odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 17th May 2026, ১৭th May ২০২৬
দুবাই ট্যাক্সি কোম্পানির নতুন নিয়োগ কার্যক্রম শুরু; বাংলাদেশি চালকদের দক্ষতা ও পরিশ্রমের প্রশংসা বিদেশি প্রতিনিধিদের

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

odhikarpatra | প্রকাশিত: ১৭ May ২০২৬ ১৬:৫৩

odhikarpatra
প্রকাশিত: ১৭ May ২০২৬ ১৬:৫৩

অধিকারপত্র ডটকম | নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১৬:৪৮ |

মূল প্রতিবেদন

চলতি বছরে বাংলাদেশ থেকে নতুন করে ৬ হাজার দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসেবে আগামীকাল থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের সাক্ষাৎকার শুরু হবে।

রোববার রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দল এ তথ্য জানায়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্ত্রী প্রতিনিধি দলকে বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

এ সময় দুবাইয়ে যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা করার আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ করেন।

দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি নাগরিক। বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও পরিশ্রমের কারণে তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় বলেও জানান তারা।

প্রতিনিধিরা আরও জানান, আগামীকাল থেকে শুরু হওয়া ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন করে প্রায় দেড় হাজার চালক যাচাই-বাছাই করা হবে। চলতি বছর মোট ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগে তারা আগ্রহী।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বিদেশে যেতে একজন বাংলাদেশি চালকের অনেক অর্থ ব্যয় হয়। অধিকাংশ কর্মী ঋণ নিয়ে বিদেশে পাড়ি জমান। তাই অভিবাসন ব্যয় কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার আহ্বান জানান তিনি।

এ সময় সংযুক্ত আরব আমিরাতে কর্মী পাঠানোর অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজের প্রতিনিধিরা জানান, ড্রাইভারের পাশাপাশি বাংলাদেশ থেকে ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগের বিষয়েও তারা আগ্রহী।

সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: