odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 18th September 2026, ১৮th September ২০২৬
আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ৫ দিনে দেশে বাড়তে পারে বৃষ্টি, কোথাও ভারী বর্ষণের আভাস

odhikarpatra | প্রকাশিত: ১৮ September ২০২৬ ১৯:৪৬

odhikarpatra
প্রকাশিত: ১৮ September ২০২৬ ১৯:৪৬

অধিকারপত্র ডটকম, আবহাওয়া ডেক্স

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৬: আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি পরবর্তী সময়ে ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরেকটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লক্ষ্মীপুরের রামগতিতে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নারায়ণগঞ্জে, ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সকালে ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

এদিকে, শুক্রবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে এবং শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৬ মিনিটে।

 

আগামী ৫ দিনে দেশে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

#অধিকারপত্র #আবহাওয়া #বৃষ্টিরপূর্বাভাস #ভারীবর্ষণ #বাংলাদেশ #WeatherUpdate