদ' থেকে বেরিয়ে এসে সত্যিকারের মানবিক সম্পর্কগুলো তৈরি করতে হবে।

আমাদের প্রয়োজন 'লাইক-কমেন্ট'-এর জগৎ থেকে বেরিয়ে এসে সত্যিকারের মানবিক সম্পর্ক তৈরি করতে হবে। অন্যের বিপদে দূরে দাঁড়িয়ে ভিডিও না করে সাহায্যের হাত বাড়াতে হবে। জীবনকে রঙিন করে সাজিয়ে তুলতে আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে, কোনো 'স্যাড রিয়্যাক্ট' নয়, বরং একটি আসল হাসিআন্তরিক সাহায্যই মানবতাকে বাঁচিয়ে রাখে।

এই মানবিকতার সংকট থেকে বাঁচতে হলে আমাদের সম্পর্কগুলোকে আবার চিঠির যত্নে, আর মানবতাকে পাড়ার ক্লাবঘরের আন্তরিকতায় ফিরিয়ে আনতে হবে। প্রতিটি নাগরিকের সচেতনতাই পারে এই 'স্মার্টফোন সমাজের' ত্রুটি দূর করে এক নতুন, মানবিক বাংলার স্বপ্ন পূরণ করতে। আমাদের এই সমস্যার গভীরতা স্বীকার করে নিয়ে, এখনই পরিবর্তনের জন্য কাজ শুরু করতে হবে—হতে পারে তা আপনার পাশের ফ্ল্যাটের মানুষটির খোঁজ নেওয়া দিয়েই।

দ্বিতীয় অংশ: শিক্ষার লেন্সে পর্যবেক্ষণ

শিক্ষার আয়নায় সমাজের ভাঙন: মূল্যবোধ, বিচ্ছিন্নতা ও ডিজিটাল প্রজন্মের সংকট

“সমাজ নামক স্মার্টফোন: যেখানে সম্পর্ক এখন ‘অ্যাপ’, আর মানবতা ‘লো-ব্যাটারি’ সংকেত!” শীর্ষক উপসম্পাদকীয়টি মূলত একটি সমাজ-মনস্তাত্ত্বিক দলিল, যেখানে ডিজিটাল যুগের দ্রুতগতির জীবন, সামাজিক বিচ্ছিন্নতা, মানবিকতার অবক্ষয় এবং কিশোর সহিংসতার উত্থানকে রূপক ও সাহিত্যিক ভাষার মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু শিক্ষাবিদ্যার দৃষ্টিকোণ থেকে এই লেখাটি পড়লে স্পষ্ট হয়ে ওঠে—এটি কেবল সামাজিক সংকটের গল্প নয়; বরং এটি বাংলাদেশের শিক্ষাব্যবস্থার গভীর কাঠামোগত ব্যর্থতারও প্রতিফলন। কারণ সমাজের মূল্যবোধের যে অবক্ষয় এখানে দৃশ্যমান, তার শেকড় অনেকাংশে প্রোথিত রয়েছে শিক্ষার ভেতরে—বিশেষ করে এমন এক শিক্ষাব্যবস্থায়, যেখানে তথ্য মুখস্থ করার দক্ষতাকে মানুষ হয়ে ওঠার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশের প্রচলিত শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরেই পরীক্ষাকেন্দ্রিকতা, সনদ-নির্ভর সাফল্য এবং প্রতিযোগিতামূলক মানসিকতার মধ্যে সীমাবদ্ধ। ফলে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করলেও মানবিকতা, সহানুভূতি, সামাজিক দায়িত্ববোধ এবং বাস্তব জীবনের আবেগিক দক্ষতা অর্জনে পিছিয়ে পড়ছে। লেখাটিতে যেভাবে “Seen” হয়ে থেকেও উত্তর না দেওয়া সম্পর্কের শূন্যতা, “স্যাড রিয়্যাক্ট”-নির্ভর মানবিকতা কিংবা “একলা বিল্ডিং”-এর বিচ্ছিন্ন জীবনের কথা বলা হয়েছে—এসব আসলে এক ধরনের আবেগিক নিরক্ষরতার (Emotional Illiteracy) বহিঃপ্রকাশ। শিক্ষা যদি মানুষকে কেবল কর্মসংস্থানের জন্য প্রস্তুত করে কিন্তু সম্পর্ক গড়তে, সহমর্মিতা দেখাতে বা সংকটে পাশে দাঁড়াতে না শেখায়, তবে সেই শিক্ষা সমাজকে প্রযুক্তিগতভাবে আধুনিক করলেও মানবিকভাবে দরিদ্র করে তোলে।

এই প্রবন্ধে কিশোর গ্যাং ও মব-সংস্কৃতির যে বিশ্লেষণ এসেছে, তা শিক্ষাব্যবস্থার আরেকটি ভয়াবহ শূন্যতাকে সামনে আনে। বাংলাদেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, আবেগ নিয়ন্ত্রণ, দ্বন্দ্ব সমাধান কিংবা সামাজিক-নৈতিক শিক্ষার কোনো কার্যকর কাঠামো নেই। পরিবারে সময়ের অভাব, সমাজে বৈষম্য এবং ডিজিটাল বিভ্রমের মধ্যে বেড়ে ওঠা তরুণেরা যখন বিদ্যালয়ে অর্থপূর্ণ মানবিক সংযোগ খুঁজে পায় না, তখন তারা বিকল্প পরিচয় ও স্বীকৃতির জন্য গ্যাং, সহিংসতা বা ভার্চুয়াল জনপ্রিয়তার দিকে ঝুঁকে পড়ে। এটি প্রমাণ করে যে শিক্ষা শুধু পাঠ্যবইয়ের ভেতরে সীমাবদ্ধ থাকলে সমাজের বাস্তব সংকট মোকাবিলা করা সম্ভব নয়।

লেখাটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো “রক্ষকই ভক্ষক” হয়ে ওঠার প্রসঙ্গ, যেখানে দুর্নীতি ও আস্থাহীনতার সামাজিক বাস্তবতা তুলে ধরা হয়েছে। শিক্ষার দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ একটি সমাজে যখন শিক্ষার্থী ছোটবেলা থেকেই দেখে যে সততা নয়, বরং ক্ষমতা ও অনৈতিক প্রভাব সাফল্যের মূল চাবিকাঠি, তখন তার নৈতিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যালয়ের নৈতিক শিক্ষা তখন বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। ফলে শিক্ষার্থীরা ধীরে ধীরে নৈতিক আপেক্ষিকতায় অভ্যস্ত হয়ে পড়ে—যেখানে “সঠিক” ও “ভুল”-এর পার্থক্য মুছে যেতে থাকে। এ কারণেই আজ শিক্ষাকে শুধু পাঠদান নয়, বরং সামাজিক ন্যায়, নাগরিকতা ও নৈতিক সাহস তৈরির ক্ষেত্র হিসেবেও পুনর্গঠন করা জরুরি হয়ে উঠেছে।

বর্তমান পরিস্থিতিতে শিক্ষার প্রভাব: যেখানে পাঠ্যসূচি 'অ্যাপ', কিন্তু মানবতা 'লো-ব্যাটারি'

প্রবন্ধটি যখন বলে, "সম্পর্কগুলো এখন 'বোতলের মিনারেল ওয়াটার'-এর মতো---ঝটপট কেনা যায়, দ্রুত পান করে ফেলা যায়, আর ফুরোলেই ফেলে দেওয়া যায়", তখন এই বাস্তবতার জন্য আমাদের শিক্ষাব্যবস্থা কতখানি দায়ী, তা গভীরভাবে বিশ্লেষণ করা জরুরি। বর্তমান শিক্ষা যেন একটি 'স্মার্টফোন অ্যাপ'-এর মতো—তথ্য দেয় দ্রুত, কিন্তু মানবিক বোধ তৈরির যে ধীর প্রক্রিয়া, তাকে সম্পূর্ণ উপেক্ষা করে। প্রবন্ধের ভাষায়, "আমরা ইমোজির শর্টকাটে অনুভূতি প্রকাশ করি, অথচ থমকে দাঁড়িয়ে মন খুলে কথা বলার সময় পাই না" —এই 'সময়ের অভাব' আসলে শিক্ষার অগ্রাধিকারের প্রতিফলন। বিদ্যালয়ের পাঠ্যসূচিতে যেখানে 'দ্রুত উত্তর দেওয়ার দক্ষতা' শিক্ষার মাপকাঠি, সেখানে 'অপেক্ষার সৌন্দর্য' বা 'উত্তর না এলেও শ্রদ্ধাশীল থাকার বোধ' শেখানোর কোনো ব্যবস্থা নেই।

প্রবন্ধের অন্যতম শক্তিশালী প্রতীক 'চিঠির নদী থেকে নোটিফিকেশনের ঝড়' —এই রূপকটির দিকে তাকালে দেখা যায়, শিক্ষাই আমাদের সেই 'চিঠির যত্ন' থেকে বের করে এনে 'নোটিফিকেশনের তাড়াহুড়ো'তে অভ্যস্ত করিয়েছে। পরীক্ষার খাতায় 'দ্রুত লেখা' উৎসাহিত হয়, কিন্তু 'চিন্তা করে ধীরে লেখা' নয়। এর ফল কী? প্রবন্ধ লিখছে, "আমরা ভুলে যাই, মানুষের মন মেশিন নয়, প্রতিটি উত্তর সময়মতো আসতেই হবে এমন কোনো নিয়ম নেই। কিন্তু ডিজিটাল যুগের তাড়াহুড়ো আমাদের সেই ধৈর্যের পাঠটাই ভুলিয়ে দিয়েছে।" এই 'ভুলিয়ে দেওয়া' শিক্ষার নীরব কিন্তু ভয়ংকর প্রভাব।

আরও গভীরে গেলে দেখা যায়, শিক্ষার এই সংকীর্ণতা কিশোর গ্যাং ও স্বার্থপরতার মতো ঘটনার জন্যও পরোক্ষভাবে দায়ী। প্রবন্ধ যেমন বলে, "পরিবারের সাথে সম্পর্কের টানাপোড়ন, একক পরিবারে কর্মজীবী পিতা-মাতার সংসারে কাজের বুয়ার কাছে বড় হওয়া... প্রভাব ফেলেছে তাদের মনোজগতে" —শিক্ষা যেখানে এই মনোজগৎকে বোঝার, মোকাবিলা করার বা পুনর্নির্মাণের কোনো পথ দেখায় না, সেখানে হতাশাগ্রস্ত তরুণ সহজেই "অন্ধকার জগতকেই আপন করে নেয় দুদণ্ড শান্তির রিল্যাক্স হওয়ার আশায়।" শিক্ষার অভাবে মানবিকতার 'অ্যান্টিবডি' দুর্বল হয়ে পড়ে, যেমনটি প্রবন্ধে বলা হয়েছে—"আমাদের ভেতরের মানবিকতার 'অ্যান্টিবডি' আজ দুর্বল হয়ে পড়েছে।"

সবচেয়ে বেদনাদায়ক হলো, শিক্ষা আজ 'স্যাড রিয়্যাক্ট'-কে মানবতার মুদ্রা বানিয়ে দিয়েছে। প্রবন্ধের কটাক্ষ, "আমাদের আচরণ দেখে মাঝে মাঝে মনে হয় আমরা যেন সিরিয়াসলি বিশ্বাস করে ফেলেছি, বেশি লাইক পেলেই স্বয়ংক্রিয়ভাবে সেই বিপদগ্রস্ত মানুষের সমস্যা সমাধান হয়ে যাবে।" এই প্রতারণামূলক মানবতা শিক্ষারই উপজাত। যে শিক্ষা বাস্তবের কষ্টের মুখোমুখি দাঁড়াতে শেখায় না, সে শিক্ষা 'একলা বিল্ডিং'-এর শহরই গড়ে তোলে—"প্রতিটি ফ্ল্যাটে বদ্ধদরজায় মানুষ বাস করে নিজের জগতে। পাশের ফ্ল্যাটে অসুস্থ কেউ কেমন আছে, তা জানার সময় নেই; কিন্তু তার ফেসবুক প্রোফাইলের ছবি দেখে আমরা ধারণা করি সবই ঠিকঠাক।"

সম্প্রীতি ফিরিয়ে আনার পথ: 'রিয়েল লাইফ আপডেট' ও মানবিক পাঠ্যক্রমের পুনর্বিন্যাস

প্রবন্ধের শেষাংশের সেই আশাব্যঞ্জক বাণী, "তবুও বাঙালির হৃদয়ে আশার প্রদীপ কখনো পুরোপুরি নিভে যায় না" —এই আশাকেই বাস্তবায়িত করতে পারে কেবল শিক্ষার আমূল রূপান্তর। প্রবন্ধের 'চূড়ান্ত আহ্বান' যেখানে বলেছে, "আমাদের দরকার একটুখানি বাস্তব জীবনে ফিরে দেখা---একটি 'রিয়েল লাইফ আপডেট'" —এই 'আপডেট' আসলে শিক্ষার একটি নতুন দর্শন। কী থাকবে সেই দর্শনে?

প্রথমত, পাঠ্যসূচিতে ফিরিয়ে আনতে হবে 'চিঠির যত্ন' ও 'অপেক্ষার শিল্প'। প্রবন্ধ লিখেছে, "যে সম্পর্ক অপেক্ষা করতে পারে, তার মেরুদণ্ড কখনো ভাঙে না" —এই বোধটি যদি কোনো শিক্ষার্থী অর্জন করে, তবে সে সহজে সম্পর্ককে 'ফেলে দেওয়া বোতল' ভাববে না। শিক্ষার পরীক্ষায় 'পারফেক্ট মার্কস'-এর পাশাপাশি দরকার 'ধৈর্যের স্কোর', 'সহমর্মিতার গ্রেড'। যেমন প্রবন্ধের রূপক, "সম্পর্কগুলো ছিল শাল কাঠের আসবাবের মতো---সময়ের হাত দিয়ে তৈরি, দৃঢ়, স্থায়ী" —শিক্ষাকেই সেই শাল কাঠের আসবাব তৈরির কর্মশালা হতে হবে।

দ্বিতীয়ত, 'পাড়ার ক্লাবঘরের' ধারণাকে শিক্ষার বাস্তব ক্ষেত্র বানাতে হবে। প্রবন্ধ স্মরণ করিয়ে দেয়, "পাড়ার চায়ের দোকান, ক্লাব বা মসজিদ ছিল সবার মিল স্থল... সেই বাস্তব উপস্থিতির জায়গায় এখন এসেছে ফোনের ডিসপ্লে।" শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি 'সাপ্তাহিক মানবিক মেলার' আয়োজন করে, যেখানে শিক্ষার্থীরা প্রতিবেশীর খোঁজ নেওয়া, বাস্তব সাহায্য প্রদান, সহমর্মিতার বাস্তব কর্মপ্রয়োগ শেখে, তবে 'ভার্চুয়াল প্রদর্শনী' বাস্তব কর্মে রূপ নিতে পারে। প্রবন্ধ যেমন কঠিন সত্য তুলে ধরে, "কেউ রাস্তায় আহত পড়ে আছে---ছুটে গিয়ে সাহায্য করার আগে আমরা ক্যামেরা অন করি" —এই মনোভাব বদলাতে হলে স্কুল-কলেজের 'সাহায্য সংস্কৃতি ক্লাব' তৈরি করতে হবে, যেখানে ভিডিও করা নয়, বরং এগিয়ে যাওয়াই শিক্ষার অংশ।

তৃতীয়ত, 'রক্ষকই ভক্ষক' এই বাস্তবতার বিরুদ্ধে দাঁড়ানোর মতো নৈতিক সাহস তৈরি করতে হবে শিক্ষার মাধ্যমে। প্রবন্ধের উদ্বেগ, "যখন আইন রক্ষার দায়িত্বে থাকা প্রহরীরাই হয়ে ওঠে অনাচারের সহযোগী... তখন সাধারণ মানুষের বিশ্বাস ছিঁড়ে যায়।" এই বিশ্বাস পুনর্গঠনে শিক্ষাকে 'দুর্নীতিবিরোধী নৈতিকতা' ও 'সামাজিক দায়িত্ববোধ' পাঠ্যসূচির অনিবার্য অংশ করতে হবে। 'কিশোর গ্যাং'-এর মতো ঘটনা, যাকে প্রবন্ধ "সমাজের ভেতরে জমে থাকা 'পোড়া তেলের ধোঁয়া'" বলে অভিহিত করেছে, তার প্রতিষেধক তৈরি করে কেবল শিক্ষা।

চতুর্থত, 'একলা বিল্ডিং'-এর সেই 'চাবির গোছা' মানসিকতা ভাঙতে শিক্ষাকে করতে হবে সম্পর্কের সেতু। প্রবন্ধ লিখেছে, "নিজের দরজা খোলার অসংখ্য চাবি আছে, কিন্তু অন্যের দরজায় পৌঁছানোর মতো একটি চাবিও নেই" —এই 'মাস্টার চাবি' তৈরি করতে পারে কেবল একটি মানবিক শিক্ষা। স্কুল পর্যায়ে 'প্রতিবেশী দিবস', কলেজে 'সামাজিক বন্ধন প্রকল্প', বিশ্ববিদ্যালয়ে 'জনহিতৈষী ইন্টার্নশিপ'—এইগুলো শিক্ষার অঙ্গ হলে প্রবন্ধের ভাষায় "আবার চিঠির যত্নে, আর মানবতাকে পাড়ার ক্লাবঘরের আন্তরিকতায় ফিরিয়ে আনা" সম্ভব।

সবশেষে, শিক্ষার লক্ষ্য হতে হবে প্রবন্ধের সেই চূড়ান্ত প্রশ্নটির উত্তর খোঁজা—"আপনি আজ কোন ছোট মানবিক পদক্ষেপটি দিয়ে শুরু করবেন?" যদি প্রতিটি ক্লাসরুম, প্রতিটি পরীক্ষার খাতা, প্রতিটি শিক্ষাবর্ষ এই প্রশ্নটির চর্চা করে, তবে প্রজন্ম শিখবে যে, 'লাইক' বা 'স্যাড রিয়্যাক্ট' নয়, বরং "একটি আসল হাসি ও আন্তরিক সাহায্যই মানবতাকে বাঁচিয়ে রাখে।" শিক্ষার এই 'রিয়েল লাইফ আপডেট'ই একদিন ফিরিয়ে আনবে সেই বাংলা, "যেখানে রূপকথার নরম আলোয় ভেজা গ্রাম ছিল সবুজ, পথ ছিল শান্ত, আর মানুষ ছিল মাটির মতোই বিনয়ী।"

বাংলাদেশের শিক্ষা সংস্কারের জন্য প্রবন্ধটির তাৎপর্য ও নীতিগত ইঙ্গিত

এই উপসম্পাদকীয়টি বাংলাদেশের শিক্ষা সংস্কারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি নীতিগত বার্তা বহন করে। প্রথমত, এটি স্পষ্ট করে যে ভবিষ্যতের শিক্ষা কেবল জিপিএ বা কর্মসংস্থানের প্রস্তুতি হতে পারে না; বরং সেটিকে হতে হবে “মানুষ তৈরির শিক্ষা”। অর্থাৎ শিক্ষাব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠন করতে হবে, যেখানে সহমর্মিতা, সহযোগিতা, সামাজিক দায়িত্ববোধ, নৈতিক সাহস এবং বাস্তব জীবনের মানবিক দক্ষতা পাঠ্যক্রমের কেন্দ্রে স্থান পায়।

বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থায় সামাজিক-আবেগিক শিক্ষা (Social and Emotional Learning বা SEL) কার্যত অনুপস্থিত। অথচ এই প্রবন্ধের প্রতিটি অনুচ্ছেদ যেন সেই ঘাটতির প্রতিধ্বনি। তাই প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পাঠ্যক্রমে আবেগ নিয়ন্ত্রণ, সম্পর্ক গঠন, সহনশীলতা, ডিজিটাল নাগরিকতা, সংঘাত সমাধান এবং কমিউনিটি সেবাভিত্তিক শিক্ষাকে বাধ্যতামূলক উপাদান হিসেবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। শিক্ষার্থীরা যদি ছোটবেলা থেকেই বাস্তব সামাজিক কাজে যুক্ত হয়—যেমন বৃদ্ধাশ্রম পরিদর্শন, স্থানীয় সমস্যার সমাধান, দলীয় মানবিক উদ্যোগ—তবে তাদের মানবিক চেতনা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে না।

দ্বিতীয়ত, এই প্রবন্ধটি ডিজিটাল যুগে “মানবিক প্রযুক্তি শিক্ষা”-র প্রয়োজনীয়তাকে সামনে আনে। বর্তমানে প্রযুক্তি ব্যবহারের দক্ষতা শেখানো হলেও প্রযুক্তির নৈতিক ব্যবহার, অনলাইন আচরণ, ভুয়া জনপ্রিয়তার মনস্তত্ত্ব কিংবা ভার্চুয়াল আসক্তির ঝুঁকি নিয়ে খুব কম আলোচনা হয়। ফলে শিক্ষার্থীরা প্রযুক্তির ব্যবহারকারী হলেও প্রযুক্তি-সচেতন নাগরিক হয়ে উঠতে পারছে না। বাংলাদেশের শিক্ষা সংস্কারে তাই “ডিজিটাল লিটারেসি”-র পাশাপাশি “ডিজিটাল হিউম্যানিটি” অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।

তৃতীয়ত, প্রবন্ধটি পরিবার ও বিদ্যালয়ের সম্পর্ক পুনর্গঠনেরও প্রয়োজনীয়তা তুলে ধরে। আজ বহু পরিবারে সময়ের সংকট, আর বিদ্যালয়ে পরীক্ষার চাপ—দুটোর মাঝখানে শিশুর আবেগিক বিকাশ হারিয়ে যাচ্ছে। তাই শিক্ষা সংস্কারে “Parent-School Partnership” বা পরিবার-বিদ্যালয় অংশীদারিত্বকে গুরুত্ব দিতে হবে। বিদ্যালয়কে শুধু পাঠদান কেন্দ্র নয়, বরং সামাজিক ও মানসিক বিকাশের নিরাপদ পরিসর হিসেবে গড়ে তুলতে হবে।

সবশেষে, এই লেখাটি আমাদের মনে করিয়ে দেয়—বাংলাদেশের শিক্ষা সংস্কারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেবল প্রযুক্তিগত আধুনিকায়ন নয়; বরং মানবিক পুনর্জাগরণ। কারণ সমাজের ভাঙা সম্পর্ক, কিশোর সহিংসতা, আস্থাহীনতা ও ডিজিটাল বিচ্ছিন্নতার সমাধান কেবল আইন বা প্রযুক্তি দিয়ে সম্ভব নয়। এর জন্য দরকার এমন এক শিক্ষাব্যবস্থা, যা শিশুকে শুধু সফল মানুষ নয়, বরং সংবেদনশীল মানুষ হিসেবে গড়ে তুলবে। যে শিক্ষা শিখাবে—মানবতা কোনো “স্যাড রিয়্যাক্ট” নয়; এটি একজন মানুষের পাশে বাস্তবে দাঁড়িয়ে থাকার সাহসের নাম।

চূড়ান্ত আহ্বান: সম্পর্কের ‘রিয়েল লাইফ আপডেট’—আবার হাসার প্রত্যাশা

তবুও বাঙালির হৃদয়ে আশার প্রদীপ কখনো পুরোপুরি নিভে যায় না। প্রতিকূলতার মাঝেও আমরা হাসি, মজা করি, কৌতুকের পর্দায় তুলে ধরি দুঃখের গভীরতম স্তরগুলো। হাসির আড়ালেই আমরা লুকিয়ে রাখি বদলে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা।

আমাদের দরকার একটুখানি বাস্তব জীবনে ফিরে দেখা—একটি ‘রিয়েল লাইফ আপডেট’। আমরা যদি চাই সমাজকে ফেরাতে সেই হারানো মানবতা, তবে সম্পর্ককে ফিরিয়ে আনতে হবে চিঠির ধৈর্য আর ক্লাবঘরের আন্তরিকতার কাছে। আমাদের হৃদয়ের দরজা থেকে অদৃশ্য তালা খুলে ফেলতে হবে।

হয়তো খুব বড় কিছু নয়—শুরুটা হতে পারে খুব ছোট্ট রকম; পাশের বাড়ির মানুষটির দরজায় কড়া নেড়ে জানতে চাওয়া, “কেমন আছেন?” আজ রাস্তায় কাউকে বিপদে দেখে এগিয়ে যাওয়া। ছোট অন্যায় হলেও গলা তুলে বলা, “এটা ঠিক হচ্ছে না।”

এই ছোট ছোট মানবিক পদক্ষেপগুলোই একসঙ্গে বড় নদীর মতো সমাজকে আবার প্রাণবন্ত করতে পারে। সম্পর্কের সেই ভাঙা আয়নাটি আবার জোড়া লাগতে পারে, যদি আমরা চাই। তাতে আমরা শুধু মুখ নয়, মানুষের মনও দেখতে পাব—আর সেটাই হবে এই সময়ের সবচেয়ে বড় জয়।

আপনি আজ কোন ছোট মানবিক পদক্ষেপটি দিয়ে শুরু করবেন?

✍️ অধ্যাপক . মাহবুব লিটু, উপদেষ্টা সম্পাদক, অধিকারপত্র (odhikarpatranews@gmail.com)

‘#BanglaFeature #HumanityCrisis #শিক্ষারসংস্কার #মানবতারসংকট #সামাজিকবিচ্ছিন্নতা #ডিজিটালসমাজ #মূল্যবোধেরঅবক্ষয় #কিশোরগ্যাং #সামাজিকবৈষম্য #দুর্নীতি #বাংলাফিচার #BanglaFeature #HumanityCrisis #SocialBreakdown #DigitalIsolation

 

 



আপনার মূল্যবান মতামত দিন: