অধিকারপত্র ডটকম, নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা, ১৮ সেপ্টেম্বর ২০২৬: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে। অপর শিশু ইকবাল হোসেন একই উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইকবাল তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবু বক্কর শেখের পুকুরপাড়ে খেলছিল।
একপর্যায়ে অসাবধানতাবশত প্রথমে একজন পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অন্য শিশুটিও পানিতে পড়ে ডুবে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে, পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
#অধিকারপত্র #সাতক্ষীরা #কালিগঞ্জ #শিশুমৃত্যু #পানিতে_ডুবে_মৃত্যু #বাংলাদেশ
