অধিকারপত্র ডটকম
জাতীয় ডেস্ক:
সরকার আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড বিতরণ শুরু হবে। এ কার্ডের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা দেশে ও বিদেশে বিভিন্ন আর্থিক ও সেবামূলক সুবিধা পাবেন।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রবাসী কার্ড বিষয়ক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক ক্ষমতায়ন, আন্তর্জাতিক ব্যাংকিং সুবিধা এবং সহজ আর্থিক লেনদেন নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের পর এবার চালু হচ্ছে প্রবাসী কার্ড।
প্রবাসী কার্ডধারীরা বিমানবন্দরের বিশেষ ইমিগ্রেশন সেবা, কমপ্লিমেন্টারি লাউঞ্জ সুবিধা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়, স্বাস্থ্যসেবা, বীমা সুবিধা, রেমিট্যান্স রিওয়ার্ড, ঋণ সুবিধা, জমি রেজিস্ট্রেশনসহ বিভিন্ন সরকারি ও আর্থিক সেবায় অগ্রাধিকার পাবেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং ২০২৭ সালের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণ করা হবে। দ্বিতীয় ধাপে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কার্ড-সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশনা দেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা যাতে এই সুবিধার আওতায় আসতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন।

আপনার মূল্যবান মতামত দিন: